ঢাকা, মে ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- "এসেছি সত্য বলতে। তাতে আমার জেল-ফাঁসি যা হয় হোক, আমি তাও মেনে নেবো। এই বিব্রতকর অবস্থার জন্য আমার ভাই-ই দায়ী।"
মঙ্গলবার দুপুরে সংসদ ভবন এলাকার বিশেষ জজ আদালত-৪ এ সাক্ষীর কাঠগড়ায় দাঁড়িয়ে একথা বললেন সাইফুদ্দিন কাদের চৌধুরী।
তার বক্তব্যের লক্ষ্যবস্তু সহোদর ভাই আসামির কাঠগড়ায় দাঁড়ানো সালাউদ্দিন কাদের চৌধুরী। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার এ উপদেষ্টার বিরুদ্ধে অবৈধ সম্পত্তি অর্জন ও সম্পত্তির তথ্য গোপনের মামলার সাক্ষ্য গ্রহণকালে অবতারণা হয় এ দৃশ্যের।
হলফনামা পড়ার পর রাষ্ট্রপক্ষের সাক্ষী সাইফুদ্দিন চৌধুরী বলেন, "মাননীয় আদালত, শুধু এটুকু চিন্তা করুন কতটা বাধ্য হলে নিজের রক্তের বিরুদ্ধে আদালতে এসে দাঁড়াতে হয়? কিন্তু আমি আমাদের পারিবারিক দ্বন্দ্বের কথা এখানে বলতে আসিনি।" একথা বলেই কেঁদে ফেলেন তিনি।
কিউসি শিপিং-এর ব্যবস্থাপনা পরিচালক সাইফুদ্দিন কাদের চৌধুরী আদালতে বলেন, কিউসি শিপিং থেকে ২০০৫ সালের জুলাই থেকে শুরু করে ২০০৬ সালের জুন মাস পর্যন্ত তিনি ভাই সাকা চৌধুরীকে প্রতিমাসে ২০ হাজার করে মোট ২ লাখ ৪০ হাজার টাকা দিয়েছেন।
সাক্ষ্য শেষে সাকা চৌধুরী নিজেই ভাইকে প্রায় এক ঘন্টা জেরা করেন। এ সময় তারা একে অন্যকে 'আপনি' বলে সম্বোধন করেন।
সাকা চৌধুরী তার ভাইকে জিজ্ঞাসা করেন, "এই যে টাকা আমাকে দিয়েছেন এর সপক্ষে আপনার কাছে কোনো প্রমাণ আছে?"
জবাবে সাইফুদ্দিন চৌধুরী বলেন,"না কোনো প্রমাণ নেই। অনেক কিছুরই প্রমাণ থাকে না। তারপরও ঘটনাটা ঘটে।"
সাকা চৌধুরী আদালতকে বলেন,"২০০৫ সালের সেপ্টেম্বর মাসের পর থেকে কিউসি কোম্পানির এক গ্লাস পানিও আমি খাইনি।"
এ সময় তার ভাই বলেন,"তাহলে পারিবারিক অনেক বিষয় আদালতে টেনে আনতে হয়। কিন্তু আমি তা চাই না।"
এই পর্যায়ে রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট শেখ গোলাম হাফিজ দুই ভাইয়ের উদ্দেশে বলেন, "আপনারা ইমোশনাল হবেন না। আমাদের একটা জায়গায় পৌঁছতে হবে। আরও সাক্ষী রয়েছে।"
সম্পত্তির তথ্য গোপন ও জানা আয়ের উৎস বহির্ভূত সম্পত্তি অর্জনের অভিযোগ এনে গত বছরের ১৩ জুন সাকা চৌধুরীর বিরুদ্ধে রমনা থানায় মামলাটি দায়ের করা হয়।
এতে অভিযোগ করা হয়, অভিযুক্ত অবৈধভাবে ৯ কোটি ৪৫ লাখ ৫২ হাজার ৬৩২ টাকার সম্পত্তি অর্জন করেছেন। একই সঙ্গে তিনি ৯১ লাখ ৪২ হাজার টাকার সম্পত্তির তথ্য গোপন করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/এসকে/২০৩৪ঘ.
bdnews24