২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সংলাপের শুরুটা ভালো হয় নি: আওয়ামী লীগ

সংলাপের শুরুটা 'ভালো হয়নি' বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের শীর্ষ নেতারা। শনিবার দলের সভাপতিমণ্ডলীর বৈঠকে সংলাপ নিয়ে আলোচনাকালে তারা এ অভিমত দেন । (আরো তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 May 2008, 03:18 PM

Updated : 26 Aug 2022, 01:53 PM

ঢাকা, মে ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--- সংলাপের শুরুটা 'ভালো হয়নি' বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের শীর্ষ নেতারা। শনিবার দলের সভাপতিমণ্ডলীর বৈঠকে সংলাপ নিয়ে আলোচনাকালে তারা এ অভিমত দেন । শনিবার রাতে দলের ভারপ্রাপ্ত সভাপতি জিল্লুর রহমানের বাসায় সভাপতিমণ্ডলীর বৈঠকশেষে দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম সাংবাদিকদের একথা জানান। সভাপতিমণ্ডলীর সদস্যরা বৈঠকে বলেন, প্রধান উপদেষ্টা সংলাপে অল্প সময়ের জন্য উপস্থিত ছিলেন। এছাড়া সংলাপে রাজনৈতিক দলগুলোর নেতৃবৃন্দ, উপদেষ্টা পরিষদের সদস্য এবং প্রধান উপদেষ্টার বসার যে ব্যবস্থা করা হয়েছে তা ছিল 'দৃষ্টিকটু' ও 'অশালীন'।" দলের কার্যনির্বাহী সভা যে বর্ধিত সভায় তৃণমূল নেতাদের মতামতের ভিত্তিতেই সংলাপে যাওয়ার ব্যাপারে সিদ্ধান্ত নেবে- সে কথাটিও পুনর্ব্যক্ত হয়েছে ওই সভায়। 'অন্য কোনো কারণে নির্বাচন পেছালে নির্বাচন কমিশন দায়ী থাকবে না'- বলে একটি জাতীয় দৈনিককে দেওয়া সাক্ষাৎকারে নির্বাচন কমিশনার সাখাওয়াত হোসেন যে বক্তব্য দিয়েছেন সে ব্যাপারে বৈঠক থেকে উদ্বেগ প্রকাশ করা হয়েছে বলে জানান সৈয়দ আশরাফ। তিনি জানান বৈঠকে 'আগামীতে নির্বাচন কমিশন এ ধরনের কথা বলা থেকে বিরত থাকবে' বলে আশাবাদ প্রকাশ করা হয়। আগামী ২৬ মে অনুষ্ঠেয় বর্ধিত সভা সকাল দশটা থেকে শুরু হয়ে প্রায় দশঘন্টা চলবে। সৈয়দ আশরাফ বলেন, "উদ্বোধনী অধিবেশনের পর দ্বিতীয় থেকে পঞ্চম অধিবেশনে সাধারণ আলোচনা অনুষ্ঠিত হবে। সভায় কেন্দ্রীয় নেতারা উপস্থিত থাকলেও তারা কোনো বক্তব্য দেবেন না। তৃণমূল নেতাদের মতামতের ভিত্তিতেই পরে কার্যনির্বাহী সংসদের বৈঠক থেকে রাজনৈতিক সিদ্ধান্ত নেওয়া হবে।" তিনি জানান, নিরাপত্তার স্বার্থে শুধু যাদের ব্যাজ দেওয়া হবে তারাই ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশনের মূল গেটের মধ্যে ঢুকতে পারবেন। এক্রিডিটেশন কার্ড দেখিয়ে সভায় যেতে হবে সাংবাদিকদের। সাংবাদিকরা শুধুমাত্র উদ্বোধনী অধিবেশনেই উপস্থিত থাকতে পারবেন। সন্ধ্যা সাড়ে ছয়টা থেকে শুরু হয়ে সভাপতিমন্ডলীর বৈঠক প্রায় দেড়ঘন্টা চলে। জিল্লুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে সৈয়দা সাজেদা চৌধুরী, আমীর হোসেন আমু, আব্দুর রাজ্জাক, তোফায়েল আহমদ, সুরঞ্জিত সেনগুপ্ত ও মতিয়া চৌধুরী উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এমএইচসি/এসকে/২২০৭ঘ.