২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খনি দুর্নীতি মামলায় সাবেক মন্ত্রী আলতাফ ও মোশাররফকে জিজ্ঞাসাবাদ

বড়পুকুরিয়া কয়লা খনি দুর্নীতি মামলায় দুই সাবেক মন্ত্রী কারাবন্দি আলতাফ হোসেন চৌধুরী ও এ কে এম মোশাররফ হোসেনকে শুক্রবার জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 May 2008, 03:32 PM

Updated : 26 Aug 2022, 01:54 PM

ঢাকা, মে ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বড়পুকুরিয়া কয়লা খনি দুর্নীতি মামলায় দুই সাবেক মন্ত্রী কারাবন্দি আলতাফ হোসেন চৌধুরী ও এ কে এম মোশাররফ হোসেনকে শুক্রবার জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। উপ-মহা কারা পরিদর্শক মেজর শামসুল হায়দার ছিদ্দিকী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মামলাটির তদন্ত কর্মকর্তা কমিশনের উপ-পরিচালক মনিরুল ইসলাম শুক্রবার ঢাকা কেন্দ্রীয় কারাগারে দুজনকে আলাদাভাবে জিজ্ঞাসাবাদ করেন। এর আগে সকাল সোয়া ১০টার দিকে আলতাফ হোসেন চৌধুরীকে নারায়ণগঞ্জ এবং মোশাররফ হোসেনকে কাশিমপুর কারাগার থেকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে আনা হয়। জিজ্ঞাসাবাদ শেষে তাদের দুজনকে আবার ফিরিয়ে নেওয়া হয়। গত ২৭ মে একই মামলায় সাবেক মন্ত্রী আবদুল মান্নান ভূঁইয়া, মতিউর রহমান নিজামী, খন্দকার মোশাররফ হোসেন ও এম শামসুল ইসলামকে কারাগারে জিজ্ঞাসাবাদ করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা মনিরুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "এই মামলার আরও দুজন আসামিকে জিজ্ঞাসাবাদ বাকি রয়েছে। এদের মধ্যে সাইফুর রহমান দেশের বাইরে আছেন এবং ব্যারিস্টার আমিনুল হক সম্ভবত পলাতক রয়েছেন। এছাড়া এ মামলার আরেক আসামি আলী আহসান মোহাম্মদ মুজাহিদকে বৃহস্পতিবার জিজ্ঞাসাবাদ করা হয়েছে।" মুজাহিদকে গ্রেপ্তার করা হবে কি না জানতে চাইলে তিনি বলেন, "এ মামলায় তাকে গ্রেপ্তারের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। মামলার অভিযোগপত্র দেওয়ার পর গ্রেপ্তারি পরোয়ানা জারি হলে সংশ্লিষ্ট আইনপ্রয়োগকারী সংস্থা গ্রেপ্তারের বিষয়টি দেখবে।" বড় পুকুরিয়া কয়লা খনি উন্নয়নের কাজ একটি চীনা প্রতিষ্ঠানকে অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে দেওয়ার অভিযোগে দুর্নীতি দমন কমিশন গত ২৬ ফেব্র"য়ারি শাহবাগ থানায় এ মামলা দায়ের করে। এজাহারে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াসহ মোট ১৬ জনকে আসামি করা হয়। মামলার এজাহারভুক্ত আসামিরা হলেন- সাবেক প্রধানন্ত্রী খালেদা জিয়া, সাবেক মন্ত্রী এম সাইফুর রহমান, আবদুল মান্নান ভূঁইয়া, মতিউর রহমান নিজামী, আলী আহসান মোহাম্মদ মুজাহিদ, এম কে আনোয়ার, খন্দকার মোশাররফ হোসেন, এম শামসুল ইসলাম, ব্যারিস্টার আমিনুল হক, আলতাফ হোসেন চৌধুরী, সাবেক প্রতিমন্ত্রী এ কে এম মোশাররফ হোসেন, সাবেক জ্বালানি সচিব নজরুল ইসলাম, পেট্রোবাংলার সাবেক চেয়ারম্যান এসআর ওসমানী, পেট্রোবাংলার সাবেক পরিচালক (খনি ও খনিজ) মঈনুল আহসান, বড় পুকুরিয়া কোল মাইনিং কোম্পানি লিমিটেডের সাবেক ব্যবস্থাপনা পরিচালক সিরাজুল ইসলাম ও খনির কাজ পাওয়া চীনা প্রতিষ্ঠানের স্থানীয় এজেন্ট হোসাফ গ্র"পের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন। এদের মধ্যে খালেদা জিয়া, মান্নান ভূঁইয়া, নিজামী, এম কে আনোয়ার, খন্দকার মোশাররফ, এম শামসুল ইসলাম, আলতাফ হোসেন চৌধুরী এবং এ কে এম মোশাররফ হোসেন কারাগারে রয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এএনএস/জেকে/এসকে/২১২২ঘ.