২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৬ দফা দাবিতে আ.লীগের গণঅনশন মঙ্গলবার

শেখ হাসিনার মুক্তি এবং তাকে মুক্ত মানুষ হিসাবে সংলাপে ও নির্বাচনে অংশগ্রহণের সুযোগ করে দেওয়াসহ ছয় দফা দাবিতে মঙ্গলবার দেশব্যাপী গণঅনশন কর্মসূচী পালন করবে আওয়ামী লীগ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 May 2008, 09:57 AM

Updated : 26 Aug 2022, 01:51 PM

ঢাকা, মে ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- শেখ হাসিনার মুক্তি এবং তাকে মুক্ত মানুষ হিসাবে সংলাপে ও নির্বাচনে অংশগ্রহণের সুযোগ করে দেওয়াসহ ছয় দফা দাবিতে মঙ্গলবার দেশব্যাপী গণঅনশন কর্মসূচী পালন করবে আওয়ামী লীগ। ঢাকা মহানগর ছাড়া দেশের প্রতিটি জেলা, উপজেলা ও ইউনিয়নে এবং মহানগর ও ওয়ার্ডেও এই গণঅনশন কর্মসূচী পালন করা হবে। সোমবার সকালে দলের ভারপ্রাপ্ত সভাপতি জিল্লুর রহমানের বাসভবনে সভাপতিমন্ডলীর বৈঠক অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে অংশ নিতে কেন্দ্রীয় নেতারা ঢাকার আশেপাশের জেলাগুলোতে যাবেন বলে বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয় । গত ১৪ মে এই কর্মসূচী ঘোষণা করা হয়। কর্মসূচী মঙ্গলবার সকাল দশটায় শুরু হয়ে বিকাল চারটায় শেষ হবে। আওয়ামী লীগের ছয় দফা দাবির মধ্যে রয়েছে নির্বাচন সফল করতে অবিলম্বে শেখ হাসিনার মুক্তি; মুক্ত মানুষ হিসাবে তাকে সংলাপ ও নির্বাচনে অংশগ্রহণের সুযোগ করে দেওয়া ; উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে যাওয়ার অনুমতি দেওয়া, জরুরী অবস্থা পুরোপুরি প্রত্যাহার ও ঘরোয়া রাজনীতির ওপর থেকে আরোপিত সব নিষেধাজ্ঞা প্রত্যাহার; রাজনৈতিক নেতাদের ওপর দায়ের করা সব মামলা প্রত্যাহার; রাজবন্দীদের মুক্তি; গণমাধ্যমের ওপর হস্তক্ষেপ বন্ধ, নির্বাচনের তফসিল ঘোষণা ও সীমানা পুনর্নির্ধারণ স্থগিত, দ্রব্যমূল্যের উর্ধ্বগতি রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ, অবিলম্বে যুদ্ধাপরাধীদের বিচার ও নির্বাচনে তাদের অংশগ্রহণ নিষিদ্ধ করা এবং বঙ্গবন্ধুকে সমহিমায় প্রতিষ্ঠিত করা ও বঙ্গবন্ধু হত্যাকান্ডের বিচার সম্পন্ন করা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/আরএ/এমএ/১৫৫২ ঘ.