২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গ্যাটকো মামলায় খালেদা, মান্নান, নিজামী আদালতে

গ্যাটকো দুর্নীতি মামলায় অভিযোগ গঠনের শুনানিতে কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে বুধবার সংসদ ভবনের বিশেষ আদালতে হাজির করা হয়। হাজির করা হয় মামলার আসামি সাবেক মন্ত্রী আবদুল মান্নান ভূঁইয়া, খন্দকার মোশাররফ হোসেন, এম শামসুল ইসলাম, এম কে আনোয়ার, মতিউর রহমান নিজামী এবং খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোকেও। বুধবার শুনানি শেষে আদালত আগামী ১০ জুন শুনানির পরবর্তী তারিখ নির্ধারণ করেছে। (আরও তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jun 2008, 07:15 AM

Updated : 26 Aug 2022, 01:56 PM

ঢাকা, জুন ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গ্যাটকো দুর্নীতি মামলায় অভিযোগ গঠনের শুনানিতে কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে বুধবার সংসদ ভবনের বিশেষ আদালতে হাজির করা হয়। হাজির করা হয় মামলার আসামি সাবেক মন্ত্রী আবদুল মান্নান ভূঁইয়া, খন্দকার মোশাররফ হোসেন, এম শামসুল ইসলাম, এম কে আনোয়ার, মতিউর রহমান নিজামী এবং খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোকেও। বুধবার শুনানি শেষে আদালত আগামী ১০ জুন শুনানির পরবর্তী তারিখ নির্ধারণ করেছে। বুধবার সংসদ ভবনের বিশেষ আদালত-৩ এ গ্যাটকো মামলার অভিযোগ গঠনের শুনানি হয়। সংসদ ভবন এলাকার বিশেষ কারাগার থেকে খালেদা জিয়াকে আদালতে আনা হয় সকাল ১১টার দিকে। এরআগে ১০টার দিকে খালেদার ছোট ছেলে কোকোকে বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের প্রিজন সেল থেকে আদালতে আনা হয়। প্রায় একই সময়ে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে একটি প্রিজন ভ্যানে করে নিয়ে আসা হয় আবদুল মান্নান ভূঁইয়া, ড. খন্দকার মোশাররফ হোসেন, এম শামসুল ইসলাম, এম কে আনোয়ার ও মতিউর রহমান নিজামীকে। গ্যাটকো দুর্নীতি মামলার আসামির সংখ্যা ২৪ জন। কারাগারে থাকা ১৭ আসামিকে বুধবার আদালতে হাজির করা হয়। আসামির সংখ্যা বেশি হওয়ায় আদালতের কাঠগড়ার আকৃতি বাড়ানো হয়। বসানো হয় লম্বা কাঠের সোফা ও একটি কাঠের চেয়ার। চেয়ারটিতে বসেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। এ মামলায় খালেদা জিয়ার পক্ষে অ্যাডভোকেট খোন্দকার দেলোয়ার হোসেন, সাবেক অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল আবদুর রেজ্জাক খানসহ শতাধিক আইনজীবী অংশ নেন। এম শামসুল ইসলামের পক্ষে সুপ্রিমকোর্টের সিনিয়র আইনজীবী এম এ মালেক শুনানিতে অংশ নেন। সকাল ১১টায় শুনানি শুরু হলে খালেদার আইনজীবী সাবেক অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল আবদুর রেজ্জাক খান আদালতকে বলেন, "মামলার নথিপত্র আমরা এখনও পাইনি। এ অবস্থায় মামলার কার্যক্রম শুরু হতে পারে না।" পরে বিচারক শাহেদ নুরউদ্দিন নথি দেখানোর আদেশ দেন। এর ফাঁকে খালেদা জিয়া আদালতের কাছে কথা বলার অনুমতি চাইলে বিচারক তাকে ৫ মিনিট কথা বলার সময় দেন। তবে তিনি ১৮ মিনিট কথা বলেন। বক্তব্যে তিনি সরকার, দেশের বর্তমান পরিস্থিতি, ১১ জানুয়ারি ও মামলার বিষয়ে কথা বলেন। এ সময় বিচারক তিন দফা সাবেক প্রধানমন্ত্রীকে বক্তব্য সংক্ষিপ্ত করতে বলেন। খালেদা তার বক্তব্যে তার বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন বলে দাবি করেন। বক্তব্যের এক পর্যায়ে খালেদা জিয়া বলেন, "জজ সাহেবরা স্বাধীনভাবে মতামত দিতে পারছেন না। তাদের ওপর অহি নাজিল হয়। জজ সাহেবকে যা বলে দেওয়া হয়, তাই তাকে করতে হচ্ছে।" ওই সময় বিচারক বলেন, "না, এটা আপনি ঠিক বলছেন না। কোন অহি নাজিল হয় না। আমি ম্বাধীন।" এরপর আদালতের উদ্দেশে খালেদা বলেন, "আপনার কাছে আমি স্বাধীন ও সুবিচার প্রার্থনা করছি।" খালেদার বক্তব্য শেষে আদালতের অনুমতি নিয়ে ব্যারিস্টার আবদুর রাজ্জাকসহ কয়েকজন আইনজীবীও কথা বলেন। এরপর বিশেষ আদালতে গ্যাটকোর পরিচালক সৈয়দ গালিব আহমেদ, সৈয়দ তানভীর আহমেদ ও মৃত নৌমন্ত্রী আকবর হোসেনের ছেলে ইসমাইল হোসেন