ঢাকা, মে ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--বিএনপি ও আওয়ামী লীগ সংলাপে অংশ নেবে বলে জানিয়েছেন যোগাযোগ উপদেষ্টা গোলাম কাদের।
তিনি বলেন, "আমি নিশ্চিত যে বিএনপি ও আওয়ামী লীগ সংলাপে আসবে। ওনারা 'কনভিন্সড' হয়েই আছেন। তাদের সংলাপে আনার জন্য সব রকম চেষ্টাই করা হচ্ছে। তারাও চায় সংলাপ সফল হোক।"
রোববার সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে গোলাম কাদের এ কথা বলেন।
কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও খালেদা জিয়াকে সংলাপে উপস্থিত রাখা হবে কিনা প্রশ্ন করলে গোলাম কাদের বলেন, "বিষয়টি একটি আইনি প্রক্রিয়ায় জড়িত। এ নিয়ে বলার কিছু নেই।"
জাতির এ 'ক্রান্তিলগ্নে' বিএনপি ও আওয়ামী লীগের সংলাপে আসা প্রয়োজন বলে মন্তব্য করেন যোগাযোগ উপদেষ্টা।
সংলাপের শুরুটা ভালো হয়েছে দাবি করে গোলাম কাদের বলেন, "আমি আশাবাদী সব দলের সঙ্গে সংলাপ সফল হবে। সংলাপ বিফলে যাওয়ার কোন কারণ নেই।"
প্রধান উপদেষ্টা ড. ফখরুদ্দীন আহমদ সংলাপে অল্প সময়ের জন্য উপস্থিত ছিলেন বলে শনিবার আওয়ামী লীগের সভাপতিমন্ডলির সদস্যদের অভিযোগের বিষয়ে জিজ্ঞেস করলে গোলাম কাদের বলেন, "প্রধান উপদেষ্টা এক ঘন্টার বেশি সময় সংলাপে উপস্থিত ছিলেন। যখনই প্রয়োজন হবে তখনই তিনি আবার আসবেন।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমআরএফ/আরএ/জিএনএ/১৪০০ ঘ.
bdnews24