২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্থানীয় নির্বাচনে ভোটার সংখ্যার ভিত্তিতে প্রার্থীদের ব্যয় নির্ধারণ করছে ইসি

ভোটার সংখ্যার ভিত্তিতে প্রার্থীদের নির্বাচনী ব্যয়সীমার প্রস্তাব রেখে স্থানীয় সরকারের সিটি ও পৌরসভা নির্বাচন বিধিমালা সরকারের কাছে পাঠিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। জুনের মাঝামাঝিতে এসব নির্বাচনের তফসিল ঘোষণার প্রস্তুতি চালাচ্ছে তারা। তার আগেই 'নির্বাচনী পরিবেশ' তৈরির জন্য সরকারকে অনুরোধ করবে ইসি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 May 2008, 02:04 PM

Updated : 26 Aug 2022, 01:54 PM

ঢাকা, মে ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভোটার সংখ্যার ভিত্তিতে প্রার্থীদের নির্বাচনী ব্যয়সীমার প্রস্তাব রেখে স্থানীয় সরকারের সিটি ও পৌরসভা নির্বাচন বিধিমালা সরকারের কাছে পাঠিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। জুনের মাঝামাঝিতে এসব নির্বাচনের তফসিল ঘোষণার প্রস্তুতি চালাচ্ছে তারা। তার আগেই 'নির্বাচনী পরিবেশ' তৈরির জন্য সরকারকে অনুরোধ করবে ইসি। নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন মঙ্গলবার সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, "ভোটার সংখ্যার ভিত্তিতে সিটি কর্পোরেশন ও পৌরসভায় মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের ব্যয়সীমা নির্ধারণ করে নির্বাচন বিধিমালার খসড়া তৈরি করা হয়েছে। ইতোমধ্যে তা ভেটিংয়ের জন্য পাঠানো হয়েছে।" গত ১৪ মে জারি হওয়া স্থানীয় সরকার, সিটি কর্পোরেশন ও পৌরসভা অধ্যাদেশ-২০০৮ এর আলোকে নির্বাচনী বিধিমালা তৈরি করে ইসি। এটি যাচাই-বাছাইয়ের জন্য গত ২৫ মে আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। সেখান থেকে ফেরত এলেই ইসি তা বিধিমালা আকারে জারি করবে। জুনের প্রথম সপ্তাহেই বিধিমালা জারি হবে- আশা প্রকাশ করে সাখাওয়াত হোসেন বলেন, "জুনের মাঝামাঝিতে তফসিল ঘোষণার প্রস্তুতি চলছে। জরুরি অবস্থা শিথিল বা প্রত্যহার- সরকার যেভাবেই করুক, তফসিল ঘোষণার আগে থেকেই নির্বাচনী পরিবেশ তৈরি করার কথা আমরা সরকারকে বলবো। আশারাখি, এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সুনির্দিষ্ট ঘোষণা আসবে।" অধ্যাদেশ অনুযায়ী সিটি কর্পোরেশনের মেয়র 'সিটি মেয়র', ওয়ার্ড কমিশনাররা 'কাউন্সিলর' এবং পৌরসভার চেয়ারম্যানরা 'পৌর মেয়র', কমিশনাররা 'কাউন্সিলর' নামে পরিচিত হবেন বলে নির্বাচন কমিশনার জানান। তিনি বলেন, "প্রার্থীদের সচেতন করতে নতুন অধ্যাদেশ ও বিধিমালা নিয়ে নির্বাচনী এলাকায় কর্মশালার পরিকল্পনাও আমাদের রয়েছে।" সংসদীয় আসন সীমানা পুনর্নির্ধারণ সংক্রান্ত বিষয়ে সাখাওয়াত হোসেন জানান, নির্বাচন কমিশনে ইতোমধ্যে ৪৩টি নির্বাচনী এলাকা থেকে ১০৫৭টি আবেদন জমা