ঢাকা, মে ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের করা গ্যাটকো মামলা বিচারের জন্য সংসদ ভবনের বিশেষ আদালতে পাঠানোর আদেশ দিয়েছেন মহানগর সিনিয়র বিশেষ জজ আদালত। বুধবার সকালে আদালতের বিচারক মো. আজিজুল হক এ আদেশ দেন।
মহানগর সিনিয়র বিশেষ জজ আদালতের সেরেস্তা সহকারী নূর আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "মামলাটি সংসদ ভবনের বিশেষ আদালত-৩ এ পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। এর নথিপত্র বুধবার বিকালের মধ্যেই ওই আদালতে পৌঁছানো হবে।"
মামলার আসামি গ্যাটকোর পরিচালক সৈয়দ তানভীর আহমেদ ও গালিব সৈয়দ গালিব আহমেদকে বুধবার কারাগার থেকে মহানগর সিনিয়র বিশেষ জজ আদালতে হাজির করা হয়।
এদিকে এ মামলায় 'পলাতক' আসামি সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমান, বাণিজ্যমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরীসহ সাত আসামিকে আগামী ২৮ মে'র মধ্যে হাজির হতে গত ২২ মে আদেশ দিয়েছিল আদালত। এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করে পত্রিকায় বিজ্ঞাপনও দেওয়া হয়। কিন্তু কোনও আসামিই এই সময়ে আদালতে হাজির হননি।
গ্যাটকো মামলায় মোট অভিযুক্ত ২৪ জন। এর মধ্যে খালেদা জিয়া, আবদুল মান্নান ভুঁইয়া, ড. খন্দকার মোশাররফ হোসেন, এম শামসুল ইসলাম, এম কে আনোয়ার, মতিউর রহমান নিজামী, খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোসহ ১৭ জন কারাগারে আছেন।
গ্যাটকো মামলা:
দুর্নীতির মাধ্যমে চট্টগ্রাম বন্দর ও কমলাপুরের কন্টেইনার ডিপো পরিচালনার দায়িত্ব গ্লোবাল অ্যাগ্রো ট্রেড কোম্পানির (গ্যাটকো) হাতে ছেড়ে দেওয়ার অভিযোগে খালেদা জিয়া ও কোকোসহ ১৩ জনের বিরুদ্ধে ২০০৭ সালের ২ সেপ্টেম্বর রাতে রাজধানীর তেজগাঁও থানায় মামলাটি দায়ের করেন দুর্নীতি দমন কমিশনের উপ-পরিচালক গোলাম শাহরিয়ার চৌধুরী।
মামলা দায়েরের সময় খালেদা জিয়া ছাড়া সাবেক কোনও মন্ত্রীকে আসামি করা হয়নি। তদন্ত শেষে গত ১৩ মে ঢাকার মহানগর হাকিমের আদালতে মামলার অভিযোগপত্র দেন দুর্নীতি দমন কমিশনের উপ-পরিচালক মোহাম্মদ জহিরুল হুদা। এতে আগের ১৩ জনের সঙ্গে জোট সরকারের নয় জন মন্ত্রীসহ মোট ২৫ জনকে আসামি করা হয়।
আসামিদের মধ্যে সাবেক নৌমন্ত্রী আকবর হোসেন মারা যাওয়ায় তাকে অব্যাহতি দেওয়ার সুপারিশ করেন মামলার তদন্ত কর্মকর্তা। পরে আদালত প্রয়াত আকবরকে মামলা থেকে অব্যাহতি দিলে আসামির সংক্যা ২৪ জনে দাঁড়ায়।
অভিযোগপত্রে বলা হয়, আসামিরা ক্ষমতার অপব্যবহার করে চট্টগ্রাম বন্দর ও কমলাপুরের কন্টেইনার ডিপো পরিচালনার দায়িত্ব গ্লোাবাল অ্যাগ্রো ট্রেড কোম্পানির (গ্যাটকো) হাতে ছেড়ে দেন। এতে রাষ্ট্রের প্রায় ১৫ কোটি টাকা ক্ষতি হয়েছে। এছাড়া সাবেক নৌ-পরিবহনমন্ত্রী আকবর হোসেনের ছেলে ইসমাইল হোসেন সায়মন ও কোকো ঠিকাদারের কাছ থেকে দুই কোটি ১৯ লাখ টাকারও বেশি আর্থিক সুবিধা নিয়েছেন।
গ্যাটকো মামলার আসামিরা:
গ্যাটকো মামলায় খালেদা জিয়াসহ তার মন্ত্রিসভার আসামিদের মধ্যে রয়েছেন- এম সাইফুর রহমান, মান্নান ভূঁইয়া, খন্দকার মোশাররফ হোসেন, এম শামসুল ইসলাম, এম কে আনোয়ার, আমীর খসরু মাহমুদ চৌধুরী, এ কে এম মোশাররফ হোসেন, মতিউর রহমান নিজামী।
অপর আসামিরা হলেন- খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকো, সাবেক নৌ-পরিবহন সচিব জুলফিকার হায়দার চৌধুরী, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের দুই সাবেক চেয়ারম্যান কমোডর জুলফিকার আলী পিএসসি ও এএনএম শাহাদত হোসেন, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সাবেক পরিচালক (পরিবহন) এ এম সানওয়ার হোসেন, বন্দরের প্রধান অর্থ ও হিসাবরক্ষণ কর্মকর্তা আহমদ আবুল কাশেম, বন্দরের সাবেক সদস্য লুৎফুল কবীর, এ কে রশিদ উদ্দিন আহমেদ, সাবেক নৌ-পরিবহনমন্ত্রী আকবর হোসেনের ছেলে ইসমাইল হোসেন সায়মন, গ্যাটকোর পরিচালক সৈয়দ গালিব আহমেদ, সৈয়দ তানভির আহমেদ, এ কে এম মুসা কাজল, এহসান ইউসুফ, শাহজাহান এ হাসিব এবং নিউ ডিওএইচএস-এর বাসিন্দা জাহানারা আনসার।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/পিসি/এমআই/১১৩৮ ঘ.
bdnews24