ঢাকা, জুন ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গ্রেপ্তারের নয় মাস পর মা সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার দেখা পেলেন ছোট ছেলে আরাফাত রহমান কোকো।
গ্যাটকো মামলায় অভিযোগ গঠনের শুনানির সময় বুধবার সকাল সাড়ে ১০টার দিকে সংসদ ভবনের বিশেষ জজ আদালতে মা-ছেলের এই সাক্ষাৎ হয়।
গত বছরের ৩ সেপ্টেম্বর খালেদা জিয়া ও কোকোকে সেনানিবাসের শহীদ মইনুল সড়কের বাসা থেকে একসঙ্গে গ্রেপ্তার করা হয়। এরপর বুধবারই প্রথম দেখা হয় তাদের।
গত ১৮ জানুয়ারি খালেদা জিয়ার মা তৈয়বা মজুমদারের মৃত্যুর পর ১৯ জানুয়ারি আরাফাত রহমান কোকো, তারেক রহমান ও খালেদা জিয়াকে পর্যায়ক্রমে প্যারোলে মুক্তি দেওয়া হয়। তবে একজন চলে যাওয়ার পর আরেকজনকে নিয়ে আসার কারণে তখন কেউ কারো দেখা পাননি।
বুধবার আদালতে প্রবেশ করে কাঠগড়ায় ওঠার আগে খালেদা জিয়া ট্রলিতে বসা কোকোর কাছে গিয়ে কপালে চুমু দেন। ছেলের মাথায় হাত বুলিয়ে আদর করার সময় আবেগপ্রবণ হয়ে পড়েন তিনি।
এ সময়ে কোকো কান্নাজড়ানো কণ্ঠে মাকে কিছু বলছিলেন। তার হাত দুটি কাঁপছিল তখন।
কোকোকে রাখার স্থানটির ওপরে কোনো ফ্যান ছিল না। এটাও মায়ের দৃষ্টিতে পড়ে। কাঠগড়ায় বসার পর খালেদা জিয়া বারবার ছেলের দিকে তাকাচ্ছিলেন। তার কোনো অসুবিধা হচ্ছে কিনা- সেটি কারাপুলিশের মাধ্যমে বারবার জানছিলেন তিনি।
শুনানি চলার সময় বেলা সোয়া ১১টার দিকে কোকো অসুস্থ হয়ে পড়েন। এ সময় তার মুখে অক্সিজেন মাস্ক পড়ানো হয়। পরে আদালতের অনুমতি নিয়ে সাড়ে ১১টার দিকে কোকোকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
কোকোর আইনজীবী মাহবুবউদ্দিন খোকন বিচারকের কাছে আবেদন জানিয়ে বলেন, এমন অসুস্থ অবস্থায় পরবর্তী সময়ে কোকোকে যেন আদালতে আনার নির্দেশ না দেওয়া হয়।
গ্যাটকো মামলার অভিযোগ গঠনের শুনানিতে খালেদা জিয়া ও আরাফাত রহমান কোকোসহ ১৭ আসামিকে সকাল সাড়ে ১০টায় সংসদ ভবনে স্থাপিত বিশেষ জজ আদালত- ৩ এ হাজির করা হয়।
গত বছর গ্রেপ্তার হওয়ার পর খালেদা জিয়াকে দ্বিতীয়বারের মতো এবং কোকোকে প্রথমবারের মতো আদালতে নেওয়া হলো।
আরাফাত রহমান কোকোকে বুধবার সকালে অ্যাম্বুলেন্সে করে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতাল থেকে বিশেষ জজ আদালতে আনা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/পিসি/এমএআর/এসএনডি/১৭৩৪ ঘ.
bdnews24