ঢাকা, জুন ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দুর্নীতির মামলায় কারাগারে আটক দলীয় আমির মাওলানা মতিউর রহমান নিজামী এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মুক্তি ছাড়া সংলাপে অংশ নেবে না জামায়াত।
রোববার মগবাজারে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদ। বর্তমান পরিস্থিতিতে দেশের সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বানও জানান তিনি।
তিনি বলেন, "মতিউর রহমান নিজামী ও চার দলীয় জোটনেত্রী খালেদা জিয়ার মুক্তি ছাড়া আমরা সরকারের সঙ্গে সংলাপে অংশ নেব না।"
পাশাপাশি শেখ হাসিনাকে ছাড়াও সংলাপ সফল হবে না বলে মন্তব্য করেন তিনি।
সরকারের উদ্দেশে মুজাহিদ বলেন, "বর্তমান সরকার সীমার বাইরে গিয়ে কাজ করছে। এর ফল ভাল হবে না।"
তিনি বলেন, "আমরা কিছু কিছু অশনি সঙ্কেত লক্ষ করছি। সরকার ও নির্বাচন কমিশনের ভূমিকায় সংসদ নির্বাচন অনিশ্চয়তার দিকে যাচ্ছে।"
মুজাহিদ অভিযোগ করেন, "নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ আলাদা করা হলেও অদৃশ্য শক্তির ইঙ্গিতে ন্যায়বিচারের দরজা বন্ধ হয়ে পড়েছে। জরুরি অবস্থা জনগণের মৌলিক অধিকার নষ্ট করেছে। এ কারণে জামিনযোগ্য মামলায়ও জামিন পাওয়া যাচ্ছে না। সরকার হটকারিভাবে সংবিধানের ওপর হস্তক্ষেপের চেষ্টা করছে।"
সংবাদ সম্মেলনে নিজামী ও খালেদার মুক্তিসহ পাঁচ দফা দাবিতে দলীয় কর্মসূচি ঘোষণা করা হয়।
এ দাবিতে ১৫ জুন পর্যন্ত গণস্বাক্ষর অভিযান, ২০ থেকে ২৬ জুন পর্যন্ত সারাদেশে 'অধিপত্যবাদ ও সাম্রাজ্যবাদবিরোধী সপ্তাহ' পালন, ২৭ জুন সংবিধান সংরক্ষণ দিবস পালন, ২৮ জুন দেশের সব মহানগরীতে, ২৯ জুন সব জেলায় এবং ৩০ জুন সব উপজেলায় মানববন্ধন কর্মসূচি পালন করবে জামায়াত।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমইউএ/আরএ/এসএনডি/১৭২৩ ঘ.
bdnews24