ঢাকা, জুন ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যুদ্ধাপরাধীদের বিচারের দাবির পাশাপাশি কেউ যুদ্ধাপরাধীদের সঙ্গে আঁতাত করলে তাদের বিরুদ্ধেও প্রতিরোধ গড়ার আহ্বান জানিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)।
রোববার সেক্টর কমান্ডারস ফোরামের সঙ্গে মতবিনিময় সভায় সিপিবি এ আহ্বান জানিয়েছে বলে ফোরামের এক সংবাদ বিজ্ঞপ্তি জানানো হয়।
রাজধানীর বনানীতে ফোরাম কার্যালয়ে ওই সভায় সিপিবি নেতারা বলেন, দুর্নীতির চেয়ে বড় অপরাধ যুদ্ধাপরাধ। এ অপারাধের বিচার না হলে দেশে কখনোই আইনের শাসন প্রতিষ্ঠিত হবে না।
মতবিনিময় সভায় সেক্টর কমান্ডারস ফোরামের পক্ষে অবসরপ্রাপ্ত মেজর জেনারেল কে এম সফিউল্লাহ, সি আর দত্ত, এম মাসুদুর রহমান, অবসরপ্রাপ্ত মেজর রফিকুল ইসলাম, অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল আবু ওসমান চৌধুরী, ডা. সারওয়ার আলী ও আনোয়ার কবির উপস্থিত ছিলেন।
সিপিবির পক্ষে ছিলেন দলের সভাপতি মনজুরুল আহসান খান, সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম সেলিম, সহিদুল্লাহ চৌধুরী, এম এম আকাশ, রুহিন হোসেন প্রিন্স, লক্ষ্মী চক্রবর্তী ও সাজ্জাদ জহির চন্দন।
সভা শেষে মনজুরুল আহসান খান বলেন, বর্তমানে দু'জন যুদ্ধাপরাধী মতিউর রহমান নিজামী ও সালাহউদ্দিন কাদের চৌধুরী দুর্নীতির অভিযোগে কারাগারে আছেন। কিন্তু যুদ্ধাপরাধের মতো বড় অপরাধের জন্য সরকার তাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করছে না।
সরকার রাজনৈতিক নেতাদের বিরুদ্ধে অনেক পুরোনো মামলা সচল করলেও যুদ্ধাপরাধীদের ব্যাপারে কোনো সিদ্ধান্ত নিচ্ছে না বলেও অভিযোগ করেন তিনি।
সভায় জনগণকে সঙ্গে নিয়ে যুদ্ধাপরাধীর বিরুদ্ধে আন্দোলন চালিয়ে যাওয়ার ব্যাপারে ঐক্যমত্য হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/একেএম/এসএনডি/১৭০৫ ঘ.
bdnews24