বগুড়া, মে ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জামায়াতের ৮ নম্বর ওয়ার্ড সভাপতি ও পৌর কমিশনার এরশাদুল বারী এরশাদকে জামিন পাওয়ার পর জেলগেট থেকে আবার গ্রেপ্তার করেছে যৌথবাহিনী।
রোববার বিকেলে বগুড়া জেল থেকে জামিনে মুক্তি পেয়ে বের হওয়ার সময় তাকে গ্রেপ্তার করে সদর থানায় সোপর্দ করা হয়।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান হাবিব বিডিনিউজ টেয়েন্টিফোর ডটকমকে বলেন, "এরশাদুল বারীকে জরুরি বিধিমালায় গ্রেপ্তার করা হয়েছে।"
গত ২৯ মার্চ রাতে যৌথবাহিনী এরশাদুল বারী এরশাদ, জেলা যুবলীগ সাধারণ সম্পাদক সাগর কুমার রায় ও বিএনপি জেলা কমিটি সদস্য পৌর কমিশনার দেলোয়ার হোসেন হিরুকে গ্রেপ্তার করেছিল। কয়েকদিন আগে সাগর ও হিরু জামিনে মুক্তি পেলে তাদেরও একইভাবে জেলগেট থেকে আবার গ্রেপ্তার করা হয়।
বিডিনিউজ টোয়েন্টফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২১১৫ ঘ.
bdnews24