ঢাকা মে ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গ্যাটকো মামলার পরোয়ানাভুক্ত আসামি জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার রাত ১১টার দিকে পুলিশ নিজামীকে তার মগবাজারের বাড়ি থেকে গ্রেপ্তার করে ক্যান্টনমেন্ট থানায় নিয়ে যায়।
পুলিশের রমনা জোনের উপকমিশনার আতিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "মতিউর রহমান নিজামীকে ক্যান্টনমেন্ট থানায় রাখা হয়েছে।"
প্রায় একই সময়ে এলিফ্যান্ট রোডে এম কে আনোয়ারের বাড়িতে অভিযান চালায় পুলিশের আরেকটি দল। তবে সাবেক এ মন্ত্রীকে বাসায় পাওয়া যায়নি বলে জানান রমনা জোনের সিনিয়র সহকারী পুলিশ সুপার হামিদা পারভীন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক লিটন হায়দার জানান, রাত পৌনে ১০টার দিকে রাজধানীর মগবাজারের ওয়্যারলেস গেট এলাকায় নিজামীর বাড়ির সামনে অবস্থান নেয় পুলিশ। রাত ১০টার দিকে বাড়িতে ঢুকে পড়ে তারা।
১১টার দিকে নিজামীকে বাড়ি থেকে বের করে গাড়িতে তোলা হয়। এ সময় কয়েকশ' জামায়াত-শিবির কর্মী বাড়ির সামনে রাস্তায় জড়ো হয়ে স্লোগান দিতে থাকে।
গাড়িতে ওঠার সময় জামায়াত আমির সাংবাদিকদের কাছে দাবি করেন, তিনি কোনো অন্যায় করেননি।
এরপর প্রবল বৃষ্টির মধ্যে নিজামীকে নিয়ে পুলিশের গাড়িবহর রামপুরা হয়ে ক্যান্টনমেন্ট থানার দিকে রওনা হয়।
ক্যান্টনমেন্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান রাত ১২টা ২৫ এ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "মতিউর রহমান নিজামীকে এইমাত্র থানায় নিয়ে আসা হয়েছে। রাতে তাকে এখানেই রাখা হবে।"
এদিকে এ মামলায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আরো চার আসামির বাড়িতেও রোববার রাতে অভিযান চালায় পুলিশ। তবে বাড়িতে না থাকায় তাদের কাউকে গ্রেপ্তার করা যায়নি।
এর হলেন- সাবেক সচিব জুলফিকার হায়দার চৌধুরী, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সাবেক সদস্য এ কে রশিদ উদ্দিন আহমেদ, জাহানারা আনসার আকবর, গ্যাটকোর পরিচালক শাহজাহান এম হাসিব। এছাড়া গ্যাটকোর নতুন পরিচালক এহসান ইউসুফকে গ্রেপ্তারের জন্য রওনা হলেও তার বাড়ি খুঁজে পায়নি পুলিশ।
ধানমণ্ডি, মোহাম্মদপুর, উত্তরা, ক্যান্টনমেন্ট ও খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।
সাবেক জোট সরকারের মন্ত্রী এম কে আনোয়ার, এম শামসুল ইসলাম ও মতিউর রহমান নিজামী রোববার গ্যাটকো দুর্নীতি মামলায় আগাম জামিন চেয়ে হাইকোর্টে আবেদন করলেও তাদের জামিন দেয়নি আদালত।
হাইকোর্ট নিজামীর জামিন আবেদন খারিজ করে দিলে তিনি এই আদেশের বিরুদ্ধে তাৎক্ষণিকভাবে আপিল বিভাগের চেম্বার জজের কাছে আবেদন করেন। আগামী ২০ মে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে এ আবেদনের ওপর শুনানি হবে।
এদিকে হাইকোর্ট নিজামীকে জামিন না দেওয়ায় এম কে আনোয়ার ও এম শামসুল ইসলাম তাদের আবেদন ফিরিয়ে নেন। পরে শামসুল ইসলাম আত্মসমর্পণ করলে আদালতের আদেশে তাকে কারাগারে পাঠানো হয়।
একই মামলার আরেক আসামি সাবেক মন্ত্রী আবদুল মান্নান ভূঁইয়াও রোববার আত্মসমর্পণ করেন। তাকেও কারাগারে পাঠানো হয়েছে।
দুর্নীতির মাধ্যমে চট্টগ্রাম বন্দর ও কমলাপুরের কন্টেইনার ডিপো পরিচালনার দায়িত্ব গ্লোবাল অ্যগ্রো ট্রেড কোম্পানিকে (গ্যাটকো) দেওয়ার অভিযোগে গত বছর ২ সেপ্টেম্বর দুর্নীতি দমন কমিশন তেজগাঁও থানায় এ মামলা দায়ের করে।
কমিশন গত ১৩ মে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া, তার ছোট ছেলে আরাফাত রহমান কোকো ও মতিউর রহমান নিজামীসহ ২৫ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয়।
১৫ মে মহানগর সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. আজিজুল হক গ্যাটকো দুর্নীতি মামলায় সাবেক মন্ত্রী এম সাইফুর রহমান, আবদুল মান্নান ভূঁইয়া, মতিউর রহমান নিজামী, এম কে আনোয়ার, এম শামসুল ইসলাম ও আমীর খসরু মাহমুদ চৌধুরীসহ ১২ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি ও তাদের সম্পত্তি জব্দের আদেশ দেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এসএনডি/জেকে/এমএইচবি/০০৪০ ঘ.
bdnews24