২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টাঙ্গাইল পৌর চেয়ারম্যানের বিরুদ্ধে পৃথক দুটি মামলা

অবৈধভাবে সম্পদ অর্জন, তথ্য গোপন ও চাঁদাবাজির অভিযোগে টাঙ্গাইল পৌরসভার চেয়ারম্যান জামিলুর রহমান মিরনের বিরুদ্ধে পৃথক দুটি মামলা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jun 2008, 02:24 PM

Updated : 26 Aug 2022, 01:56 PM

টাঙ্গাইল, জুন ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অবৈধভাবে সম্পদ অর্জন, তথ্য গোপন ও চাঁদাবাজির অভিযোগে টাঙ্গাইল পৌরসভার চেয়ারম্যান জামিলুর রহমান মিরনের বিরুদ্ধে পৃথক দুটি মামলা হয়েছে। প্রায় ২১ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জন ও চার লাখ টাকার সম্পদের তথ্য গোপনের অভিযোগে টাঙ্গাইল জেলা দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক শফিউদ্দিন আহমেদ মঙ্গলবার দুপুরে টাঙ্গাইল মিরনের বিরুদ্ধে সদর থানায় একটি মামলা করেন। এ মামলায় তার স্ত্রী জান্নাতুল ফেরদৌস রুনুকেও আসামি করা হয়েছে। চাঁদা আদায়, ভয়ভীতি, মারপিট ও ভাঙচুরের অভিযোগে মিরনের বিরুদ্ধে সোমবার রাতে সদর থানায় একটি মামলাটি করেন পৌর এলাকার ভবানীপুর পাতুলী পাড়ার ব্যবসায়ী রফিকুল ইসলামের স্ত্রী রহিমা বেগম। পৌর চেয়ারম্যান মিরন বর্তমানে টাঙ্গাইল জেলহাজতে রয়েছেন। তার স্ত্রী পলাতক। টাঙ্গাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফ হোসেন জানান, দুর্নীতি দমন কমিশনের করা মামলার অভিযোগে বলা হয়েছে, জামিলুর রহমান মিরন সম্পদের যে হিসাব বিবরণী জমা দিয়েছেন তাতে ২০ লাখ ৭১ হাজার ৩৪৮ টাকা ৮৯ পয়সা জ্ঞাত আয় বহির্ভূত। এছাড়া ৩ লাখ ৮৮ হাজার ৩শ' টাকার সম্পদের তথ্য গোপন করেছেন তিনি। অভিযোগে বলা হয়, মিরনের দাখিলকৃত সম্পদের হিসাব বিবরণী পর্যালোচনা করে অসঙ্গতি পাওয়া গেছে। তার নিজের এবং স্ত্রীর নামে সম্পদ রয়েছে ৫৫ লাখ ৯ হাজার ৫১৮ টাকার। এর মধ্যে তার স্ত্রীর নামেই রয়েছে ৩৫ লাখ ৪৬ হাজার টাকার স্থাবর-অস্থাবর সম্পদ ও স্বর্ণালংকার। এগুলো বৈবাহিক সূত্রে পেয়েছেন বলে উল্লেখ রয়েছে। পৌর চেয়ারম্যান আয়ের উৎস সঠিকভাবে দেখাননি। তার আয়ের উৎস উল্লেখ করা হয়েছে ঠিকাদারী ব্যবসা ও চেয়ারম্যান হিসেবে প্রাপ্ত সম্মানী। ওসি আশরাফ হোসেন আরও জানান, পৌর এলাকার ভবানীপুর পাতুলী পাড়ার ব্যবসায়ী রফিকুল ইসলামের স্ত্রী রহিমা বেগম সোমবার রাতে মিরনের বিরুদ্ধে একটি মামলা করেছেন। মামলার অপর আসামিরা হলেন- সদর উপজেলার কচুয়াডাঙ্গা গ্রামের আবদুল মালেক, গোলাম মোস্তফা হিটলু, মিন্টু ভেন্ডার। মামলার অভিযোগে তাদেরকে মিরনের সহযোগী হিসেবে উল্লেখ করা হয়েছে। অভিযোগে বলা হয়, ২০০৬ সালের ২৮ জুন সকাল ১১ টায় চাঁদাবাজির উদ্দেশ্যে কৃষক শ্রমিক জনতা লীগ নেতা ও পৌর চেয়ারম্যান জামিলুর রহমান মিরনসহ তার সঙ্গীরা রহিমা বেগমের বাড়িতে গিয়ে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করেন। তারা বাড়ির লোকজনকে মারপিট করে ২৫ হাজার টাকা ছিনিয়ে নেন। অবশিষ্ট টাকা না দেওয়ায় তারা রহিমা বেগম ও পরিবারের সদস্যদের ভয়ভীতি দেখান। আসামিদের ভয়ে তিনি এতদিন মামলা করতে সাহস পাননি বলে মামলার অভিযোগে উল্লেখ করেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২০১৯ ঘ.