ঢাকা, মে ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - শেখ হাসিনাকে ছাড়া সংলাপ ও নির্বাচন কোনোটাতেই না যাওয়ার কথা আবারো বললেন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জিল্লুর রহমান।
অবিলম্বে শেখ হাসিনার মুক্তি দাবি করে তিনি বলেন, "সংলাপ বা নির্বাচন কোনোটাতেই আমরা নেত্রীকে (শেখ হাসিনা) ছাড়া যাব না।"
সোমবার বিকালে গুলশানে নিজের বাসায় ঢাকা আইনজীবী সমিতির নবনির্বাচিত সদস্যদের সঙ্গে এক মতবিনিময় সভায় জিল্লুর রহমান এ কথা বলেন।
অনুষ্ঠানে উপস্থিত আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম বলেন, "বিচার বিভাগ আলাদা হলেও স্বাধীন হয়নি। বিচার বিভাগকে স্বাধীন করতে হবে। কোনো একটা অদৃশ্য স্থান থেকে বিচার বিভাগকে নিয়ন্ত্রণ করা হচ্ছে।"
সভাপতি খন্দকার আব্দুল মান্নান ও সাধারণ সম্পাদক আব্দুর রহমান হাওলাদারসহ সমিতির নবনির্বাচিত প্রতিনিধিদের শুভেচ্ছা জানান জিল্লুর রহমান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/টিএইচ/জেকে/এমএ/২০১৭ ঘ.
bdnews24