ঢাকা, মে ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - স্থানীয় সরকারের সিটি করপোরেশন ও পৌরসভা অধ্যাদেশের আলোকে এক সপ্তাহের মধ্যে স্থানীয় সরকার নির্বাচন বিধিমালা চূড়ান্ত করবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন।
মঙ্গলবার কমিশনের এক সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।
সাখাওয়াত হোসেন বলেন, "এক সপ্তাহের মধ্যে স্থানীয় সরকারের সিটি করপোরেশন ও পৌরসভা নির্বাচনের জন্য বিধিমালা চূড়ান্ত করা হবে। প্রস্তাবনাগুলো আরেকটু যাছাই-বাছাই করে আইন মন্ত্রণালয়ে পাঠানো হবে। মন্ত্রণালয়ের অনুমোদনের পরপরই ইসি বিধিমালা প্রণয়ন করবে। "
তিনি জানান, স্থানীয় সরকার সিটি কর্পোরেশন অধ্যাদেশ ২০০৮ ও স্থানীয় সরকার পৌরসভা অধ্যাদেশ ২০০৮-এর গেজেট মঙ্গলবার হাতে পেয়েছে নির্বাচন কমিশন।
গত ২৪ এপ্রিল স্থানীয় সরকার সম্পর্কিত তিনটি অধ্যাদেশের চূড়ান্ত অনুমোদন দেয় উপদেষ্টা পরিষদ। এতে জাতীয় বা আর্ন্তজাতিক কোনো আদালতে যুদ্ধাপরাধের দায়ে দণ্ডিত, বাংলাদেশের নাগরিকত্ব হারানো, আদালত কর্তৃক অপ্রকৃতিস্থ ঘোষিত, ফৌজদারি অপরাধে কমপক্ষে দুই বছরের সাজাপ্রাপ্ত, ঋণখেলাপসহ মোট ২০টি কারণে কোনো ব্যক্তি নির্বাচনে অংশ না নেওয়ার বিধান রাখা হয়।
কমিশন কর্মকর্তারা জানান, স্থানীয় সরকার অধ্যাদেশের সঙ্গে সামঞ্জস্য রেখে এবং ভোটার সংখ্যার ভিত্তিতে প্রার্থীর নির্বাচনী ব্যয় নির্ধারণ করে স্থানীয় সরকার নির্বাচন বিধিমালা প্রণয়ন করা হচ্ছে। এজন্য ইসি ৩৩ পৃষ্ঠার খসড়া তৈরি করেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/টিএইচ/এসএনডি/১৯৪০ ঘ.
bdnews24