ঢাকা, জুন ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--সরকারের গঠিত মেডিকেল বোর্ডের চিকিৎসকরা শুক্রবার বিকেলে সংসদ ভবনের বিশেষ কারাগারে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষা করেছেন।
৫ সদস্যের চিকিৎসক বোর্ড সোয়া ৪টা থেকে ৫টা পর্যন্ত তার স্বাস্থ্য পরীক্ষা করেন।
পরে কারা উপ মহাপরিদর্শক মেজর সামসুল হায়দার ছিদ্দিকী সাংবাদিকদের বলেন,''মেডিকেল বোর্ডের ৫ সদস্য সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষা করেছেন। তার দুই হাঁটু ও ঘাড়ে ব্যথা রয়েছে। তিনি দীর্ঘদিন ধরে হাঁটুর আর্থরাইটিস রোগে ভুগছেন। চিকিৎসকরা সাবেক প্রধানমন্ত্রীর সঙ্গে তার সমস্যা সম্পর্কে কথা বলেছেন। ''
এক প্রশ্নের জবাবে মেজর ছিদ্দিকী বলেন, "আমরা মেডিকেল বোর্ডের প্রতিবেদন অনুযায়ী ব্যবস্থা নেব। তিনি সম্মত হলে তাকে হাসপাতালেও পাঠাবো।"
চক্ষু বিশেষজ্ঞ অধ্যাপক সালেহ আহমেদের নেতৃত্বে বোর্ডের অন্য সদস্যরা হচ্ছেন, মেডিসিন বিশেষজ্ঞ অধ্যাপক রাজিবুল আলম , অর্থোপেডিক বিশেষজ্ঞ মো. শহিদুজ্জামান, সলিমুল্লাহ মেডিকেল কলেজের অধ্যাপক এম এ মান্নান ও স্বাস্থ্য অধিদপ্তরের সহকারি পরিচালক মমতাজ উদ্দিন আহমেদ।
বৃহস্পতিবার কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর স্বাস্থ্য পরীক্ষা করে মেডিকেল বোর্ড।
এই তিন বিশিষ্ট বন্দীর সর্বশেষ শারীরিক অবস্থা যাচাই করাই মেডিক্যাল বোর্ড গঠনের উদ্দেশ্য বলে কারা কর্তৃপক্ষ জানিয়েছেন।
এর আগে কারা মহা পরির্দশক ব্রিগেডিয়ার জেনারেল মো. জাকির হাসান শুক্রবার সকালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, '' সর্বশেষ শারীরিক অবস্থা যাচাই করে দেখার জন্যই সরকারের পক্ষ থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং খালেদা জিয়া ও তার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর জন্য মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে।"
এদের কাউকে চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর লক্ষ্যে মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে কিনা সে বিষয়ে নিশ্চিত করে কিছু বলেননি মো. জাকির হাসান। এ সংক্রান্ত প্রশ্নের জবাবে তিনি শুধু বলেন,'' বিষয়টি আমরা জানি না। এটা সরকারের উচ্চ পর্যায়ের সিদ্ধান্তের ব্যাপার। তবে মেডিক্যাল বোর্ডের প্রতিবেদনের ওপর সব কিছু নির্ভর করবে। আমরা যতটুকু জানি শুধু তাদের শারীরিক অবস্থা জানতেই বোর্ড করা হয়েছে। আমরা শুধু মেডিকেল বোর্ডের সদস্যদের সহযোগিতা করেছি মাত্র।"
এদিকে শেখ হাসিনা চিকিৎসার জন্য বিদেশে যেতে এখনো আগ্রহী বলে জানিয়েছে আওয়ামী লীগ। দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম শুক্রবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমরা জানি সভানেত্রীর শারীরিক অবস্থা খুবই খারাপ। তিনি নিজেই চাচ্ছেন যেন তার বিদেশে চিকিৎসা হোক। আমরা সবাই চাই তিনি বিদেশে গিয়ে সুস্থ হয়ে দেশে ফিরে আসুন।"
কারা উপমহাপরিদর্শক মেজর সামসুল হায়দার ছিদ্দিকী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন, বৃহস্পতিবার দুপুরে চার সদস্যের মেডিকেল বোর্ড বিশেষ কারাগারে এক ঘন্টা ধরে শেখ হাসিনার স্বাস্থ্য পরীক্ষা করে। এর পরই বঙ্গবন্ধু মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন আরাফাত রহমান কোকোর স্বাস্থ্য পরীক্ষা করে আরেকটি বোর্ড।
শেখ হাসিনার জন্য গঠিত চার সদস্যের মেডিকেল বোডের্র নেতৃত্ব দিচ্ছেন জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালক অধ্যাপক সৈয়দ মারুফ আলী।
কোকোর মেডিক্যাল বোর্ডের নেতৃত্ব দিচ্ছেন বক্ষব্যাধি হাসপাতালের পরিচালক অধ্যাপক মুস্তাফিজুর রহমান।
শেখ হাসিনাকে চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর অনুরোধ জানিয়ে ইতিমধ্যে প্রধান উপদেষ্টা ড. ফখরুদ্দীন আহমদের কাছে দল এবং পরিবারের পক্ষ থেকে চিঠি দেওয়া হয়। মহানগর আওয়ামী লীগও এজন্য স্মারকলিপি দিয়েছিল।
খালেদা জিয়া গত বুধবার বিশেষ আদালতে উপস্থিত হয়ে সরকারের কাছে তার ছেলে তারেক ও কোকোকে চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এসএম/এসইউএম/এএনএস/এমএস/এসকে/১৮০৪ঘ.
bdnews24