ঢাকা, মে ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপিকে নির্বাচনের বাইরে রাখার ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেছেন খোন্দকার দেলোয়ার হোসেন। খালেদা জিয়ার অংশগ্রহণ ছাড়া সংলাপ সফল হবে না বলেই মনে করেন তিনি। এ জন্য তিনি বিএনপি চেয়ারপারসনের মুক্তিও দাবি করেছেন। বর্তমান নির্বাচন কমিশনের অধীনে সুষ্ঠু নির্বাচনের বিষয়ে আবারও সংশয় প্রকাশ করেছেন দলটির খালেদা জিয়া মনোনীত এই মহাসচিব।
শনিবার '৮০ দশকের ছাত্রদল নেতৃবৃন্দ' নামে নতুন একটি সংগঠনের ঢাকা মহানগর কমিটির পরিচিতি সভায় খোন্দকার দেলোয়ার হোসেন বলেন, "একটি মহল বিএনপিকে নির্বাচনের বাইরে রাখার ষড়যন্ত্র করছে। বিএনপিকে বাদ দিয়ে নির্বাচন করার পরিকল্পনা করছে তারা।"
এ বিষয়ে সতর্ক থাকতে নেতা-কর্মীদের আহ্বান জানান তিনি। তবে তিনি 'ষড়যন্ত্র'র বিষয়ে বিস্তারিত কিছু বলেননি।
সংলাপ সফল করতে কারাবন্দি খালেদা জিয়ার অংশগ্রহণ নিশ্চিত করতে সরকারের প্রতি দাবি জানিয়ে খোন্দকার দেলোয়ার বলেন, "সুষ্ঠু নির্বাচনের স্বার্থে সংলাপকে অর্থবহ করতে হলে খালেদা জিয়াকে উপস্থিত করতে হবে; তাকে মুক্তি দিতে হবে। তাকে মুক্তি দিয়ে সরকারকে সদিচ্ছার প্রমাণ দিতে হবে।"
খালেদা জিয়ার পাশাপাশি আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার মুক্তি চেয়ে দেলোয়ার হোসেন বলেন, "তাদের (খালেদা জিয়া ও শেখ হাসিনা) ছাড়া দেশে কোনও সুষ্ঠু নির্বাচন হবে না। জনগণও তা কোনোভাবে মেনে নেবে না।"
বর্তমান নির্বাচন কমিশনের সমালোচনা করে তিনি বলেন, "এ কমিশন বিতর্কিত হয়ে পড়েছে। সংসদের আসন সংখ্যা বৃদ্ধি, সংবিধানের ৭০ অনুচ্ছেদ বাতিলসহ এমন সব প্রস্তাব তারা করছেন- যা তাদের সাংবিধানিক দায়িত্ব বহির্ভূত। এ রকম কমিশনের অধীনে সুষ্ঠু নির্বাচন হবে কিনা, তা নিয়ে আমার সংশয় রয়েছে।"
এ প্রসঙ্গে খোন্দকার দেলোয়ার আরও বলেন, "যেনতেনভাবে নির্বাচন হলে তাতে বিএনপি সম্পৃক্ত হবে না।"
যথাসময়ে নির্বাচন করা নিয়ে হাইকোর্টের স
bdnews24