পড়েছে। সীমানা পরিবর্তন হয়নি- এমন এলাকা থেকেই আবেদন এসেছে বেশি। প্রস্তাবিত নতুন সীমানার ১৩৩টি আসন থেকে ৭/৮টির মতো আবেদন জমা পড়েছে। তিনি বলেন, "ছোটখাটো সমস্যা নিয়ে এক এলাকা থেকে একাধিক আবেদন এসেছে। তবুও যতদূর সম্ভব শুনানির সময় অধিকাংশ আবেদন বিবেচনার চেষ্টা করা হবে।" সীমানা পুনর্নির্ধারণের আপত্তি জানাতে আগামী ১ জুন পর্যন্ত সময় রয়েছে। আগামী ২৫ জুন থেকে এসব আবেদনের শুনানি শুরুর কথা রয়েছে। সারাদেশের ৯০ শতাংশ ভোটারের নিবন্ধন ইতোমধ্যে সম্পন্ন হয়েছে বলে জানান সাখাওয়াত হোসেন। তিনি বলেন, "সম্ভাব্য ৮ কোটির মধ্যে ২৪ মে পর্যন্ত ৭ কোটি ১৭ লাখ ৪৩ হাজার ৩৯৫ জন ভোটার নিবন্ধিত হয়েছে। দেশের ৪১টি এলাকায় ভোটার তালিকার কাজ শেষ হয়েছে। কাজ চলছে ৭১টি এলাকায়। এর মধ্যে খসড়া তালিকা প্রকাশ চলছে ১৯০টি এলাকায়। ৩৬টি এলাকায় খসড়া তালিকা মাঠ পর্যায়ে পাঠানো হয়েছে। খসড়া প্রকাশ শেষ হলেই চূড়ান্ত তালিকা প্রকাশের প্রস্তুতি শুরু হবে।" প্রস্তাবিত স্থানীয় সরকার নির্বাচন বিধিমালা অনুযায়ী, প্রায় ৩৫ লাখ ভোটার অধ্যুষিত ঢাকার প্রত্যেক মেয়র প্রার্থী সর্বোচ্চ ১৫ লাখ টাকা ব্যয় করতে পারবেন। চট্টগ্রামের মেয়র প্রার্থীরা ১০ লাখ আর অন্য সিটি কর্পোরেশনগুলোর প্রার্থীরা সর্বোচ্চ ৫ লাখ টাকা খরচ করতে পারবেন। কাউন্সিলার পদের (ওয়ার্ড কমিশনার) প্রার্থীদের ক্ষেত্রে ব্যয়সীমা থাকছে সর্বোচ্চ আড়াই লাখ টাকা। ভোটার সংখ্যা কমলে ব্যয়সীমাও কমবে। নির্বাচন কমিশন সচিবালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, বর্তমান ছবিসহ ভোটার তালিকায় ঢাকা সিটি কর্পোরেশনে নিবন্ধিত হয়েছেন প্রায় ৩৫ লাখ, চট্টগ্রামে ১০ লাখের কিছু বেশি, রাজশাহীতে ২ লাখ ৫৭ হাজার, খুলনায় ৩ লাখ ৯৮ হাজার, বরিশালে ১ লাখ ৭৭ হাজার এবং সিলেটে ২ লাখ ৫৪ হাজার। সাখাওয়াত হোসেন জানান, ইসি প্রস্তাবিত বিধিমালা অনুযায়ী অনধিক ৫ লাখ ভোটার অধ্যুষিত সিটি কর্পোরেশনে এক জন মেয়র প্রার্থী সর্বোচ্চ পাঁচ লাখ টাকা ব্যয় করতে পারবেন। ৫ থেকে ১০ লাখ ভোটারের এলাকায় ব্যয়সীমা ৭ লাখ টাকা, ১০ থেকে ২০ লাখ ভোটারের জন্য ১০ লাখ টাকা এবং ২০ লাখের বেশি ভোটারের এলাকায় সর্বোচ্চ ১৫ লাখ টাকা টাকা ব্যয় করা যাবে। সিটি কর্পোরেশনের কাউন্সিলর পদের ক্ষেত্রে অনধিক ১৫ হাজার ভোটার অধ্যুষিত এলাকায় এক জন প্রার্থী সর্বোচ্চ ১ লাখ টাকা, ১৫ থেকে ৩০ হাজার ভোটারের এলাকায় ১ লাখ ৫০ হাজার টাকা, ৩০ থেকে ৫০ হাজার ভোটারের এলাকায় ২ লাখ টাকা এবং এর বেশি ভোটারের এলাকায় ২ লাখ ৫০ হাজার টাকা ব্যয় করা যাবে। পৌরসভায় মেয়র প্রার্থীদের জন্য ভোটার সংখ্যার ভিত্তিতে ২ লাখ টাকা থেকে ৫ লাখ পর্যন্ত এবং কাউন্সিলররা ৫০ হাজার থেকে ২ লাখ টাকা পর্যন্ত ব্যয় করতে পারবেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এমআই/১৭৫১ ঘ.