ঢাকা, মে ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাঁদাবাজি ও প্রতারণার আরেকটি মামলায় খুলনা সিটি কর্পোরেশনের মেয়র শেখ তৈয়েবুর রহমানকে সোমবার ১০ বছর সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। এর একদিন আগেই অপর একটি মামলায় তার সাত বছর সাজা হয়।
বিএনপির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক তৈয়েবুর রহমান বর্তমানে কারাগারে রয়েছেন। তার বিরুদ্ধে আরও ১১টি মামলা বিচারাধীন।
চাঁদাবাজি ও প্রতারণার অভিযোগে খুলনা সিটি কর্পোরেশনের সাময়িকভাবে বরখাস্ত কর্মকর্তা এস এম হাফিজুর রহমানের দায়ের করা মামলায় সোমবার রায় দেন খুলনার অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. নজরুল ইসলাম।
রায়ে ১০ বছর কারাদণ্ডের পাশাপাশি তৈয়েবুর রহমানকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। টাকা না দিলে তাকে আরও এক বছর কারাভোগ করতে হবে।
আদালত এ মামলার অপর আসামি খুলনা সিটি কর্পোরেশনের জনসংযোগ কর্মকর্তা সরদার আবু তাহেরকেও একই সাজা দিয়েছে। তবে তিনি পলাতক।
এদিকে মেয়রের বিরুদ্ধে মামলার বাদি খুলনা সিটি কর্পোরেশনের সাময়িক বরখাস্ত মিউনিসিপ্যাল সার্ভিস প্রজেক্টের সহকারী কর্মকর্তা হাফিজুর রহমানকেও অপর একটি প্রতারণার মামলায় সোমবার কারাগারে পাঠিয়েছে আদালত।
হাফিজুর রহমান মেয়রের বিরুদ্ধে খুলনা সদর থানায় মামলাটি দায়ের করেন গত বছরের ২ নভেম্বর। মামলায় অভিযোগ করা হয়, পদোন্নতি দেওয়ার কথা বলে মেয়র তৈয়েবুর রহমান ও সরদার আবু তাহের বাদির কাছ থেকে ২ লাখ ৯০ হাজার টাকা চাঁদা নেন। কিন্তু তাকে পদোন্নতিও দেওয়া হয়নি; দেওয়া টাকা ফেরতও পাননি।
তৈয়েবুর রহমানকে গত বছরের ২ নভেম্বর ঢাকায় গ্রেপ্তার করা হয়। পরদিন তার খুলনার বাসায় অভিযান চালিয়ে অস্ত্র ও মদ উদ্ধার করে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
ওই ঘটনায় অস্ত্র ও মাদক আইনে মেয়রের বিরুদ্ধে দুটি মামলা হয়। তবে এর মধ্যে অস্ত্র মামলায় গত ২২ এপ্রিল তিনি খালাস পেয়েছেন।
মেয়র তৈয়েবুর রহমানের বিরুদ্ধে দায়ের করা ১৪টি মামলার মধ্যে এ নিয়ে তিনটির রায় হলো। বাকি মামলাগুলোর মধ্যে একটি মাদক রাখা এবং একটি অর্থ আত্মসাতের অভিযোগে দায়ের করা। অন্যগুলো চাঁদাবাজি ও প্রতারণার।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/এমআই/১৪১০ ঘ.
bdnews24