ঢাকা, জুন ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চলমান সংলাপকে 'সাজানো নাটক' আখ্যায়িত করে কারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বলেছেন, বর্তমান সরকার '৮৬ সালের মতো একটি নির্বাচন করতে চাইছে। জুনের মধ্যে জরুরি অবস্থা তুলে নিয়ে অক্টোবরের মধ্যে জাতীয় নির্বাচনের দাবি পুনর্ব্যক্ত করেছেন তিনি। নিজের ও সন্তানদের বিরুদ্ধে দায়ের করা মামলা ভিত্তিহীন দাবি করে সাবেক এ প্রধানমন্ত্রী অভিযোগ করেছেন, কারাগারে তার দুই সন্তানের ওপর নির্যাতন চালানো হয়েছে।
গ্যাটকো দুর্নীতি মামলার অভিযোগ গঠনের শুনানিতে বুধবার খালেদা জিয়াকে সংসদ ভবনের আদালতে হাজির করা হয়। ওই সময় আদালতের অনুমতি নিয়ে মামলাসহ বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন তিনি।
খালেদা জিয়া বলেন, "সরকার সংলাপ চায় না। এটা তাদের সাজানো নাটক। নির্বাচন অনুষ্ঠানের তাদের সদিচ্ছা থাকলে সংলাপে বড় দলগুলো কেন যেতে পারছে না, তা বিবেচনা করত।"
সরকারের বিরুদ্ধে দল ভাঙার 'ষড়যন্ত্র'র অভিযোগ করে তিনি বলেন, "তারা বিএনপিকে ভাঙার ষড়যন্ত্র করছে; বড় দলগুলোর এমন অবস্থা করেছে, যেন তারা নির্বাচনে অংশ নিতে না পারে। সরকার '৮৬ সালের মতো এরশাদ স্টাইলের নির্বাচন করতে চায়।"
বর্তমান সরকারের বৈধতা নিয়ে প্রশ্ন তুলে বিএনপি প্রধান বলেন, "তত্ত্বাবধায়ক সরকারের ৯০ দিনের মধ্যে নির্বাচন করে জনপ্রতিনিধির কাছে ক্ষমতা ছেড়ে দেওয়ার কথা। কিন্তু তারা তা করছে না। এ সরকারের এভাবে ক্ষমতায় থাকার কোনও এখতিয়ার নেই। হাইকোর্টও বলেছেন, ৯০ দিনের মধ্যে তত্ত্বাবধায়ক সরকারের নির্বাচন করতে হবে।"
জরুরি অবস্থা এ মাসের মধ্যেই তুলে নেওয়ার দাবি জানিয়ে তিনি বলেন, "জুনের মধ্যে জরুরি অবস্থা তুলে নিয়ে অক্টোবরের মধ্যে নির্বাচন দিতে হবে। বর্তমান সরকার এতোই জনপ্রিয় যদি হয়, তবে জরুরি অবস্থা বহাল রেখেছে কেন?"
বিশেষ আদালতে মামলার বিচার প্রক্রিয়াকে 'ক্যামেরা ট্রায়াল' আখ্যায়িত করে মামলাগুলো জরুরি বিধিমালায় অন্তর্ভুক্তিরও নিন্দা জানান খালেদা জিয়া।
প্রচলিত আদালতে মামলার বিচার দাবি করে খালেদা জিয়া বলেন, "আমি কোনও অন্যায় করিনি; দেশের জন্য কাজ করেছি। আমি ন্যায় ও সুবিচার চাই। উন্মুক্ত আদালতে বিচারের ব্যবস্থা করুন।"
রাজনীতিবিদদের হয়রানি করতে মামলা করা হচ্ছে অভিযোগ করে খালেদা জিয়া বলেন, "সরকার জনপ্রিয় রাজনীতিবিদদের নির্বাচনে অযোগ্য করতে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে। জনগণের কাছে রাজনীতিবিদদের ভাবমূর্তি ক্ষুণ
bdnews24