২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অশুভ শক্তি কিছু একটা করতে পারে: হাসিনা

আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা বলেছেন, দেশের যে পরিস্থিতি তাতে 'অশুভ শক্তি' কিছু একটা করতে পারে। এর বিরুদ্ধে আন্দোলনের জন্য দেশবাসীকে প্রস্তুত থাকার আহ্বান জানান তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 May 2008, 01:20 PM

Updated : 26 Aug 2022, 01:52 PM

ঢাকা, মে ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা বলেছেন, দেশের যে পরিস্থিতি তাতে 'অশুভ শক্তি' কিছু একটা করতে পারে। এর বিরুদ্ধে আন্দোলনের জন্য দেশবাসীকে প্রস্তুত থাকার আহ্বান জানান তিনি। বুধবার ভাসমান বিদ্যুৎ কেন্দ্র দুর্নীতি মামলার শুনানি শেষে হাসিনা তার আইনজীবীদের মাধ্যমে একথা বলেন। শেখ হাসিনার সঙ্গে কথা বলে তার আইনজীবী অ্যাডভোকেট কামরুল ইসলাম সাংবাদিকদের জানান, দেশ নিয়ে গভীর ষড়যন্ত্র চলছে বলে তাদেরকে বলেছেন আওয়ামী লীগ প্রধান। তিনি বলেছেন, "গণতন্ত্র আজ হুমকির সম্মুখীন। নির্বাচন হবে কিনা তা নিয়ে সংশয় রয়েছে। সংশয় রয়েছে সংলাপ নিয়েও।" হাসিনা আরো বলেন,"দেশের বর্তমান যে রাজনৈতিক অবস্থা তাতে ঐক্যবদ্ধ থাকার কোন বিকল্প নেই। ঐক্যবদ্ধভাবেই সব ষড়যন্ত্র মোকাবিলা করা সম্ভব।" কামরুল ইসলাম বলেন, "বঙ্গবন্ধু ট্রাস্টের নামে যে অনুদান দেওয়ায় এই মামলা দায়ের করা হয়েছে। এই হিসেবে সেনাবাহিনীর গলফ ক্লাবের নামে যে অনুদান দেওয়া হয়েছে সে জন্য মামলা করা যায়। সিডর আক্রান্তদের জন্য প্রধান উপদেষ্টা যে অনুদান নিয়েছেন সে জন্যও মামলা করা যায়। এভাবে সব অনুদান গ্রহণকারীদের বিরুদ্ধেই মামলা করা সম্ভব।" তিনি আরও বলেন,"এজাহারে বলা হয়েছে নাতাসা ও নাসরিন ৮টি চেকের মাধ্যমে টাকা নিয়েছেন। অথচ বাদি তার সাক্ষ্যে বলেছেন, শেখ হাসিনা নিজেই ওই টাকা নিয়েছেন। এতেই প্রমাণিত হয় এ অভিযোগ মিথ্যা।" সকাল সোয়া ১০টার দিকে বিশেষ জজ আদালত-১ এর বিচারক মো. ফিরোজ আলমের আদালতে এই মামলার সাক্ষ্য নেওয়া শুরু হয়। ভাসমান বিদুৎ কেন্দ্র দুর্নীতি মামলায় শেখ হাসিনাসহ সব আসামির বিরুদ্ধে গত ১৮ মে অভিযোগ গঠন করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/এমএআর/এফএফ/এসকে/এমএ/১৯১৫ ঘ.