২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সরকারই আমাদের আন্দোলনের পথে ঠেলে দিচ্ছে: জিল্লুর

শেখ হাসিনার নেতৃত্বে দলকে যে কোনও মূল্যে ঐক্যবদ্ধ রাখার ঘোষণার মধ্যে দিয়ে আওয়ামী লীগের বর্ধিত সভা সোমবার শুরু হয়েছে। সংলাপে যাওয়া না যাওয়াসহ হাসিনার মুক্তিতে পরবর্তী কর্মসূচির বিষয়ে এ সভায় আলোচনা হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 May 2008, 06:50 AM

Updated : 26 Aug 2022, 01:54 PM

ঢাকা, মে ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শেখ হাসিনার নেতৃত্বে দলকে যে কোনও মূল্যে ঐক্যবদ্ধ রাখার ঘোষণার মধ্যে দিয়ে আওয়ামী লীগের বর্ধিত সভা সোমবার শুরু হয়েছে। সংলাপে যাওয়া না যাওয়াসহ হাসিনার মুক্তিতে পরবর্তী কর্মসূচির বিষয়ে এ সভায় আলোচনা হবে। সভার উদ্বোধনী ভাষণে আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জিল্লুর রহমান বলেছেন, সরকারই তাদের আন্দোলনের দিকে ঠেলে দিচ্ছে। ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে অনুষ্ঠিত এ সভায় দলের জেলা ও মহানগর কমিটির সভাপতি-সাধারণ সম্পাদকসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত রয়েছেন। সকাল সোয়া ১০টায় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে শুরু হয় আওয়ামী লীগের বর্ধিত সভা। দলের ভারপ্রাপ্ত সভাপতি জিল্লুর রহমান ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম যথাক্রমে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন করেন। সভায় উদ্বোধনী ভাষণে জিল্লুর রহমান বলেন, "আমরা এতদিন ধৈর্য ধরেছি। আমাদের পিঠ এখন দেয়ালে ঠেকে গেছে। এ অবস্থায় অনির্দিষ্টকাল ধৈর্য ধারণ করা ক্রমেই অসম্ভব হয়ে উঠছে। সরকারই আমাদের আন্দোলনের পথে ঠেলে দিয়েছে।" হাসিনার নেতৃত্বের প্রতি সম্মান রেখে সভামঞ্চের মাঝের চেয়ারটি খালি রাখা হয়েছে। ওই চেয়ারের দুই পাশে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্যরা এবং পেছনের তিনটি সারিতে কার্যনির্বাহী সংসদের সদস্যরা বসেছেন। কারাবন্দি শেখ হাসিনার অনুপস্থিতিতে জিল্লুর রহমান বর্ধিত সভায় সভাপতিত্ব করছেন। এদিকে শেখ হাসিনা রোববার আইনজীবীদের মাধ্যমে দলের পরবর্তী কর্মসূচির বিষয়ে বর্ধিত সভার সিদ্ধান্তের ওপর আস্থা রেখেছেন। আদালতে শেখ হাসিনার সঙ্গে কথা বলার পর অ্যাডভোকেট আব্দুল মান্নান খান সাংবাদিকদের বলেন, "শেখ হাসিনা বলেছেন- বর্ধিত সভায় নেতারাই সিদ্ধান্ত নেবেন, ভবিষ্যতে দলের রাজনীতি কী হবে। আওয়ামী লীগ ৬০ বছরের সংগঠন; এ দলের নেতারা বিভিন্ন পরীক্ষায় পরীক্ষিত। আমার বিশ্বাস, তারা সঠিক সিদ্ধান্তই নেবেন।" এর আগে গত ১৯ মে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর বৈঠক শেষে দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম সাংবাদিকদের জানান, সর্বস্তরের নেতাদের মতামতের ভিত্তিতে সংলাপে যাবে তার দল। আগামী ২৬ মে দলটির জাতীয় কমিটির বর্ধিত সভায় সর্বস্তরের নেতারা যে মতামত দেবেন তারই ভিত্তিতে কার্যনির্বাহী সংসদের বৈঠকে সংলাপের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এফএফ/এমআই/১২৪০ ঘ.