২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তারা ঐক্যের বদলে বিএনপিকে বিভক্ত করছে: হাফিজ

খোন্দকার দেলোয়ারপন্থী অংশের নেতাদের প্রতি ইংগিত করে বিএনপির সংস্কারপন্থী অংশের নেতা অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ বলেছেন, ঐক্যের বদলে তারা দলকে বিভক্ত করছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 May 2008, 01:48 PM

Updated : 26 Aug 2022, 01:55 PM

ঢাকা, মে ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খোন্দকার দেলোয়ারপন্থী অংশের নেতাদের প্রতি ইংগিত করে বিএনপির সংস্কারপন্থী অংশের নেতা অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ বলেছেন, ঐক্যের বদলে তারা দলকে বিভক্ত করছে। শনিবার এক আলোচনা অনুষ্ঠানে তিনি বলেন, "ঐক্যের জন্য আমরা উদ্যোগী হলেও অপর পক্ষের সাড়া পাচ্ছি না। বরং তারা নির্বাচিত জনপ্রতিনিধিদের দল থেকে বহিষ্কার করছে। তারা কার স্বার্থে এভাবে দলকে বিভক্ত করছে তা আমাদের জানতে হবে।" বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ২৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে রাজধানীর বনানীতে ক্রিসেন্ট রেসিডেন্স কমিউনিটি সেন্টারে এই আলোচনা সভার আয়োজন করা হয়। হাফিজউদ্দিন আহমেদ বলেন, "ব্যক্তি বিশেষের কারণে দল বিভক্ত থাকতে পারে না। বিএনপির নেত্রী খালেদা জিয়া। এ দলে কেন বিভক্তি থাকবে?" দলে সংস্কারের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে তিনি বলেন, "সংস্কার খারাপ কিছু না। দলের ভেতরে গণতন্ত্রায়ন ও নির্বাচিত কমিটি গঠনের লক্ষ্যেই সংস্কার প্রস্তাব দেওয়া হয়েছে। এই প্রস্তাব দিয়ে আমরা কোনো ভুল করিনি। এ ব্যাপারে আমাদের নেত্রীরও সমর্থন রয়েছে। তিনি মুক্ত হয়ে কাউন্সিলের মাধ্যমে তা বাস্তবায়ন করবেন।" হাফিজউদ্দিন আহমেদ চেয়ারপারসন খালেদা জিয়াসহ দলের সব নেতার মুক্তি দাবি করেন। আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জেড এ খান, এম এ হাকিম, সাবেক সাংসদ শাহ মোহাম্মদ আবুল হোসাইন, নাজির হোসেন, এস এ সুলতান টিটো, জহির উদ্দিন স্বপন, সাংবাদিক কাজী সিরাজ, যুবদল নেতা আলী আক্কাস নাদিম, হুমায়ুন কবীর, সাবেক ওয়ার্ড কমিশনার নবী উল্লাহ নবী প্রমুখ বক্তব্য রাখেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/জেকে/এমএ/১৯৪০ ঘ.