ঢাকা, মে ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) -- আগামী ডিসেম্বরের মধ্যে একটি নির্বাচিত সরকার প্রতিষ্ঠা এবং দেশকে অনিশ্চায়তা থেকে রক্ষা করার শেষ চেষ্টা হিসাবে আওয়ামী লীগকে সংলাপে যাওয়ার অনুরোধ জানিয়েছে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ)।
তবে আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জিল্লুর রহমান বলেছেন, তারা সংলাপে যাবেন কিনা তা এখনো স্থির করেননি।
জাসদের সভাপতি হাসানুল হক ইনু বলেন, "আমরা অনাস্থা ও অবিশ্বাস নিয়ে সংলাপে অংশ নিতে যাচ্ছি। আওয়ামী লীগসহ সব রাজনৈতিক দল অংশ না নিলে সংলাপ সফল হবে না।" আওয়ামী লীগের অংশগ্রহণ নিশ্চিত করতে সংলাপে শেখ হাসিনার উপস্থিতি অপরিহার্য বলে মন্তব্য করেন তিনি।
বুধবার ভারপ্রাপ্ত সভাপতি জিল্লুর রহমানের গুলশানের বাসভবনে আওয়ামী লীগের সঙ্গে জাসদের দ্বিপাক্ষিক বৈঠক শেষে জাসদের সভাপতি হাসানুল হক ইনু এসব কথা বলেন।
তিনি বলেন, "সরকার শেখ হাসিনাকে সংলাপে অংশগ্রহণের সুযোগ করে দেবে বলে আমরা আশাবাদী।"
প্রায় ঘন্টাব্যাপী বৈঠক শেষে জিল্লুর রহমান বলেন, "জাসদের সঙ্গে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আমাদের গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে। আমরা সংলাপে যাবো কিনা তা এখনো স্থির করিনি। তবে, জাসদ যাবে। প্রধান উপদেষ্টার ভাষণে জাতি হতাশ হয়েছে। তাই সংলাপ কতোটা সফল হবে তা নিয়ে জাতি সন্দিহান। জাসদও মনে করে শেখ হাসিনার অনুপস্থিতিতে সংলাপ সফল হবে না।"
'ছোট' দলগুলোকে সংলাপে আগে ডাকা হবে বলে তত্ত্বাবধায়ক সরকারের এক উপদেষ্টার বক্তব্যের সমালোচনা করে আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বলেন, "রাজনীতিতে ছোট-বড় বলে কিছু নেই। সব দলেরই একট আদর্শ আছে। এই ধরনের বক্তব্য বৈষম্যমূলক ও অপমানজনক।"
তিনি বলেন, শেখ হাসিনার মুক্তিসহ ছয় দফা দাবিতে মঙ্গলবার দেশব্যাপী আওয়ামী লীগের গণঅনশন কর্মসূচী সফল হয়েছে। কোনো কোনো স্থানে জামাতও একই দাবিতে অনশন করেছে বলে দাবি করেন তিনি।
আগামীতে জামাতকে সঙ্গে নিয়ে আওয়ামী লীগ আন্দোলনে যাবে কিনা সাংবাদিকদের এই প্রশ্নের জবাবে জিল্লুর রহমান বলেন, "এরকম কোনো সম্ভাবনাই নেই।"
আলোচনায় জিল্লুর রহমান ছাড়াও উপস্থিত ছিলেন আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, মতিয়া চৌধুরী, সৈয়দ আশরাফ হোসেন, সৈয়দ জাফর সাজ্জাদ, মাইনুদ্দিন খান বাদল, শিরিন আখতার, অ্যাডভোকেট হাবিবুর রহমান শওকত ও মনসুর আহমদ আগা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/আরএ/এমএ/১৫১৫ ঘ.
bdnews24