ঢাকা, মে ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শেখ হাসিনার বিরুদ্ধে বিদ্যুৎ কেন্দ্র দুর্নীতি মামলার বাদি এম এম শাব্বির হাসান বলেছেন, শেখ হাসিনাকে তিনি মায়ের মতোই শ্রদ্ধা করেন।
সোমবার আদালতে শেখ হাসিনার আইনজীবীদের জেরার মুখে তিনি এ কথা বলেন। সংসদ ভবন এলাকার বিশেষ আদালতে এদিনও দুর্নীতি দমন কমিশনের এই কর্মকর্তার জেরা চলে।
বাদিকে চতুর্থদিন জেরা শেষে বিচারক মো. ফিরোজ আলম আগামী বুধবার মামলার পরবর্তী তারিখ ধার্য করেন। ওই দিনও শাব্বির হাসানকে জেরা করা হবে।
আদালতে শেখ হাসিনার আইনজীবী সৈয়দ রেজাউর রহমান বাদির উদ্দেশে বলেন, "আপনি বিএনপি সরকারের সময়ে চাকরি পেয়েছেন। ছাত্রদলের সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন। এই কারণে আপনি শেখ হাসিনার বিরুদ্ধে অতি উৎসাহী হয়ে মামলা করেছেন।"
তখন শাব্বির হাসান বলেন, "শেখ হাসিনাকে আমি মায়ের মতোই শ্রদ্ধা করি। আবেগের কোনও সুযোগ না থাকায় কমিশনের নির্দেশে বিধি মোতাবেক মামলা করেছি।"
সরকারের একটি বিশেষ মহলের নির্দেশে শেখ হাসিনাকে রাজনৈতিকভাবে হেয় করার জন্য মামলা দায়ের করেছেন হাসিনার আইনজীবীর এ অভিযোগের উত্তরে বাদি বলেন, "না, এটা সত্য নয়।"
নাইকো দুর্নীতি মামলায় হাজিরা শেষে সকাল ১০টা ৪৫ মিনিটে ভাসমান বিদ্যুৎ কেন্দ্র মামলায় শেখ হাসিনাকে বিশেষ জজ আদালত- ১ এ হাজির করা হয়।
রোববারের ধারাবাহিকতায় সোমবার দুর্নীতি দমন কমিশনের উপপরিচালক শাব্বির হাসানকে আসামি পক্ষের আইনজীবীরা প্রায় আড়াই ঘণ্টা জেরা করেন।
এ মামলায় গত ১৮ মে শেখ হাসিনাসহ আট জনের বিরুদ্ধে আদালতে অভিযোগ গঠন হয়।
প্রায় তিন কোটি টাকা ঘুষ নিয়ে ভাসমান বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের কাজ একটি প্রতিষ্ঠানকে দেওয়ার অভিযোগে গত বছরের ২ সেপ্টেম্বর তেজগাঁও থানায় এ মামলা করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/এমআই/এসকে/১৯০০ঘ.
bdnews24