ঢাকা, জুন ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) -- পরিবেশগত সমস্যা সমাধানে জনসচেতনা সৃষ্টি করে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহবান জানিয়েছে আওয়ামী লীগ।
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বৃহস্পতিবার দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশনের সেমিনার হলে আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক উপ-কমিটি আয়োজিত গোল টেবিল বৈঠকে দলটির নীতিনির্ধারকরা এই আহবান জানিয়েছেন।
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এবং সাবেক বন ও পরিবেশমন্ত্রী সৈয়দা সাজেদা চৌধুরী পরিবেশ রক্ষায় আওয়ামী লীগের সময়ে নেওয়া বিভিন্ন কর্মকান্ডের বিবরণ তুলে ধরে বলেন, "পরিবেশ এখন বিপন্ন। পরিবেশগত সমস্যা সমাধানে জনসচেতনতা সৃষ্টি করে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।"
মানব ও পানি সম্পদের যথাযথ ব্যবহার নিশ্চিত করতে পারলে বাংলাদেশের পরিবেশগত সমস্যার সমাধান হয়ে যাবে বলে অভিমত দেন সাবেক পানি সম্পদমন্ত্রী এবং আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর আরেক সদস্য আব্দুর রাজ্জাক। সুন্দরবনকে রক্ষা করতে না পারলে তিন কোটি মানুষ ঘর-বাড়ি হারাবে বলে সতর্ক করে দেন তিনি।
আব্দুর রাজ্জাক রাজধানীর পাশ দিয়ে বয়ে যাওয়া মৃতপ্রায় বুড়িগঙ্গাকে দূষণমুক্ত করা ও পরিকল্পিত নগরায়নের ওপর গুরুত্বারোপ করে বলেন, "ভূ-গর্ভস্থ পানির ব্যবহার বন্ধ করতে হবে।
গোল টেবিল বৈঠকে আরো বক্তব্য দেন দলের সাংগঠনিক সম্পাদক আব্দুল মান্নান, শিক্ষা বিষয়ক সম্পাদক নূরুল ইসলাম নাহিদ, মহিলা বিষয়ক সম্পাদক ডা.দীপু মণি প্রমুখ। সঞ্চালকের ভূমিকা পালন করেন বন ও পরিবেশ সম্পাদক ডা. হাসান মাহমুদ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এসকে/১৩৪৮ঘ.
bdnews24