২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মামলা প্রত্যাহারের দাবিতে চবি উপাচার্যকে ছাত্রলীগের স্মারকলিপি

মিছিল করে জরুরি বিধি ভঙ্গের অভিযোগে সাত নেতা-কর্মীর বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের দাবিতে উপাচার্যকে স্মারকলিপি দিয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 May 2008, 02:42 PM

Updated : 26 Aug 2022, 01:54 PM

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, মে ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মিছিল করে জরুরি বিধি ভঙ্গের অভিযোগে সাত নেতা-কর্মীর বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের দাবিতে উপাচার্যকে স্মারকলিপি দিয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ। মঙ্গলবার দুপুরে উপাচার্য অধ্যাপক ড. এম বদিউল আলমের কাযালয়ে গিয়ে ছাত্রলীগের নেতা-কর্মীরা এ স্মারকলিপি দেন। ছাত্রলীগের সাধারণ সম্পাদক এরশাদ হোসেন এবং সহ সভাপতি আবুল মনসুর জামশেদ স্বাক্ষরিত এ স্মারকলিপিতে মামলা প্রত্যাহারের জন্য ৬ জুন পর্যন্ত সময় বেঁধে দেওয়া হয়েছে। এর মধ্যে মামলা প্রত্যাহার না করলে লাগাতার ধর্মঘটসহ আন্দোলনের কর্মসূচি দেওয়া হবে বলে জানানো হয়। স্মারকলিপিতে বলা হয়, "মামলা প্রত্যাহার না করার এবং আন্দোলন কর্মসূচির কারণে ক্যাম্পাসে উদ্ভূত পরিস্থিতির জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন দায়ী থাকবে।" গত ২৯ এপ্রিল ছাত্রশিবির শাটল ট্রেন ও ক্যাম্পাস স্টেশনে ছাত্রলীগের মুক্তিযুদ্ধের বিভিন্ন পোস্টার ও দেয়াল লিখন মুছে ফেলে। এর প্রতিবাদে ছাত্রলীগ ক্যাম্পাস ও স্টেশন এলাকায় মিছিল করে। ৩০ এপ্রিল পুলিশ জরুরি বিধি ভঙ্গের দায়ে ছাত্রলীগের নয় নেতাকর্মীর বিরুদ্ধে হাটহাজারী থানায় মামলা করে। এদের মধ্যে সাত জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়। অভিযুক্তরা হলেন- রসায়ন বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র ও ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় শাখা কমিটির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপ-সম্পাদক জাহিদুল ইসলাম জুয়েল, পদার্থ বিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র ও অর্থ বিষয়ক উপ-সম্পাদক মহসিন করিম রিয়েল, পদার্থ বিজ্ঞানের মাস্টার্সের ছাত্র ও সহ সম্পাদক একেএম সোহেল রানা, পদার্থ বিজ্ঞানের চতুর্থ বর্ষের ছাত্র ও সদস্য ইদরিস আলম, পদার্থ বিজ্ঞানের চতুর্থ বর্ষের ছাত্র ও সদস্য আখতারুল ইসলাম, মার্কেটিং বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র ও সদস্য রিপন, ফাইন্যান্স বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র ও সদস্য তানজিম। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএডি/কিউএইচ/এমএসবি/২০৩৭ ঘ.