রাজশাহী, জুন ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বর্তমান সরকারকে সেনা নিয়ন্ত্রিত সরকার উল্লেখ করে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেছেন, "জাতীয় নিরাপত্তা কাউন্সিলের নামে এ সরকার রাজনীতিতে সেনা নিয়ন্ত্রণ আরোপের চেষ্টা চালাচ্ছে।"
তিনি বলেন, "বর্তমান সরকার সংবিধান সংশোধনের চেষ্টা করছে। একটি অনির্বাচিত সরকারের সংবিধান সংশোধনের কোন এখতিয়ার নেই।"
বৃহস্পতিবার বিকেলে রাজশাহীর স্থানীয় একটি রেস্তোরাঁয় পার্টির কর্মী সম্মেলনে রাশেদ খান মেনন এ কথা বলেন।
তিনি অবিলম্বে জরুরি অবস্থা প্রত্যাহারের দাবি জানিয়ে বলেন, "জনমনে আতঙ্ক ছড়ানোর নতুন কৌশল হিসেবে চলমান গণগ্রেপ্তার অভিযান চালানো হচ্ছে।"
জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠান সরকারের অশুভ প্রয়াস বলে তিনি উল্লেখ করেন। "জাতীয় সংসদের আগে সরকার স্থানীয় সরকার নির্বাচনের উদ্যোগ নিলে আমরা আন্দোলনের মাধ্যমে তা প্রতিহত করব।" বলেন তিনি।
মেনন বলেন, "নির্বাচনই দেশে গণতান্ত্রিক অবস্থা ফিরিয়ে আনতে পারে। বর্তমান সরকারের প্রথম ও প্রধান দায়িত্ব হল নির্বাচন করা।"
"সংসদীয় আসনের সীমানা নির্ধারণের মত একটি জটিল বিষয়ে হাত দিয়ে সরকার নির্বাচন থেকে সরে আসার চেষ্টা করছে।" অভিযোগ করেন তিনি।
চলমান সংলাপ বিষয়ে মেনন বলেন, "সংলাপে কোন এজেন্ডা নেই- সরকার এটা বললেও মূলত আটটি বিষয় নিয়ে রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ করা হচ্ছে। এর মধ্যে উল্লেখযোগ্য হল- নির্বাচন হলে তা মেনে নেওয়া, জাতীয় সনদ, সরকারের সংস্কার মেনে নেওয়া, জাতীয় স্থিতিশীলতা প্রভৃতি।"
তিনি বলেন, "বড় রাজনৈতিক দলের অংশগ্রহণ ছাড়া সংলাপ সফল হবে না। শেখ হাসিনার মুক্তি নিয়ে আইনগত জটিলতার কথা বলা হচ্ছে। অথচ যুগে যুগে এধরনের কোন আইনের প্রয়োজন হয়নি। সরকার ইচ্ছে করলেই তাকে মুক্তি দিতে পারেন।"
দেশের আজকের এই পরিস্থিতির জন্য বিএনপি জামায়াত জোট সরকারকে দায়ী করে মেনন বলেন, "তারেক রহমানের নেতৃত্বে দেশটাকে তারা দুর্নীতির কুঠুরি বানিয়ে ছিল।"
২১ আগস্টের গ্রেনেড হামলায় বিএনপির স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও জামায়াতের জঙ্গিদের দায়ী করে তিনি বলেন, "বিএনপি তাদের আশ্রয় প্রশ্রয় দিয়েছে। বাজশাহী অঞ্চলে বাংলাভাই বাহিনীর উত্থানের পেছনেও তাদের হাত রয়েছে। এখন ঐক্যের কথা বলা হচ্ছে। কিন্তু যুদ্ধাপরাধী জামায়াতকে নিয়ে কোনদিন জাতীয় ঐক্য হবে না।"
সংবাদপত্রকে নিয়ন্ত্রণ করা হচ্ছে বলে অভিযোগ করে মেনন বলেন, "কোন সংবাদ ছাপা হবে আর কোন সংবাদ ছাপা হবে না সে ব্যাপারেও বিভিন্ন পত্রিকায় নির্দেশনা দেওয়া হচ্ছে। রহস্যজনকভাবে পত্রিকার সম্পাদক এমনকি মালিকানা পরিবর্তন হচ্ছে।"
পার্টির রাজশাহী মহানগর কমিটির সাধারণ সম্পাদক লিয়াকত আলী লিকুর সভাপতিত্বে সম্মেলনে আরও বক্তব্য রাখেন, পার্টির পলিট ব্যুরোর সদস্য ফজলে হোসেন বাদশা, রাজশাহী জেলা সম্পাদক রফিকুল ইসলাম পিয়ারুল, নাটোর জেলা সম্পাদক আবুল হাসেম প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/এমএইচবি/২১৪৪ ঘ.
bdnews24