ঢাকা, জুন, ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দুর্নীতি মামলায় দণ্ডপ্রাপ্ত অ্যাডভোকেট সিগমা হুদা ও ব্যারিস্টার মীর হেলালউদ্দিনকে তিন মাসের জামিন দিয়েছে হাইকোর্ট।
জরুরি ক্ষমতা আইনের মামলাতে স্বল্প দণ্ডের ক্ষেত্রে গুরুতর অসুস্থ আসামির জামিন আবেদন আপিল আদালত বিবেচনা করতে পারবে- আপিল বিভাগের এরকম একটি অভিমতের প্রেক্ষাপটে তাদের জামিন দেওয়া হয়েছে।
সিগমা হুদা ও মীর হেলালের আবেদনের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার বিচারপতি মো. আব্দুল কুদ্দুস ও সৈয়দ মো. জিয়াউল করিমের বেঞ্চ এ আদেশ দেন।
গত বছর ২৭ আগস্ট একটি ঘুষের মামলার রায়ে সাবেক যোগাযোগমন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদার স্ত্রী সিগমা হুদাকে ৩ বছর কারাদণ্ড দেয় ঢাকার বিশেষ জজ আদালত। ওই মামলায় নাজমুল হুদাকে ৭ বছর কারাদণ্ড দেয়া হয়।
দুর্নীতি দমন কমিশন গতবছর ২২ মার্চ ধানমন্ডি থানায় এ মামলা দায়ের করে। মামলার অভিযোগে বলা হয়, ব্যারিস্টার নাজমুল হুদা ঠিকাদার মীর জাহিদের কাছ থেকে ২ কোটি ৪০ লাখ টাকা ঘুষ নেন। ঘুষের টাকা জমা হয় খবরের অন্তরালে পত্রিকার প্রকাশক সিগমা হুদার ব্যাংক অ্যাকাউন্টে।
অন্যদিকে সম্পত্তির তথ্য গোপন ও অবৈধভাবে সম্পদের মালিক হওয়ার একটি মামলায় ঢাকার বিশেষ আদালত গত ৪ জুলাই সাবেক বিমান প্রতিমন্ত্রী মীর নাসিরকে ১৩ বছর কারাদণ্ড দেয়। বাবাকে দুর্নীতিতে সহযোগিতা করার অভিযোগে ছেলে মীর হেলালকে দেয়া হয় ৩ বছর কারাদণ্ড।
সিগমা ও হেলাল নিম্ন আদালতের রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করে জামিন চাইলে গত বছর ১৩ ডিসেম্বর হাইকোর্ট তাদের জামিন দেয়। আদালতের আদেশের বলা হয়, দুর্নীতির অপরাধে দণ্ডপ্রাপ্ত ব্যক্তিকে জামিন দেওয়ার ক্ষমতা হাইকোর্টের আছে।
দুর্নীতি দমন কমিশন হাইকোর্টের এই আদেশের বিরুদ্ধে আপিল করলে গত ৬ মার্চ আপিল বিভাগ সিগমা ও হেলালের জামিন বাতিল করে দেয়। আপিল বিভাগের আদেশে বলা হয়, জরুরি ক্ষমতা আইনে দণ্ডপ্রাপ্তদের জামিন দেওয়ার ক্ষমতা আপিল আদালতের নেই। তবে স্বল্প দণ্ডের ক্ষেত্রে গুরুতর অসুস্থ আসামির জামিন আবেদন আপিল আদালত বিবেচনা করতে পারবে। সেক্ষেত্রে মেডিকেল বোর্ডের সনদ প্রয়োজন হবে।
এছাড়া ৯০ দিনের মধ্যে আপিল নিষ্পত্তি না হলে আপিল আদালত দণ্ডপ্রাপ্ত ব্যক্তির জামিন আবেদন বিবেচনা করতে পারবে বলে ওই রায়ে জানানো হয়।
আপিল বিভাগের এই অভিমতের আলোকে সিগমা হুদা ও মীর হেলাল আবার জামিন আবেদন করলে হাইকোর্ট বৃহস্পতিবার তাদের আবার জামিন দেয়।
সিগমা হুদার পক্ষে শুনানিতে অংশ নেন ব্যারিস্টার রফিক উল হক। মীর হেলালের পক্ষে শুনানি পরিচালনা করেন সিনিয়র অ্যাডভোকেট খন্দকার মাহবুবউদ্দিন আহমাদ।
জরুরি ক্ষমতা বিধিমালার ১১ (৩) বিধিতে বলা হয়েছে, দুর্নীতির অভিযোগে দণ্ডাদেশপ্রাপ্ত ব্যক্তি নিম্ন আদালতের রায়ের বিরুদ্ধে আপিল করলে আপিল বিভাগ আপিল চলাকালীন সময়ে তাকে জামিন দিতে বা নিম্ন আদালতের রায় স্থগিত করতে পারবে না।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/জেকে/এমএইচবি/২৩০২ ঘ.
bdnews24