ঢাকা, জুন ১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নাইকো দুর্নীতি মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আবারও পিছিয়েছে। আসামি পক্ষের আইনজীবীরা মামলাসংক্রান্ত প্রয়োজনীয় কাগজপত্র না পাওয়ার কারণ জানিয়ে সময়ের আবেদন জানালে শুনানির তারিখ পিছিয়ে ৫ জুন ধার্য করা হয়েছে।
রোববার সংসদ ভবনের বিশেষ জজ আদালত-২ এর বিচারক অমর কুমার রায় এদিন ধার্য করেন। (আরও তথ্যসহ)
এদিন মামলাটিতে হাসিনাকে জামিন দেওয়ার আবেদন জানান তার আইনজীবীরা। উভয় পক্ষের আইনজীবীরা এর ওপর প্রায় পৌনে দুই ঘণ্টা শুনানিতে অংশ নেন। বিচারক এ বিষয়েও ৫ জুন আদেশ দেবেন জানান।
শেখ হাসিনার আইনজীবী সৈয়দ রেজাউর রহমান আদালতকে বলেন, "রাজনৈতিক উদ্দেশ্যে এ মামলা দায়ের করা হয়েছে। ঘটনার সঙ্গে তার কোনো সংশ্লিষ্টতা নেই। প্রধানমন্ত্রী হিসেবে তিনি শুধু প্রস্তাবিত নীতিমালা তৈরি অনুমোদন করেছেন। এতে দেশের কোনো ক্ষতি হয়নি।"
তিনি আরও বলেন,"এই সরকারের নির্দেশ অমান্য করে শেখ হাসিনা দেশে ফিরেছেন এ অপরাধেই তার বিরুদ্ধে ১৫টি মিথ্যা মামলা দেওয়া হয়েছে। এই মামলার অন্য আসামিরা জামিনে রয়েছেন। এই অবস্থায় তার জামিন দেওয়া হোক। জামিন দেওয়ার এখতিয়ার এই আদালতের রয়েছে।"
রাষ্ট্রপক্ষের আইনজীবী এবিএম শরফুদ্দিন খান মুকুল আদালতকে বলেন, "এই আদালতে তারা কোনো আসামির জামিন চাইতেই পারে না। মামলাটিতে জরুরি বিধিমালায় না থাকলেও এর কার্যক্রম পরিচালিত হচ্ছে জরুরি বিধিমালা অনুযায়ী। তাছাড়া এই মামলায় শেখ হাসিনাসহ অন্য আসামিদের সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া গেছে।"
শুনানি শেষে বিচারক এ বিষয়ে আদেশ দেওয়ার দিন ধার্য করেন। তিনি শেখ হাসিনার সঙ্গে তার আইনজীবীদের মামলার বিষয়ে আলোচনার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেন। এছাড়াও আগামী দুইদিন আসামি পক্ষের আইনজীবীদের মামলার আলামত দেখার জন্য সময় নির্ধারণ করেন তিনি।
সকাল ১০টার দিকে হাসিনাকে বিশেষ কারাগার থেকে বিশেষ জজ আদালতে হাজির করা হয়। এসময় এ মামলার আরও দুই আসামি সাবেক জ্বালানি সচিব ড. তৌফিক-ই-ইলাহী চৌধুরী এবং সাবেক বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অধ্যাপক রফিকুল ইসলামও আদালতে হাজির করা হয়।
মামলার অন্য আসামিরা হলেন, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক মুখ্য সচিব ড. এস এ সামাদ, সাবেক জ্বালানি সচিব ড. এম আকমল হোসেন, পেট্রোবাংলার সাবেক চেয়ারম্যান মো. মোশাররফ হোসেন, নাইকো রিসোর্সেস বাংলাদেশ লি. এর ভাইস প্রেসিডেন্ট কাশেম শরীফ, বহির্সম্পদ বিভাগের সাবেক সচিব ড. এ কে এম মশিউর রহমান ও পেট্রোবাংলার সাবেক পরিচালক সৈয়দ আনোয়ারুল হক।
মশিউর রহমান ও আনোয়ারুল হকের নাম মামলার এজাহারে ছিল না। তদন্তের পর তাদের নাম অভিযোগপত্রে যুক্ত করা হয়।
ক্ষমতার অপব্যবহার করে তিনটি গ্যাসক্ষেত্র পরিত্যক্ত দেখিয়ে বিদেশি কোম্পানি নাইকোর হাতে 'তুলে দেওয়ার' অভিযোগে দায়ের করা মামলায় শেখ হাসিনাসহ ৯ জনের বিরুদ্ধে ৭ মে আদালতে অভিযোগপত্র দাখিল করেন দুর্নীতি দমন কমিশনের উপ পরিচালক এম এম সাব্বির হাসান ।
অভিযোগপত্রে বলা হয়েছে, আসামিরা যোগসাজশ করে বিনা টেন্ডারে ছাতক, কামতা ও ফেনী গ্যাস ক্ষেত্রের ১ হাজার ৭৯৪ ট্রিলিয়ন ঘনফুট গ্যাস নাইকোকে উত্তোলনের সুযোগ দিয়ে রাষ্ট্রের ১৩ হাজার ৬৩০ কোটি ৫০ লাখ টাকার ক্ষতি করেছেন।
মামলাটিতে অভিযোগ গঠনের শুনানির জন্য প্রথমে দিন ধার্য করা হয় ২৬ মে। কিন্তু আসামি পক্ষের আইনজীবীদের আবেদনের পরিপ্রেক্ষিতে তা পিছিয়ে ১ জুন করা হয়েছিল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/এফএফ/জিএনএ/এমএইচবি/১৯৪৪ ঘ.
bdnews24