ঢাকা, মে ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, দলের সভানেত্রী শেখ হাসিনার মুক্তির জন্য প্রয়োজনে তারা রাজপথে নামবেন।
তিনি বলেন, "শেখ হাসিনাকে ছাড়া আওয়ামী লীগ সরকারের সঙ্গে সংলাপে যাবে না। সংলাপে গেলে আমরা তাকে সঙ্গে নিয়েই যাবো। প্রয়োজনে তার মুক্তির জন্য আমরা রাজপথে নামবো।"
মঙ্গলবার সাভারে আওয়ামী লীগের গণঅনশন কর্মসূচি শেষে সৈয়দ আশরাফুল ইসলাম এ কথা বলেন। তিনি নেতা-কর্মীদের শরবত পান করিয়ে অনশন ভঙ্গ করান। এ সময় তার সঙ্গে ছিলেন আওয়ামী লীগের সাবেক সাংসদ আ খ ম জাহাঙ্গীর, আসাদুজ্জামান নূর ও শেখ হাসিনার বিশেষ সহকারী ড. হাসান মাহমুদ।
কারাবন্দি শেখ হাসিনার মুক্তিসহ ছয় দফা দাবিতে আওয়ামী লীগ রাজধানী ছাড়া সারাদেশে গণঅনশন কর্মসূচি পালন করে। সকাল ১০ টা থেকে চারটা পর্যন্ত এ কর্মসূচিতে ঢাকার আশপাশের বিভিন্ন জেলায় আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা যোগ দেন।
বিভিন্ন মহানগরীসহ জেলা ও উপজেলা সদর, ইউনিয়ন, ওয়ার্ড পর্যায়ে মঙ্গলবার সকাল ১০টা থেকে প্রতীকী এ অনশন কর্মসূচি শুরু করে আওয়ামী লীগ এবং এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। সারাদেশে ঘরোয়া রাজনীতির ওপর নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পর গত ১৪ মে এ কর্মসূচি ঘোষণা করা হয়।
একই দাবিতে রাজধানীতে এর আগেই গণঅনশন, গণস্বাক্ষর অভিযান চালানো হয়। ঢাকায় ঘরোয়া রাজনীতির ওপর নিষেধাজ্ঞা গত বছরের ১০ সেপ্টেম্বর তুলে নেয় সরকার।
আওয়ামী লীগের ৬ দফা দাবির মধ্যে রয়েছে নির্বাচন সফল করতে অবিলম্বে শেখ হাসিনার মুক্তি; মুক্ত মানুষ হিসাবে তাকে সংলাপ ও নির্বাচনে অংশগ্রহণের সুযোগ করে দেওয়া; উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে যাওয়ার অনুমতি দেওয়া, জরুরি অবস্থা পুরোপুরি প্রত্যাহার ও ঘরোয়া রাজনীতির ওপর থেকে আরোপিত সব নিষেধাজ্ঞা প্রত্যাহার; রাজনৈতিক নেতাদের ওপর দায়ের করা সব মামলা প্রত্যাহার; আটক রাজনৈতিক নেতা-কর্মীদের মুক্তি; গণমাধ্যমের ওপর হস্তক্ষেপ বন্ধ, নির্বাচনের তফসিল ঘোষণা ও সীমানা পুনর্নির্ধারণ স্থগিত, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ, অবিলম্বে যুদ্ধাপরাধীদের বিচার ও নির্বাচনে তাদের অংশগ্রহণ নিষিদ্ধ করা এবং বঙ্গবন্ধুকে ইতিহাসে যথাযথ স্থান দেওয়া এবং বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের বিচার প্রক্রিয়া শেষ করা।
আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাবের হোসেন চৌধুরী সকাল ১০টায় ময়মনসিংহের ত্রিশালে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে অনশন কর্মসূচি শুরু করেন। সেখান থেকে তিনি সদর ও ফুলপুর উপজেলায় কর্মসূচিতে যোগ দেন। এছাড়া তিনি শেরপুর ও জামালপুরে কর্মসূচিতে যোগ দেন। সেখানে তিনি নেতা-কর্মীদের সঙ্গে কথা বলেন।
ত্রিশালে সাবের হোসেন চৌধুরী নেতা-কর্মীদের উদ্দেশে বলেন, সব জেলা, উপজেলায় দলের সর্বোচ্চ সাংগঠনিক প্রস্তুতি বজায় রাখতে হবে যাতে কোন কর্মসূচি দিলে তা পালন করা যায়।
