ঢাকা, জুন ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- শেখ হাসিনার নিঃশর্ত মুক্তিসহ ছয় দফা দাবিতে শনিবার থেকে ঢাকা মহানগর ছাড়া দেশব্যাপী আওয়ামী লীগের গণস্বাক্ষর কর্মসূচি শুরু হচ্ছে। আগামী ৩০ জুন পর্যন্ত এই কর্মসূচি চলবে।
বর্ধিত সভার পর গত ২৭ ও ২৮ মে অনুষ্ঠিত আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের বৈঠক থেকে এই কর্মসূচি ঘোষণা করা হয়।
হাসিনার মুক্তি ও সুচিকিৎসা নিশ্চিত করতে বিদেশ যাওয়ার সুযোগ দেওয়া ছাড়া অন্য দাবিগুলো হচ্ছে জরুরি অবস্থা পুরোপুরি প্রত্যাহার ও ঘরোয়া রাজনীতির সব নিষেধাজ্ঞা প্রত্যাহার, রাজনৈতিক নেতাদের সব মামলা প্রত্যাহার, রাজবন্দীদের মুক্তি, গণমাধ্যমের ওপর 'হস্তক্ষেপ' বন্ধ, নির্বাচনের তফসিল ঘোষণা ও সীমানা পুনর্নির্ধারণ স্থগিত, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ, অবিলম্বে যুদ্ধাপরাধীদের বিচার ও নির্বাচনে তাদের অংশগ্রহণ নিষিদ্ধ করা এবং বঙ্গবন্ধুকে 'স্বমহিমায় প্রতিষ্ঠিত' করা ও তার হত্যাকাণ্ডের বিচার সম্পন্ন ।
গণস্বাক্ষর কর্মসূিচ সফল করতে ইতোমধ্যে দলের সব জেলা-উপজেলায় গণস্বাক্ষরের ফরম পাঠানো হয়েছে।
এর আগে শেখ হাসিনার নিঃশর্ত মুক্তিসহ পাঁচ দফা দাবিতে ঢাকা মহানগর আওয়ামী লীগ গত এপ্রিল মাসে নগরীর সব এলাকা থেকে প্রায় ২৫ লাখ মানুষের স্বাক্ষর সংগ্রহ করে। পরে এই ২৫ লাখ স্বাক্ষরসম্বলিত স্মারকলিপি প্রধান উপদেষ্টার কার্যালয় এবং ঢাকায় অবস্থানরত বিভিন্ন দেশের দূতাবাস ও উন্নয়ন সহযোগীদের কাছে দেওয়া হয়।
আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগ দেশ-বিদেশে ও যুব মহিলা লীগ ঢাকা মহানগরীতে গণস্বাক্ষর অভিযান চালায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এমএআর/এসকে/১১৪৭ঘ.
bdnews24