ঢাকা, জুন ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভাসমান বিদ্যুৎ কেন্দ্র দুর্নীতি মামলা বাতিলের জন্য শেখ হাসিনার আবেদনের ওপর বৃহস্পতিবার শুনানি গ্রহণ শুরু করেছে হাইকোর্ট। আগামী রোববার পরবর্তী শুনানি অনুষ্ঠিত হবে।
বিচারপতি খাদেমুল ইসলাম চৌধুরী ও বিচারপতি মাশুক হোসেন আহমেদের বেঞ্চে বৃহস্পতিবার হাসিনার পক্ষে শুনানি করেন তার আইনজীবী ব্যারিস্টার রফিক উল হক ও ব্যারিস্টার শফিক আহমেদ।
তারা বলেন, ভাসমান বিদ্যুৎ কেন্দ্র দুর্নীতি মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ আনা হয়েছে। রাজনৈতিক হয়রানির জন্যই তার বিরুদ্ধে মামলা করা হয়েছে।
শুনানিতে তারা আরো বলেন, বঙ্গবন্ধু ট্রাস্টের সুবিধাভোগী শেখ হাসিনা নন। এর সুবিধাভোগী ১২শ শিশু। শেখ হাসিনা সেখান থেকে কোনো অর্থ গ্রহণ না করায় তার বিরুদ্ধে মামলা হতে পারে না। তাছাড়া, সমস্ত প্রক্রিয়া অনুসরণ করে বৈধভাবেই ভাসমান বিদ্যুত কেন্দ্র স্থাপনের কাজ দেওয়া হয়েছে। সেখানে কোনো দুর্নীতি হয়নি।
মামলাটি বাতিলের জন্য গত ২ জুন শেখ হাসিনা হাইকোর্টে আবেদন করেছিলেন। আবেদনে সাবেক এই প্রধানমন্ত্রী মামলার কার্যক্রম স্থগিতের পাশাপাশি জামিনও চেয়েছেন।
নির্ধারিত ৬০ দিনের মধ্যে বিচার শেষ না করায় এ মামলাটির বিচার কার্যক্রম চলার বৈধতা চ্যালেঞ্জ করে শেখ হাসিনার দায়ের করা আরেকটি রিট গত ১ জুন খারিজ করে দেয় হাইকোর্টের একটি বেঞ্চ।
বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টের নামে তিন কোটি টাকা ঘুষ নিয়ে বেসরকারি খাতে তিনটি ভাসমান বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের কাজে বিশেষ সুবিধা দেওয়ার অভিযোগে দুর্নীতি দমন কমিশন গত বছর ২ সেপ্টেম্বর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সাত জনের বিরুদ্ধে তেজগাঁও থানায় মামলা করে।
গতবছর ২০ সেপ্টেম্বর মামলাটি জরুরি ক্ষমতা বিধিমালায় অন্তর্ভুক্ত করে সরকার। গত ১১ জানুয়ারি এ মামলায় অভিযোগপত্র দেওয়া হয়।
১৩ জানুয়ারি মামলাটি বিচারের জন্য আমলে নেন সংসদ ভবনে অবস্থিত ঢাকার ১ নং বিশেষ জজ আদালত। ওই আদালত গত ১৮ মে এ মামলাটিতে হাসিনাসহ সকল আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন শেষ করেন।
শেখ হাসিনাকে গত বছর ১৬ জুলাই আটক করে যৌথবাহিনী। এ মামলায় হাসিনাকে গত বছর ১৯ সেপ্টেম্বর গ্রেপ্তার দেখানো হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এসএনডি/২১১৪ ঘ.
bdnews24