খুলনা, জুন ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সংসদ নির্বাচন অনুষ্ঠানে প্রতিবন্ধকতা সৃষ্টির জন্য সরকার নানা রকম ফন্দি ফিকির করছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় সভাপতি রাশেদ খান মেনন।
তিনি বলেন, "জাতীয় নির্বাচনের আগে কোনো অবস্থাতেই স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠান করতে দেওয়া হবে না।"
শুক্রবার সন্ধ্যায় নগরীর জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে ওয়ার্কার্স পার্টি খুলনা জেলা কমিটির এক কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মেনন এ কথা বলেন।
স্থানীয় সরকার নির্বাচনে বিজয়ী রাজনীতিকদের দলীয় পদ ত্যাগ করার নির্বাচন কমিশনের প্রস্তাবের সমালোচনা করে তিনি বলেন, "স্থানীয় সরকার ব্যবস্থায় রাজনীতিকে মেধাহীন করতে এ ধরনের পদক্ষেপ নেওয়ার চেষ্টা চলছে।"
মেনন আরও বলেন, "সংবিধান সংশোধন বা সংবিধান পর্যালোচনা কমিশন গঠনের কোনো এখতিয়ার তত্ত্বাবধায়ক সরকারের নেই।"
বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির খুলনা জেলা সম্পাদক ও পলিট ব্যুরো সদস্য হাফিজুর রহমান ভ্ইুয়ার সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য রাখেন- আজিজুর রহমান, শেখ সাঈদুর রহমান, মিনা মিজানুর রহমান, জাহাঙ্গীর আলম সবুজ, উজ্জল কুণ্ডু প্রমুখ।
সমাবেশ শেষে মেনন খুলনা প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২১৩০ ঘ.
bdnews24