নারায়ণগঞ্জ শহরের কেন্দ্রস্থল ২ নম্বর রেলগেট এলাকায় জেলা আওয়ামী লীগ কার্যালয়ে গণঅনশন কর্মসূচি পালিত হয়। শহর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খোকন সাহাসহ জেলার প্রায় শতাধিক নেতাকর্মী কর্মসূচিতে অংশ নেন। আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আবদুর রাজ্জাক দুপুরের পর কর্মসূচিতে যোগ দেওয়ার কথা রয়েছে বলে জেলা নেতারা জানিয়েছেন। এছাড়া উপজেলাগুলোতেও একই কর্মসূচি পালিত হচ্ছে বলে স্থানীয় নেতারা জানান।
সাভার বাসস্ট্যান্ডের আমিন কমিউনিটি সেন্টারে সকাল ১০টা থেকে আওয়ামী লীগের গণঅনশন কর্মসূচি শুরু হয়। প্রায় ৩০-৩৫ জন নেতাকর্মী অনশন কর্মসূচিতে অংশ নেন। কর্মসূচির উদ্বোধন করেন ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি বেনজির আহমেদ। এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা মুরাদ জং, ঢাকা জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ফিরোজ কবির, সাভার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলী হায়দার, সাংগঠনিক সম্পাদক মাসুদ চৌধুরী, সাভার পৌর আওয়ামী লীগে সাধারণ সম্পাদক আবদুল গণি।
নরসিংদী শহরের জেলা আওয়ামী লীগ কার্যালয়ে সকাল ৯টা থেকেই অনশন কর্মসূচি শুরু করে আওয়ামী লীগ নেতা-কর্মীরা। জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট হাসানুজ্জামান ও সাধারণ সম্পাদক আবদুল মতিন ভূঁইয়ার নেতৃত্বে প্রায় শতাধিক নেতাকর্মী এই কর্মসূচিতে অংশ নেন। বিকালে দলের সভাপতিমণ্ডলীর সদস্য সুরঞ্জিত সেন গুপ্ত শরবত পান করিয়ে অনশন ভাঙান।
মুন্সীগঞ্জ শহরের মুন্সীগঞ্জ কমিউনিটি সেন্টারে জেলা আওয়ামী লীগের অনশন চলাকালে দলের সভাপতিমণ্ডলীর সদস্য তোফায়েল আহমেদ বলেছেন, শেখ হাসিনাকে ছাড়া দলটি সংলাপে যাবে না। তাকে ছাড়া কোনভাবেই সংলাপ অর্থবহ হবে না। তিনি শেখ হাসিনাকে মুক্তি দেওয়ার এবং জরুরি অবস্থা প্রত্যাহার করে জনগণের রাজনৈতিক অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান। সকাল ১০টা থেকে গণঅনশন কর্মসূচি শুরু হয়।
দলের সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী ও তোফায়েল আহমেদ, সাংগঠনিক সম্পাদক আবদুল মান্নান দুপুর ১২টার দিকে অনশনস্থলে আসেন।জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জামাল হোসেনের নেতৃত্বে প্রায় শতাধিক নেতাকর্মী অনশন কর্মসূচিতে অংশ নেন।
কেন্দ্রীয় নেতারা পরে সিরাজদিখান, লৌহজং ও শ্রীনগরে অনশন কর্মসূচিতে অংশ নেন।
মানিকগঞ্জ শহরের শহীদ রফিক সড়কে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে সকাল ১০টার দিকে গণঅনশণ কর্মসূচি শুরু হয়। জেলা আওয়ামী লীগের সহ সভাপতি আব্দুস সালাম, সাধারণ সম্পাদক গাজী কামরুল হুদার নেতৃত্বে প্রায় অর্ধ শতাধিক নেতাকর্মী এতে অংশ নেন। আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক দেওয়ান শফিউল আরেফীন টুটুল অনশন কর্মসূচিতে উপস্থিত ছিলেন।
গাজীপুর শহরের রাজবাড়ী রোডে জেলা আওয়ামী লীগের পুরাতন কার্যালয়ের সামনে সকাল ৯টা থেকে গণঅনশন কর্মসূচি শুরু হয়। এ সময় জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আ ক ম মোজাম্মেল হক, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আজমত উল
bdnews24