ঢাকা, মে ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- শেখ হাসিনার উপস্থিতি ছাড়া সংলাপ সফল হবে না বলে মন্তব্য করেছেন ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন।
ওয়ার্কার্স পার্টি সরকারের সঙ্গে সংলাপে অংশ নেবে জানিয়ে দলটির সভাপতি রাশেদ খান মেনন বলেন, "শেখ হাসিনার উপস্থিতি ছাড়া সংলাপ সফল হবে না, সেটা বলার জন্যই আমরা সংলাপে যাবো।"
সরকারের সঙ্গে রাজনৈতিক দলের সংলাপকে সামনে রেখে সোমবার দুপুরে আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জিল্লুর রহমানের বাসভবনে দলটির নীতিনির্ধারকদের সঙ্গে ওয়ার্কার্স পার্টির এক বৈঠক অনুষ্ঠিত হয়।
প্রায় ঘন্টাব্যাপী বৈঠক শেষে জিল্লুর রহমান সাংবাদিকদের বলেন, "ওয়ার্কার্স পার্টির সঙ্গে আমাদের আলোচনা ফলপ্রসু হয়েছে। দু'দলই একমত হয়েছি যে জাতির উদ্দেশে দেওয়া প্রধান উপদেষ্টার ভাষণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।"
তিনি আরো বলেন, "আমরা মনেকরি নির্বাচনের আগেই জরুরি অবস্থা তুলে নিতে হবে। সংলাপে শেখ হাসিনার উপস্থিতি অত্যন্ত গুরুত্বপূর্ণ। শেখ হাসিনাকে ছাড়া সংলাপ অর্থবহ হবে না - এ প্রসঙ্গে আওয়ামী লীগ ও ওয়ার্কার্স পার্টি একমত হয়েছে।"
শেখ হাসিনাকে নিয়ে সংলাপে যাওয়ার বিষয়ে আওয়ামী লীগের অনড় অবস্থানের সঙ্গে একাত্মতা পোষণ করে রাশেদ খান মেনন বলেন, "নির্বাচনের আগে জরুরি অবস্থাসহ রাজনীতির ওপর থেকে সব ধরণের নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে।"
বৈঠকে জিল্লুর রহমান ছাড়াও আওয়ামী লীগ নেতাদের মধ্যে আমীর হোসেন আমু, আব্দুর রাজ্জাক, তোফায়েল আহমেদ, সুরঞ্জিত সেন গুপ্ত, মতিয়া চৌধুরী ও সৈয়দ আশরাফ হোসেন এবং ওয়ার্কার্স পার্টির নেতাদের মধ্যে রাশেদ খান মেনন, বিমল বিশ্বাস, হায়দার আকবর খান রনো, ফজলে হোসেন বাদশা ও কামরুল আহসান উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/আরএ/এমএ/১৫২৫ ঘ.
bdnews24