২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নির্বাচন নিয়ে ষড়যন্ত্র হতে পারে: হাসিনা

কারাবন্দি আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা বলেছেন, নির্বাচন নিয়ে ষড়যন্ত্র হতে পারে, এজন্য নেতাকর্মীদের সতর্ক থাকতে হবে। যেকোন পরিস্থিতিতে দলকে ঐক্যবদ্ধ রাখারও আহবান জানিয়েছেন তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 May 2008, 11:23 AM

Updated : 26 Aug 2022, 01:53 PM

ঢাকা, মে ২৬ ( বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--কারাবন্দি আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা বলেছেন, নির্বাচন নিয়ে ষড়যন্ত্র হতে পারে, এজন্য নেতাকর্মীদের সতর্ক থাকতে হবে। যেকোন পরিস্থিতিতে দলকে ঐক্যবদ্ধ রাখারও আহবান জানিয়েছেন তিনি। সোমবার সংসদ ভবন এলাকায় ভাসমান বিদ্যুৎ কেন্দ্র দুর্নীতি মামলার শুনানি শেষে শেখ হাসিনা তার আইনজীবীদের এসব কথা বলেছেন বলে তারা জানিয়েছেন। হাসিনাকে উদ্ধৃত করে তার আইনজীবী অ্যাডভোকেট আব্দুল মান্নান খান সাংবাদিকদের বলেন, "আমরা নির্বাচন চাই, নির্বাচিত সরকারের হাতে রাষ্ট্রক্ষমতা ফিরিয়ে দেওয়া হোক, গণতান্ত্রিক ব্যবস্থা চালু করা হোক।" দীর্ঘ আট বছর পর দলের বর্ধিত সভা প্রসঙ্গে সাবেক প্রধানমন্ত্রী বলেন, "দীর্ঘ এক বছর ধরে আমি জনগণের পাশে নেই। নেতাকর্মীদের সঙ্গেও কোন যোগাযোগ নেই।" কোন ভাবেই তিনি দুর্নীতির সঙ্গে জড়িত নয় দাবি করে হাসিনা বলেন, "যা করেছি দেশের মানুষের জন্য, দেশের মঙ্গলের জন্য করেছি। আজ সেই মানুষই সবচেয়ে বেশি কষ্টে আছে।" সংলাপ প্রসঙ্গে শেখ হাসিনা জানান, দলের নেতাকর্মীদের ওপর তার আস্থা আছে। বর্ধিত সভা থেকে তারা সঠিক সিদ্ধান্ত নেবে। শেখ হাসিনা আরও বলেন, "এই সরকার চাচ্ছে যেন তেন একটা উপায়ে আমাকে সাজা দিয়ে নির্বাচন থেকে দূরে রাখতে। এজন্য একটার পর একটা মিথ্যা ও ভিত্তিহীন মামলা দেওয়া হচ্ছে। কিন্তু যত ষড়যন্ত্র হোক আমি আবার জনগণের মাঝে ফিরে আসব।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ পিসি/এমইউএ/আরএ/জিএনএ/১৭১৯ ঘ.