২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খনি দুর্নীতি মামলায় মুজাহিদকে আগাম জামিন দেয়নি হাইকোর্ট

বড় পুকুরিয়া কয়লা খনি দুর্নীতি মামলায় জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সমাজকল্যাণ মন্ত্রী আলী আহসান মোহাম্মদ মুজাহিদকে আগাম জামিন দেয়নি হাইকোর্ট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 May 2008, 07:32 AM

Updated : 26 Aug 2022, 01:54 PM

ঢাকা, মে, ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বড় পুকুরিয়া কয়লা খনি দুর্নীতি মামলায় জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সমাজকল্যাণ মন্ত্রী আলী আহসান মোহাম্মদ মুজাহিদকে আগাম জামিন দেয়নি হাইকোর্ট। জামিন চেয়ে তার করা আবেদনটি গ্রহণে অস্বীকৃতি জানিয়ে আদালত ফেরত দিয়েছে। সোমবার বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী ও বিচারপতি আতাউর রহমান খানের বেঞ্চে মুজাহিদের আবেদনটির ওপর শুনানি হয়। পরে তার কৌসুলি ব্যারিস্টার আবদুর রাজ্জাক আগাম জামিনের আবেদনটি বিচারপতি শেখ রেজোয়ান আলী ও বিচারপতি মো. রইসউদ্দিনের বেঞ্চে শুনানি গ্রহণের জন্য আবেদন জানান। ওই বেঞ্চ আগামী রোববার আবেদনটি উপস্থাপন করতে পরামর্শ দিয়েছে। এর আগে মুজাহিদের পক্ষে বিচারপতি নজরুল ইসলামের নেতৃত্বের বেঞ্চে শুনানিতে ব্যারিস্টার আবদুর রাজ্জাক বলেন, "জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেলকে হয়রানি ও হেয় প্রতিপন্ন করার জন্য এই মামলায় আসামি করা হয়েছে। যে কোন শুভবুদ্ধিসম্পন্ন লোকেরই মনে হবে এ মামলা অসৎ উদ্দেশ্যমূলক।" তিনি আরো বলেন, মামলাটি জরুরি বিধিমালায় অনুমোদন দেওয়া হয়নি। তাই হাইকোর্টের এই বেঞ্চ এর ওপর শুনানি গ্রহণ করতে পারবেন। এ ধরণের অন্য মামলায়ও হাইকোর্টের অপর বেঞ্চ জামিনের আবেদন গ্রহণ করেছে। আদালত এ বিষয়ে সরকারি কৌসুলিকে বক্তব্য উপস্থাপন করতে বললে ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আলী আকন্দ বলেন, জরুরি ক্ষমতা বিধিমালার ১৪ বিধিতে উল্লেখিত অপরাধসমূহ এ বিধিমালার আওতায় নিতে হলে সরকারের অনুমোদনের প্রয়োজন হয়। কিন্তু ১৫ বিধির ক্ষেত্রে এই অনুমোদনের প্রয়োজন হয় না। এই মামলাটি ১৫ বিধির। জবাবে আদালত বলেন, এই বেঞ্চ এ ধরণের মামলার জামিনের আবেদন গ্রহণ করেনি। ২৫ মে মুজাহিদ দুর্নীতির এ মামলাটিতে আগাম জামিনের এ আবেদন দায়ের করেন। গত ২৬ ফেব্রুয়ারি বড় পুকুরিয়া কয়লা খনিতে ঠিকাদার নিয়োগে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে দুর্নীতি দমন কমিশন মামলাটি দায়ের করে। এতে খালেদা জিয়া, এম সাইফুর রহমান, আবদুল মান্নান ভূঁইয়া, মতিউর রহমান নিজামী ও আলী আহসান মোহাম্মদ মুজাহিদসহ জোট সরকারের ১০ মন্ত্রী এবং ৬ আমলাকে আসামি করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এএল/এসকে/২০০৮ঘ.