সায়মন-এর আইনজীবীরা নিম্ন আদালতে দেওয়া তাদের স্বীকারোক্তিমূলক জবাবনন্দি প্রত্যাহারের আবেদন জানায়। পরে আদালতের অনুমতি নিয়ে খালেদা জিয়া তার অ্যাডভোকেট খোন্দকার দেলোয়ার হোসেন, সানাউল্লাহ মিয়া, মাসুদ আহমেদ তালুদকার, ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন, ব্যারিস্টার নওশাদ জমির, রিজভী আহমেদ ও খোরশেদ আলম এই সাত আইনজীবীর সঙ্গে ৪০ মিনিট কথা বলেন। দুপুর পৌনে ২ টার দিকে খালেদা জিয়াকে পুনরায় বিশেষ কারাগারে নেওয়া হয়। এর আগেই অপর অপর আসামিদের কারাগারে ফেরত নেওয়া হয়। অসুস্থ হয়ে পড়ায় কোকোকে আদালতেই অক্সিজেন মাস্ক পরানো হয়। সাড়ে ১১টার দিকে তাকে বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এদিকে, দুপুরে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আ স ম হান্নান শাহ বিশেষ আদালতে প্রবেশের করতে গেলে তাকে আইন প্রয়োগকারীর সংস্থার সদস্যরা বাধা দেন। পরে তিনি ফিরে যান। খালেদা জিয়াকে আদালতে হাজির করার খবরে বুধবার সকাল থেকেই সংসদ ভবনের পূর্ব দিকে মনিপুরী পাড়া এলাকায় জড়ো হয় বিএনপির নেতা-কর্মীরা। দুর্নীতি দমন কমিশনের উপ-পরিচালক গোলাম শাহরিয়ার চৌধুরী গত বছরের ২ সেপ্টেম্বর তেজগাঁও থানায় খালেদা জিয়া ও কোকোসহ ১৩ জনের বিরুদ্ধে এ মামলা দায়ের করে। মামলার পরদিনই খালেদা জিয়া ও কোকোকে গ্রেপ্তার করা হয়। মামলা দায়েরের সময় খালেদা জিয়া ছাড়া সাবেক কোনও মন্ত্রীকে আসামি করা হয়নি। তদন্ত শেষে গত ১৩ মে ঢাকার মহানগর হাকিমের আদালতে মামলার অভিযোগপত্র দেন দুর্নীতি দমন কমিশনের উপ-পরিচালক মোহাম্মদ জহিরুল হুদা। এতে আগের ১৩ জনের সঙ্গে জোট সরকারের নয় জন মন্ত্রীসহ মোট ২৫ জনকে আসামি করা হয়। তবে আসামিদের মধ্যে সাবেক নৌমন্ত্রী আকবর হোসেন মারা যাওয়ায় তাকে অব্যাহতি দেওয়া হলে আসামির সংখ্যা ২৪ জনে দাঁড়ায়। আসামিদের মধ্যে খালেদা জিয়া, আবদুল মান্নান ভুঁইয়া, ড. খন্দকার মোশাররফ হোসেন, এম শামসুল ইসলাম, এম কে আনোয়ার, মতিউর রহমান নিজামী, খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোসহ ১৭ জন বর্তমানে কারাগারে আছেন। সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমান, বাণিজ্যমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরীসহ সাত আসামি পলাতক রয়েছেন। মামলাটি বিচারের জন্য গত ২৮ মে সংসদ ভবনের বিশেষ আদালতে পাঠান মহানগর সিনিয়র বিশেষ জজ মো. আজিজুল হক। মামলার অভিযোগপত্রে বলা হয়, আসামিরা ক্ষমতার অপব্যবহার করে চট্টগ্রাম বন্দর ও কমলাপুরের কন্টেইনার ডিপো পরিচালনার দায়িত্ব গ্লোাবাল অ্যাগ্রো ট্রেড কোম্পানির (গ্যাটকো) হাতে ছেড়ে দেন। এতে রাষ্ট্রের প্রায় ১৫ কোটি টাকা ক্ষতি হয়েছে। এছাড়া সাবেক নৌ-পরিবহনমন্ত্রী আকবর হোসেনের ছেলে ইসমাইল হোসেন সায়মন ও কোকো ঠিকাদারের কাছ থেকে দুই কোটি ১৯ লাখ টাকারও বেশি আর্থিক সুবিধা নিয়েছেন। গ্যাটকো মামলায় খালেদা জিয়াসহ তার মন্ত্রিসভার আসামিদের মধ্যে রয়েছেন- এম সাইফুর রহমান, আবদুল মান্নান ভূঁইয়া, খন্দকার মোশাররফ হোসেন, এম শামসুল ইসলাম, এম কে আনোয়ার, আমীর খসরু মাহমুদ চৌধুরী, এ কে এম মোশাররফ হোসেন ও মতিউর রহমান নিজামী। অপর আসামিরা হলেন- খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকো, সাবেক নৌ-পরিবহন সচিব জুলফিকার হায়দার চৌধুরী, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের দুই সাবেক চেয়ারম্যান কমোডর জুলফিকার আলী পিএসসি ও এএনএম শাহাদত হোসেন, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সাবেক পরিচালক (পরিবহন) এ এম সানওয়ার হোসেন, বন্দরের প্রধান অর্থ ও হিসাবরক্ষণ কর্মকর্তা আহমদ আবুল কাশেম, বন্দরের সাবেক সদস্য লুৎফুল কবীর, এ কে রশিদ উদ্দিন আহমেদ, সাবেক নৌ-পরিবহনমন্ত্রী আকবর হোসেনের ছেলে ইসমাইল হোসেন সায়মন, গ্যাটকোর পরিচালক সৈয়দ গালিব আহমেদ, সৈয়দ তানভির আহমেদ, এ কে এম মুসা কাজল, এহসান ইউসুফ, শাহজাহান এ হাসিব এবং নিউ ডিওএইচএস-এর বাসিন্দা জাহানারা আনসার। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/পিসি/আরএ/এএল/এমআই/১৬০৭ ঘ.