ঢাকা, মে ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--সরকারের সঙ্গে সংলাপে সুনির্দিষ্ট অভিযোগ নেই গ্রেপ্তারকৃত এমন রাজনৈতিক নেতাদের অবিলম্বে মুক্তি, নির্বাচনের তারিখ ঘোষণা, জরুরি অবস্থা প্রত্যাহার এবং যুদ্ধাপরাধীদের বিচার শুরু করাসহ ত্রিশ দফা দাবি জানিয়েছে লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)।
সোমবার দুপুর তিনটার পর প্রধান উপদেষ্টার কার্যালয়ে প্রধান উপদেষ্টা এবং পাঁচ উপদেষ্টার সঙ্গে সংলাপে বসেন এলডিপি নেতারা। বৈঠক শেষ হয় বিকাল পাঁচটার পর।
বৈঠক শেষে সরকারের পক্ষে শিক্ষা উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান এবং এলডিপির পক্ষে সভাপতি অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমেদ তাদের আলোচনার বিষয়বস্তু সাংবাদিকদের জানান।
অলি আহমেদ বলেন,"এদেশের অর্জনের সঙ্গে রাজনীতিবিদরা জড়িত। কাজেই তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ থাকলে তদন্তের মাধ্যমে বিচার করুন। কিন্তু গ্রেপ্তারকৃত কারও বিরুদ্ধে অভিযোগ না থাকলে তাদের মুক্তিদান এবং অযথা হয়রানি না করার অনুরোধ করেছি সরকারের প্রতি ।
শর্ত দিয়ে ঘরোয়া রাজনীতি সম্ভব নয় মন্তব্য করে তিনি বলেন, ঘরোয়া রাজনীতির ওপর সরকার যে শর্ত দিয়েছে তা প্রত্যাহার করতে হবে।
এলডিপি সভাপতি বলেন, "মানুষকে নির্বাচনমুখী করতে হবে। এজন্য নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করতে হবে। সরকার ডিসেম্বরের তৃতীয় সপ্তাহে নির্বাচনের কথা বলেছে। কিন্তু মানুষ তাতে আস্থা পাচ্ছে না। কাজেই তাদের নির্বাচনমুখী করতে হলে তারিখ ঘোষণার প্রয়োজন।"
অলি আহমেদ বলেন,"জরুরি আইনের অধীনে নির্বাচন সম্ভব নয়। কাজেই নির্বাচনের আগেই জরুরি অবস্থা প্রত্যাহার করতে হবে।"
সাবেক এই সেনা কর্মকর্তা বলেন, "সংবিধান জাতীয় সংসদে বসে চূড়ান্ত করা হয়েছে। কেউ চাইলেও এটা যেখানে-সেখানে পরিবর্তন করতে পারে না। আমরাও মনে করি সংবিধান পরিবর্তন করা দরকার। ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠার জন্য সংবিধান কিছুটা পরিবর্তন করা দরকার। কিন্তু সেই পরিবর্তন বাইরে নয়, সেটা আমরা সংসদে বসে করতে চাই।"
অলি আহমেদ বলেন,"আমরা সরকারের সঙ্গে কোন চুক্তি বা সনদ স্বাক্ষরে রাজি নই। আমরা বিভিন্ন ইস্যুতে জাতীয় ঐকমত্য চাই। সেটা সুনির্দিষ্ট প্রস্তাবের ভিত্তিতে হতে হবে।"
সংবাদপত্র এবং টেলিভিশনকে সম্পূর্ণ স্বাধীনভাবে কাজ করতে দেওয়ারও দাবি জানান তিনি।
যুদ্ধাপরাধীদের বিচারের প্রসঙ্গ তুলে অলি বলেন, "বর্তমান সরকার প্রধান, সেনাবাহিনী প্রধানসহ দেশের নিরানব্বই শতাংশ মানুষ যুদ্ধাপরাধীদের বিচারের পক্ষে মত দিয়েছেন। সুতরাং এ প্রক্রিয়া এখনই শুরু করা উচিত।"
এলডিপি সভাপতি যুদ্ধাপরাধী, দুর্নীতিবাজ এবং কালো টাকার মালিকদের তালিকা তৈরি করে তাদের নির্বাচনে অযোগ্য ঘোষণার দাবি জানান।
আলোচনা ফলপ্রসূ হয়েছে বলে জানান শিক্ষা ও বাণিজ্য উপদেষ্টা ড. হোসেন জিল্লুর রহমান। তিনি বলেন," প্রায়ই শোনা যাচ্ছে সরকারের কোন এজেন্ডা আছে কিনা এ কথা। আমরা বলেছি অবশ্যই এজেন্ডা আছে এবং তা হচ্ছে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের পরিবেশ তৈরি এবং সুনির্দিষ্ট প্রস্তাবের ভিত্তিতে ঐকমত্য তৈরি করা।"
বাণিজ্য উপদেষ্টা বলেন, কালো টাকা ও পেশিশক্তির ব্যবহার বন্ধ করার জন্য নির্বাচনে অতিরিক্ত খরচের পথগুলো সুস্পষ্টভাবে বন্ধ করতে হবে।
উপদেষ্টা জানান, নির্বাচনী আচরণবিধি কিভাবে পরিবর্তন করা যায় তা নিয়ে সরকার নির্বাচন কমিশনের সঙ্গেও আলোচনা করবে।"
নির্বাচনের সময় সন্ত্রাসীদের দৌরাত্ম্য রোধ করতে কী পদক্ষেপ নেওয়া যায় তা নিয়ে সরকার এখন থেকেই ভাবছে বলে হোসেন জিল্লুর জানান।
এলডিপির সঙ্গে সংলাপে প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদের নেতৃত্বে উপস্থিত ছিলেন আইন উপদেষ্টা এ এফ হাসান আরিফ, যোগাযোগ উপদেষ্টা গোলাম কাদের, স্থানীয় সরকার উপদেষ্টা আনোয়ারুল ইকবাল ও শিক্ষা উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান।
অলি আহমদের নেতৃত্বে এলডিপি'র পক্ষে আলোচনায় অংশ নেন দলের মহাসচিব অধ্যাপিকা জাহানারা বেগম, সভাপতিমণ্ডলীর সদস্য শেখ রাজ্জাক আলী, আলমগীর কবীর, আব্দুল করিম আব্বাসী, এমএ জিন্নাহ ও মণি স্বপন দেওয়ান।
আগামী বৃহস্পতিবার সকাল দশটায় ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের সঙ্গে সরকারের সংলাপের কথা রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচডি/এমইউএ/এসকে/১৯৫০ঘ.
bdnews24