২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সব দলকে সংলাপে আনার উপায় খুঁজছে সরকার: হোসেন জিল্লুর

'জাতীয় স্বার্থকে' প্রাধান্য দিয়ে বড় দুটি দল সংলাপে অংশ নেবে বলে আশা করছেন শিক্ষা ও বাণিজ্য উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান। তিনি বলেন, "সব রাজনৈতিক দলকে সংলাপে আনতে আইনি প্রক্রিয়া সমুন্নত রেখে সংকট সমাধানের পথ খুঁজছে সরকার।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 May 2008, 12:32 PM

Updated : 26 Aug 2022, 01:53 PM

চট্টগ্রাম, মে ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- 'জাতীয় স্বার্থকে' প্রাধান্য দিয়ে বড় দুটি দল সংলাপে অংশ নেবে বলে আশা করছেন শিক্ষা ও বাণিজ্য উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান। তিনি বলেন, "সব রাজনৈতিক দলকে সংলাপে আনতে আইনি প্রক্রিয়া সমুন্নত রেখে সংকট সমাধানের পথ খুঁজছে সরকার।" সংলাপকে জাতীয় আশা আকাক্সক্ষার প্রতিফলন অভিহিত করে উপদেষ্টা এ নিয়ে সৃষ্ট সংকট সমাধানে সরকারের উদ্যোগে রাজনীতিবিদদের আস্থা রাখার আহবান জানান। শনিবার দুপুরে নগরীর জামালখানে ডা. খাস্তগীর সরকারি উচ্চ বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠান শেষে বাণিজ্য উপদেষ্টা সাংবাদিকদের এ কথা বলেন। প্রধান দুই দলের অংশগ্রহণ ছাড়া চলমান সংলাপ অর্থবহ হবে কিনা- এ ব্যাপারে জানতে চাইলে তিনি কোন মন্তব্য করতে রাজী হননি। তিনি বলেন, "ঝুঁকি নিয়ে হলেও সরকারের ওপর বিশ্বাস রেখেই প্রধান দুই দলের নেতাদের সংলাপে আসা উচিত।" হোসেন জিল্লুর বলেন, "সরকারের ওপর বিশ্বাসের ঝুঁকিটা রাজনীতিবিদদের নিতেই হবে। আস্থার পরিবেশ তৈরি করতে সরকার সব ধরনের উদ্যোগ নিয়েছে।" সংলাপ সফল করতে প্রধান দুই দলের নেতাদের প্রতি তিনি আহবান জানান। সকালে খাস্তগীর স্কুলের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাণিজ্য উপদেষ্ট। প্রধান শিক্ষক হাসমত জাহানের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- চট্টগ্রাম জেলা প্রশাসক আশরাফ শামীম, চট্টগ্রামের শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী শাহজাহান পাটোয়ারী, চট্টগ্রাম শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ড. মোহাম্মদ ইউসুফ। উপদেষ্টা বলেন, "জাতি হিসেবে এগিয়ে যাওয়ার জন্য আমাদের পরিষ্কার সিদ্ধান্ত নেওয়ার সময় এসেছে। এ ক্ষেত্রে মেধাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে।" তিনি বলেন, "নিজেদের মাঝে কথা ও কাজের ফারাক কমিয়ে আনতে হবে। অন্যথায় অগ্রগতি সম্ভব হবে না।" উপদেষ্টা বিদ্যালয়ে নতুন একটি ছয়তলা একাডেমিক ভবন নির্মাণের ঘোষণা দেন। পরে তিনি কৃতি শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এমএসবি/জিএনএ/১৮২৯ ঘ.