ঢাকা, মে ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফার ডটকম)- বড়পুকুরিয়া কয়লা খনি দুর্নীতি মামলায় বিএনপি-জামায়াত জোট সরকারের সাবেক মন্ত্রী কারাবন্দি আবদুল মান্নান ভূঁইয়া, মতিউর রহমান নিজামী, খন্দকার মোশাররফ হোসেন ও এম শামসুল ইসলামকে মঙ্গলবার জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন।
ঢাকা কেন্দ্রীয় কারাগারে এ চার জনকে আলাদাভাবে জিজ্ঞাসাবাদ করেন দুর্নীতি দমন কমিশনের উপ পরিচালক মো. মনিরুল হক। ওই কর্মকর্তা সকাল সাড়ে ১১টায় কারাগারে ঢোকেন এবং জিজ্ঞাসাবাদ শেষে সোয়া ৪টার দিকে বের হন।
মনিরুল হক কারাগার থেকে বেরিয়ে সাংবাদিকদের বলেন, "সাবেক মন্ত্রীরা বড়পুকুরিয়া কয়লা খনি দুর্নীতির সঙ্গে জড়িত থাকার কথা অস্বীকার করেছেন। তারা বলেছেন, তাদের এতো কিছু দেখার সুযোগ থাকে না। মন্ত্রিপরিষদের সুপারিশক্রমেই তারা ফাইলে স্বাক্ষর করে থাকেন।"
খনি দুর্নীতির এ মামলার তদন্ত কাজ প্রায় শেষ পর্যায়ে জানিয়ে কমিশনের ওই কর্মকর্তা বলেন, "মামলার আসামি সাবেক মন্ত্রী আলতাফ হোসেন এবং প্রতিমন্ত্রী একেএম মোশাররফ হোসেন অন্য কারাগারে থাকায় তাদের আরেকদিন জিজ্ঞাসাবাদ করা হবে।"
মামলার অন্যতম আসামি সাবেক মন্ত্রী ও জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদকেও জিজ্ঞাসাবাদ করা হবে বলে তদন্ত কর্মকর্তা জানান।
জিজ্ঞাসাবাদের সময় মতিউর রহমান নিজামী ও সামসুল ইসলামের আইনজীবী উপস্থিত ছিলেন। বাকি দুই জনের আইনজীবী উপস্থিত ছিলেন না।
নিজামীর আইনজীবী ব্যারিস্টার আব্দুর রাজ্জাক সাংবাদিকদের বলেন, "তিনি (নিজামী) জিজ্ঞাসাবাদের সময় বলেছেন, রাজনৈতিক চক্রান্তের স্বীকার হয়েছেন তিনি। তিনি আরও বলেছেন, ক্রয় কমিটির সদস্য হওয়ার কারণে যদি আসামি হতে হয় তাহলে আর কেউই এসব কমিটির সদস্য হতে চাইবে না। আর তা হলে কেউ সরকারও চালাতে পারবে না।"
আব্দুর রাজ্জাক আরও বলেন, "তিনি (নিজামী) বলেছেন, বর্তমান সরকার কোনও টেন্ডার প্রক্রিয়া ছাড়াই সার আমদানি করছে। মামলার বিষয়ে আইনি লড়াই চালিয়ে যাওয়ার কথা বলেছেন তিনি।"
শামসুল ইসলামের আইনজীবী রুহুল কুদ্দুস কাজল বলেন, "তিনি (শামসুল ইসলাম) বলেছেন, নিয়ম অনুযায়ীই তিনি দায়িত্ব পালন করেছেন, কোনও দুর্নীতি করেননি।"
বড় পুকুরিয়া কয়লা খনি উন্নয়ন কাজ একটি চীনা প্রতিষ্ঠানকে পাইয়ে দেওয়ার ক্ষেত্রে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে গত ২৬ ফেব্র"য়ারি মামলা দায়ের করেন দুর্নীতি দমন কমিশন।
শাহবাগ থানায় কমিশনের সহকারী পরিচালক শামসুল ইসলামের দায়ের করা এ মামলায় সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াসহ মোট ১৬ জনকে আসামি করা হয়।
অপর আসামিরা হলেন, সাবেক মন্ত্রী এম সাইফুর রহমান, আবদুল মান্নান ভূঁইয়া, মতিউর রহমান নিজামী, আলী আহসান মোহাম্মদ মুজাহিদ, এম কে আনোয়ার, খন্দকার মোশাররফ হোসেন, এম শামসুল ইসলাম, ব্যারিস্টার আমিনুল হক, আলতাফ হোসেন চৌধুরী, সাবেক প্রতিমন্ত্রী এ কে এম মোশাররফ হোসেন, সাবেক জ্বালানি সচিব নজরুল ইসলাম, পেট্রোবাংলার সাবেক চেয়ারম্যান এসআর ওসমানী, পেট্রোবাংলার সাবেক পরিচালক (খনি ও খনিজ) মঈনুল আহসান, বড় পুকুরিয়া কোল মাইনিং কোম্পানি লিমিটেডের সাবেক ব্যবস্থাপনা পরিচালক সিরাজুল ইসলাম ও খনির কাজ পাওয়া চীনা প্রতিষ্ঠানের স্থানীয় এজেন্ট হোসাফ গ্র"পের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন।
এদের মধ্যে খালেদা জিয়াসহ মান্নান ভূঁইয়া, নিজামী, এম কে আনোয়ার, খন্দকার মোশাররফ, এম শামসুল ইসলাম, আলতাফ হোসেন চৌধুরী, একেএম মোশাররফ হোসেন কারাগারে রয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/কিউএইচ/এমআই/১৭৪০ ঘ.
bdnews24