২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিদ্যুৎ কেন্দ্র মামলা নিয়ে হাসিনার রিটের চূড়ান্ত শুনানি বৃহস্পতিবার

ভাসমান বিদ্যুৎ কেন্দ্র দুর্নীতির মামলার বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে শেখ হাসিনার দায়ের করা রিট আবেদনের চূড়ান্ত শুনানি হবে বৃহস্পতিবার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 May 2008, 08:39 AM

Updated : 26 Aug 2022, 01:52 PM

ঢাকা, মে ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভাসমান বিদ্যুৎ কেন্দ্র দুর্নীতির মামলার বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে শেখ হাসিনার দায়ের করা রিট আবেদনের চূড়ান্ত শুনানি হবে বৃহস্পতিবার। নির্ধারিত সময়ে মামলার বিচার শেষ না হওয়ায় মামলা কার্যক্রমের বৈধতার প্রশ্নে শেখ হাসিনা রিট আবেদনটি দায়ের করেন। সংসদ ভবনের বিশেষ আদালতে এ মামলার কার্যক্রম চলছে। এ মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সাত জন আসামি। বুধবার বিচারপতি এম এ রশিদ ও বিচারপতি মো. আশফাকুল ইসলামের হাইকোর্ট বেঞ্চে হাসিনার রিটটির ওপর চূড়ান্ত শুনানির দিন নির্ধারণের জন্য শেখ হাসিনার পক্ষে তার কৌঁসুলী ব্যারিস্টার শফিক আহমেদ আবেদন করলে আদালত বৃহস্পতিবার এর চূড়ান্ত শুনানির দিন নির্ধারণ করেন। জরুরি বিধিমালায় অন্তর্ভুক্ত এ মামলাটির বিচার কাজ নির্ধারিত ৬০ দিনের মধ্যে শেষ না করায় এর বৈধতা নিয়ে গত ১১ মে হাইকোর্টে রিট আবেদন করেন শেখ হাসিনা। হাসিনার আবেদন গ্রহণ করে পরদিন আদালত মামলার বিচার কাজ অব্যাহত রাখা কেন অবৈধ ঘোষণা করা হবে না- তা জানতে চেয়ে সরকার, দুর্নীতি দমন কমিশন ও ঢাকার ১ নম্বর বিশেষ জজ আদালতকে কারণ দর্শাতে বলে। তবে হাইকোর্ট ভাসমান বিদ্যুত কেন্দ্র মামলাটির নিু আদালতের বিচার কার্যক্রমের ওপর স্থগিতাদেশ দেয়নি। ফলে নিু আদালতে মামলার কার্যক্রম চলছে। বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টের নামে তিন কোটি টাকা ঘুষ নিয়ে বেসরকারি খাতে তিনটি ভাসমান বিদ্যুত প্রকল্প স্থাপনের কাজে একটি প্রতিষ্ঠানকে বিশেষ সুবিধা দেওয়ার অভিযোগে দুর্নীতি দমন কমিশন গত বছরের ২ সেপ্টেম্বর তেজগাঁও থানায় এ মামলা দায়ের করে। মামলার অপর আসামিরা হলেন, সাবেক বিদ্যুত ও জ্বালানি সচিব ড. তৌফিক-ই এলাহী চৌধুরী, বিদ্যুত উন্নয়ন বোর্ডের সাবেক চেয়ারম্যান নূরউদ্দিন আহমেদ কামাল, সামিট ইন্ডাস্ট্রিজ অ্যান্ড মার্কেন্টাইল কর্পোরেশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আজিজ খান, পরিচালক মোহাম্মদ ফরিদ খান, ইউনাইটেড গ্র"পের চেয়ারম্যান হাসান মাহমুদ রাজা ও পরিচালক আবুল কালাম আজাদ। গত বছরের ২০ সেপ্টেম্বর মামলাটি জরুরি ক্ষমতা বিধিমালায় অন্তর্ভু"ক্ত করে সরকার। গত ১১ জানুয়ারি এ মামলায় অভিযোগপত্র দেওয়া হয়। ১৮ মে আদালতে মামলার অভিযোগ গঠন হয়। আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা গত বছরের ১৬ জুলাই গ্রেপ্তার হন। এ মামলায় তাকে গত বছরের ১৯ সেপ্টেম্বর গ্রেপ্তার দেখানো হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এমআই/১৪৩৪ ঘ.