২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাসিনার নাইকো মামলা সংসদ ভবনের বিশেষ জজ আদালতে

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৯ জনের বিরুদ্ধে দায়ের করা নাইকো দুর্নীতির মামলা সংসদ ভবনের ২ নম্বর বিশেষ জজ আদালতে পাঠানো হয়েছে। বুধবার ঢাকার সিনিয়র বিশেষ জজ মো. আজিজুল হক মামলা স্থানান্তরের নির্দেশ দেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 May 2008, 06:49 AM

Updated : 26 Aug 2022, 01:52 PM

ঢাকা, মে, ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--- সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৯ জনের বিরুদ্ধে দায়ের করা নাইকো দুর্নীতির মামলা সংসদ ভবনের ২ নম্বর বিশেষ জজ আদালতে পাঠানো হয়েছে। বুধবার ঢাকার সিনিয়র বিশেষ জজ মো. আজিজুল হক মামলা স্থানান্তরের নির্দেশ দেন। আইনজীবী খন্দকার আবদুল মান্নান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এই তথ্য দেন। তিনি বলেন,"ইতিমধ্যেই মামলাটির বিচার কাজ শুরুর প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এখন সংসদ ভবনে স্থাপিত বিশেষ জজ আদালতে বিচার শুরু হবে।" মামলার অন্য আসামিরা হলেন সাবেক বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অধ্যাপক রফিকুল ইসলাম, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক মুখ্য সচিব ড. এস এ সামাদ, সাবেক জ্বালানি সচিব ড. তৌফিক-ই-ইলাহী চৌধুরী, সাবেক জ্বালানি সচিব ড. এম আকমল হোসেন, পেট্রোবাংলার সাবেক চেয়ারম্যান মো. মোশাররফ হোসেন, নাইকো রিসোর্সেস বাংলাদেশ লি. এর ভাইস প্রেসিডেন্ট কাশেম শরীফ, বহির্সম্পদ বিভাগের সাবেক সচিব ড. এ কে এম মশিউর রহমান ও পেট্রোবাংলার সাবেক পরিচালক সৈয়দ আনোয়ারুল হক। মশিউর রহমান ও আনোয়ারুল হকের নাম মামলার এজাহারে ছিল না। তদন্তের পর তাদের নাম অভিযোগপত্রে যুক্ত করা হয়। ক্ষমতার অপব্যবহার করে তিনটি গ্যাসক্ষেত্র পরিত্যক্ত দেখিয়ে বিদেশি কোম্পানি নাইকোর হাতে 'তুলে দেওয়ার' অভিযোগে দায়ের করা মামলায় শেখ হাসিনাসহ ৯ জনের বিরুদ্ধে ৭ মে আদালতে অভিযোগপত্র দাখিল করেন দুর্নীতি দমন কমিশনের উপ পরিচালক এম এম সাব্বির হাসান । অভিযোগপত্রে বলা হয়েছে, আসামিরা যোগসাজশ করে বিনা টেন্ডারে ছাতক, কামতা ও ফেনী গ্যাস ক্ষেত্রের ১ হাজার ৭৯৪ ট্রিলিয়ন ঘনফুট গ্যাস নাইকোকে উত্তোলনের সুযোগ দিয়ে রাষ্ট্রের ১৩ হাজার ৬৩০ কোটি ৫০ লাখ টাকার ক্ষতি করেছেন। সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার বিরুদ্ধেও নাইকো নিয়ে পৃথক দুর্নীতি মামলা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এএইচডি-ইএইচবি/এসকে/১২৪৩ঘ.