ঢাকা, জুন ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ১৯৯৮ সালে জমির ভুয়া দলিল ব্যাংকে রেখে ঋণ নেয়ার মামলায় বেক্সিমকো হোল্ডিংসের ভাইস চেয়ারম্যান সালমান এফ রহমান, আরব বাংলাদেশ (এবি) ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক সি এম কয়েস সামীসহ ১০ জনের বিরুদ্ধে অভিযোগের প্রমাণ পায়নি দুর্নীতি দমন কমিশন।
এ কারণে ওই মামলায় বৃহস্পতিবার আদালতে চূড়ান্ত প্রতিবেদন দিয়ে আসামিদের অব্যহতি দেয়ার আবেদন জানিয়েছেন কমিশনের তদন্ত কর্মকর্তা।
কমিশনের উপ-পরিচালক মো. মজিবুর রহমান বৃহস্পতিবার বিকেলে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে (সিএমএম) এই চূড়ান্ত প্রতিবেদন দেন।
অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম মো. গোলাম রাব্বানী প্রতিবেদনে স্বাক্ষর করে আদেশের জন্য ঢাকা মহানগর সিনিয়র বিশেষ জজ আদালতে পাঠিয়ে দেন।
মামলার বাকি আসামিরা হলেন- আরব বাংলাদেশ ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক মো. আবু হানিফ খান, সাবেক ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক এম এ আওয়াল, সাবেক শাখা ব্যবস্থাপক তৌহিদুল ইসলাম, বেক্সিমকো হোল্ডিংসের চেয়ারম্যান সোহেল এফ রহমান, তিন পরিচালক ইকবাল আহমেদ, এম এ কাশেম, ওসমান কায়সার চৌধুরী ও কোম্পানি সচিব বিনয় কৃষ্ণ নাথ।
কমিশনের সহকারী পরিচালক মো. মাহবুবুল আলম ২০০৭ সালের ১ অক্টোবর মতিঝিল থানায় এ মামলা দায়ের করেন।
এজাহারে বলা হয়, অভিযুক্তরা পরস্পর যোগসাজসে ১৯৯৮ সালে প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে প্রায় ১৫২ একর জমির ভুয়া দলিল বন্ধক রেখে বেক্সিমকো প্রপার্টি ডেভোলভমেন্ট এন্ড ম্যানেজমেন্ট লিমিটেডের নামে আরব বাংলাদেশ ব্যাংকের প্রধান শাখা থেকে ঋণ নেন।
চূড়ান্ত প্রতিবেদনে উপ-পরিচালক মো. মজিবুর রহমান বলেন, যে ঋণের জন্য ওই জমি বন্ধক রাখা হয়েছিল বেক্সিমকো সেই ঋণ সম্পূর্ণ পরিশোধ করেছে। এ কারণে ব্যাংক কর্তৃপক্ষও ঋণ গ্রহীতাদের বিরুদ্ধে কোনো অভিযোগ আনেনি। এ কারণে মামলা থেকে আসামিদের অব্যাহতি দেয়ার আবেদন করা হচ্ছে।
আসামিদের মধ্যে সালমান এফ রহমান এখন কারাগারে আছেন। গত ৪ ফেব্র"য়ারি তাকে গ্রেপ্তার করে যৌথবাহিনী।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/একেএম/জেকে/এমএইচবি/২২৫৮ ঘ.
bdnews24