২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খালেদা-মান্নান: দেখা হলেও কথা হয়নি

এক বছর পর দেখা হলেও খালেদা জিয়ার সঙ্গে কথা হয়নি আবদুল মান্নান ভূঁইয়ার। গ্যাটকো মামলার অভিযোগ গঠনের শুনানিতে বুধবার সংসদ ভবনের বিশেষ আদালতে হাজির করা হয় কারাবন্দি খালেদা জিয়া ও মান্নান ভূঁইয়াকে। একই কাঠগড়ায়ই বসেছিলেন তারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jun 2008, 10:53 AM

Updated : 26 Aug 2022, 01:56 PM

ঢাকা, জুন ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এক বছর পর দেখা হলেও খালেদা জিয়ার সঙ্গে কথা হয়নি আবদুল মান্নান ভূঁইয়ার। গ্যাটকো মামলার অভিযোগ গঠনের শুনানিতে বুধবার সংসদ ভবনের বিশেষ আদালতে হাজির করা হয় কারাবন্দি খালেদা জিয়া ও মান্নান ভূঁইয়াকে। একই কাঠগড়ায়ই বসেছিলেন তারা। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে আদালতে হাজির করা হলে হাসিমুখে দাঁড়িয়ে সালাম জানান বিএনপির বহিষ্কৃত মহাসচিব মান্নান ভূঁইয়া। আদালতে শুনানি শেষে কাঠগড়ায় থাকা মামলার আসামি ও নিজের মন্ত্রিসভার সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মতিউর রহমান নিজামীর সঙ্গে কথা বলেন খালেদা জিয়া। কিন্তু এ সময় উপেক্ষিত ছিলেন ওই মন্ত্রিসভার সদস্য ও দলের সাবেক মহাসচিব মান্নান ভূঁইয়া। খালেদা জিয়ার সঙ্গে মান্নান ভূঁইয়ার এ সাক্ষাৎ ছিল এক বছর পর। গত বছর ৩০ মে শেরেবাংলা নগরে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে ফুল দেওয়ার সময় তাদের দেখা হয়। এর প্রায় এক মাস পর ২৫ জুন দলে 'সংস্কার প্রস্তাব' উত্থাপন করেন মান্নান ভূঁইয়া। সংবাদ সম্মেলনের মাধ্যমে দেওয়া ওই ১৫ দফা সংস্কার প্রস্তাবে বিএনপিতে চেয়ারপারসনের ক্ষমতা কমানোর কথা বলেন মান্নান ভূঁইয়া। মান্নান ভূঁইয়ার প্রস্তাবে বলা হয়, কাউন্সিল সদস্যদের সরাসরি ভোটে তিন বছরের জন্য দলের চেয়ারপারসন নির্বাচিত হবেন। একই ব্যক্তি দুই মেয়াদের বেশি চেয়ারপার্সন পদে থাকতে পারবেন না। যিনি প্রধানমন্ত্রী হবেন তাকে চেয়ারপার্সনের পদ ছাড়তে হবে। যারা ইতোমধ্যে দুই মেয়াদ বা ছয় বছরের বেশি সময় চেয়ারপার্সন ছিলেন, তাদের ক্ষেত্রেও এ নিয়ম প্রযোজ্য হবে। এর ধারাবাহিকতায় বিএনপিতে 'সংস্কারপন্থী' ও 'খালেদাপন্থী' দুটি ধারা পরিচিতি লাভ করে। ৩ সেপ্টেম্বর গ্রেপ্তারের দিন মহাসচিব মান্নান ভূঁইয়াকে বহিষ্কার করেন খালেদা জিয়া। সে পদে মনোনয়ন দিয়ে যান খোন্দকার দেলোয়ার হোসেনকে। বুধবার আদালতে আইনজীবী হিসাবে খোন্দকার দেলোয়ারসহ সাত জনের সঙ্গে কথা বলেন খালেদা জিয়া। সকালে কঠোর নিরাপত্তার মধ্যে সাবেক মন্ত্রী আবদুল মান্নান ভুঁইয়া, খন্দকার দেলোয়ার হোসেন, এম শামসুল ইসলাম, এম কে আনোয়ার, মতিউর রহমান নিজামী আসামিদের কাঠগড়ায় ওঠানো হয়। তারা বসেন কাঠের লম্বা সোফায়। কাঠগড়ায় রাখা একটিমাত্র চেয়ারে বসেন খালেদা জিয়া। ১১ টায় খালেদা জিয়াকে কাঠগড়ায় আনা হয়। তিনি কাঠগড়ায় উঠেই তার মন্ত্রিসভার সদস্যদের সালাম জানান। বলেন, "কেমন আছেন।" কাঠের সোফায় বসা ড. মোশাররফ, মতিউর রহমান নিজামী, এম শামসুল ইসলাম ও আবদুল মান্নান ভুঁইয়া দাঁড়িয়ে সাবেক প্রধানমন্ত্রীকে সালাম জানান। বিচারক চলে যাওয়ার পর খালেদা জিয়া ড. মোশাররফ ও নিজামীর সঙ্গে কথা বলেন। ওই সময় মান্নান ভুঁইয়া পেছনে দাঁড়িয়ে থাকলেও তার সঙ্গে কথা বলেননি খালেদা জিয়া। এর আগে আদালতে ঢুকে মান্নান ভুঁইয়া কয়েকজন আইনজীবীর সঙ্গে করমর্দন করেন। আইনজীবী সারিতে বসা অ্যাডভোকেট খোন্দকার দেলোয়ার হোসেনের সঙ্গে করমর্দন করেই তিনি কাঠগড়ায় উঠে যান। গ্যাটকো দুর্নীতি মামলা দায়েরের সময় খালেদা জিয়া ও কোকাসহ ১৩ জনকে আসামি করা হয়। তবে ওই সময় সাবেক মন্ত্রীদের কাউকে আসামি করা হয়নি। পরে মামলার অভিযোগপত্রে সাইফুর রহমান, মান্নান ভূঁইয়া, নিজামীসহ খালেদা জিয়ার মন্ত্রিসভার নয় সদস্যকে আসামি করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমআই/১৬৪৪ ঘ.