ঢাকা, মে ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- নাইকো দুর্নীতি মামলা বাতিলের জন্য বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার দায়ের করা আবেদন উত্থাপিত হয়নি মর্মে খারিজ করে দিয়েছে হাইকোর্ট।
মঙ্গলবার বিচারপতি খাদেমুল ইসলাম চৌধুরী ও বিচারপতি মাশুক হোসেন আহমেদের হাইকোর্ট বেঞ্চ আবেদনটির ওপর চার দিন শুনানি গ্রহণ করে এই আদেশ দেন।
আদেশের পর দুর্নীতি দমন কমিশনের আইনজীবী আনিসুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, হাইকোর্ট খালেদা জিয়ার আবেদনটি উপস্থাপিত হয়নি মর্মে খারিজ (নট প্রেস রিজেক্টেড) করেছে।
তিনি আরও বলেন, চারদিন শুনানি করার পর খালেদা জিয়ার কৌসুলিরা আর আবেদনটি নিয়ে এগিয়ে যেতে চাননি। কারণ হাইকোর্ট বলেছে খালেদার কৌসুলিদের যুক্তিতর্কে আদালত সন্তুষ্ট হতে পারেনি।
আনিসুল হক বলেন, এখন খালেদা জিয়ার বিরুদ্ধে নাইকো দুর্নীতি মামলার বিচার কার্যক্রম স্বাভাবিকভাবে নিম্ন আদালতে চলবে। ১ জুন ওই আদালতে এ মামলার শুনানি হবে।
খালেদা জিয়ার একজন কৌসুলি ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন আদেশের পর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, হাইকোর্ট আমাদের আবেদনটি 'নট প্রেস রিজেক্ট' করেছে। আদালতের মতে এই পর্যায়ে এ আবেদনটি চলতে পারে না। আদালত বলেছে, এ মামলায় অভিযোগ গঠনের সময় খালেদা জিয়া নিম্ন আদালতে অভিযোগ থেকে অব্যাহতির আবেদন জানাতে পারেন। সেই আবেদন ওই আদালত নাকচ করলে আমরা আবার হাইকোর্টে আসব।
চতুর্থ দিনের শুনানিতে খালেদার কৌসুলি খন্দকার মাহবুবউদ্দিন আহমদ ও ব্যারিস্টার রফিকুল ইসলাম মিঞা বলেন, এ মামলার এজাহার ও অভিযোগপত্রে খালেদা জিয়ার বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ নেই। তাই হাইকোর্ট মামলাটি বাতিলের আবেদন গ্রহণ করতে পারে।
আদালত বলেন, একজন প্রধানমন্ত্রী দেশের কোন সিদ্ধান্ত নিতে পারেন। কিন্তু সে সিদ্ধান্ত সততা না অসততার সঙ্গে নিয়েছেন তা দেখার এখতিয়ার বিচারিক আদালতের রয়েছে।
আদালত আরও বলেন, সাক্ষ্য প্রমাণ ছাড়া হাইকোর্ট কীভাবে বলবে সাবেক প্রধানমন্ত্রী কিছু না জেনে নাইকোর সঙ্গে চুক্তির অনুমোদন দিয়েছেন?
গত ১৮ মে বেগম খালেদা জিয়া নাইকো মামলা খারিজের জন্য এ আবেদনটি দায়ের করেছিলেন।
২০ মে আবেদনটির ওপর শুনানি গ্রহণে হাইকোর্টের অপর একটি বেঞ্চ বিব্রতবোধ করেছিল। ২১ মে বিচারপতি খাদেমুল ইসলাম চৌধুরীর নেতৃত্বের হাইকোর্ট বেঞ্চ আবেদনটির ওপর শুনানি গ্রহণ শুরু করেন।
গত ৫ মে নাইকো দুর্নীতি মামলায় বেগম খালেদা জিয়াসহ ১১ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দায়ের করে দুর্নীতি দমন কমিশন। এতে রাষ্ট্রের প্রায় ১৩ হাজার ৭শ' ৭৭ কোটি টাকা ক্ষতির অভিযোগ আনা হয়।
গতবছর ৯ ডিসেম্বর দুদকের সহকারী পরিচালক মুহম্মদ মাহবুবুল আলম তেজগাঁও থানায় খালেদা জিয়াসহ ৫ জনের বিরুদ্ধে নাইকো দুর্নীতি মামলা দায়ের করেন।
মামলার এজাহারে কানাডীয় কোম্পানী নাইকোর সঙ্গে তেল গ্যাস অনুসন্ধান চুক্তি সম্পাদনের মাধ্যমে রাষ্ট্রের ১০ হাজার কোটি টাকা ক্ষতির অভিযোগ আনা হয়েছিল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এসকে/২৩১৫ঘ.
bdnews24