ঢাকা, মে ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গ্যাটকো মামলায় কারাগারে পাঠানো হয়েছে বিএনপি-জামায়াত জোট সরকারের মন্ত্রী আবদুল মান্নান ভূঁইয়া ও এম শামসুল ইলামকে। রোববার আদালতে আত্মসমর্পণ করলে বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
ঢাকা মহানগর সিনিয়র বিশেষ জজ আদালতে আত্মসমর্পণের আগে বিএনপির সাবেক মহাসচিব মান্নান ভূঁইয়া সব ভেদাভেদ ভুলে দলের চেয়ারপারসন খালেদা জিয়ার নেতৃত্বে ঐক্যবদ্ধ হওয়ার জন্য নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন। বিএনপির 'সংস্কারপন্থী'দের অন্যতম শীর্ষ নেতা হিসাবে পরিচিত মান্নান ভূঁইয়া আরও জানান, দলের দুই অংশের ঐক্য প্রায় চূড়ান্ত।
দুপুরে নেতা-কর্মী ও আইনজীবী পরিবেষ্টিত হয়ে আত্মসমর্পণ করতে আদালতে আসেন মান্নান ভূঁইয়া। বিচারক মো. আজিজুল হক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। মান্নান ভূঁইয়াকে কারাগারে নেওয়ার সময় আদালত প্রাঙ্গণে বিএনপির দুই অংশের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষ বাঁধলে তা থামাতে পুলিশ লাঠিপেটা করে।
দুর্নীতি দমন কমিশনের দায়ের করা এ মামলার অন্যতম আসামি জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামী রোববার হাইকোর্টে আগাম জামিনের আবেদন করলে আদালত তা খারিজ করে দেয়।
নিজামীর সঙ্গে মামলার আসামি বিএনপি নেতা এম কে আনোয়ার, এম শামসুল ইসলামও রোববার সকালে আগাম জামিনের আলাদা আবেদন নিয়ে হাইকোর্টে যান।
বিচারপতি শেখ রেজোয়ান আলী ও বিচারপতি মো. রইস উদ্দিনের হাইকোর্ট বেঞ্চ শুনানির পর নিজামীর আবেদন নাকচ করে দেয়। জামিন চেয়ে আবেদন করা অপর দুই সাবেক মন্ত্রী এম কে আনোয়ার ও এম শামসুল ইসলাম তাদের আবেদন ফেরত নিয়ে নেন।
এরপর দুপুরে ঢাকা মহানগর বিশেষ জজ আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন শামসুল ইসলাম। বিচারক আজিজুল হক সে আবেদন নাকচ করে তাকেও কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এদিকে হাইকোর্টে জামিনের আবেদন খারিজ হওয়ার কিছুক্ষণ পরই এর বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আপিল করার অনুমতি চেয়ে আবেদন করেন মতিউর রহমান নিজামী।
হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে তাৎক্ষণিকভাবে আপিল বিভাগের চেম্বার জজের আদালতে ওই আবেদন করেন তিনি। চেম্বার জজ বিচারপতি মো. আবদুল মতিন আবেদনটির ওপর আগামী ২০ মে শুনানির জন্য আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে পাঠিয়ে দেন।
গ্যাটকো মামলায় সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া, তার ছেলে আরাফাত রহমান কোকোসহ মোট ২৫ জনের বিরুদ্ধে গত ১৩ মে অভিযোগপত্র দেন মামলার তদন্ত কর্মকর্তা জহিরুল হুদা। এর মধ্যে সাবেক নৌ পরিবহনমন্ত্রী বেঁচে না থাকায় তাকে অভিযোগ থেকে অব্যাহতি দেওয়ার সুপারিশ করা হয়।
গত বৃহস্পতিবার এম সাইফুর রহমান, মান্নান ভূঁইয়া, মতিউর রহমান নিজামী, এম কে আনোয়ার, এম শামসুল ইসলাম ও আমীর খসরু মাহমুদ চৌধুরীসহ ১২ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি ও সম্পত্তি জব্দের আদেশ দেয় ঢাকার মহানগর হাকিম আদালত। একই সঙ্গে কারাগারে থাকা সব আসামিকে আগামী ২২ মে আদালতে হাজির করার নির্দেশও দেওয়া হয়।
২০০৭ সালের ২ সেপ্টেম্বর রাতে মামলাটি দায়েরের পরদিনই খালেদা জিয়া ও কোকোকে গ্রেপ্তার করা হয়।
মান্নান ভূঁইয়ার আত্মসমর্পণ:
আদালতে আত্মসমর্পণের উদ্দেশ্যে দুপুর ৩টার দিকে নিজের গুলশানের বাসা থেকে বের হন আবদুল মান্নান ভূঁইয়া। বেলা সাড়ে ৩টায় ঢাকার সিনিয়র বিশেষ জজ আদালতে হাজির হন মান্নান ভূঁইয়া। তার পক্ষে অ্যাডভোকেট গোলাম মোস্তাফা খান আত্মসমর্পণের আবেদন আদালতে উপস্থাপন করেন।
বিচারক মো. আজিজুল হক ওই আবেদন গ্রহণ করে মান্নান ভূঁইয়াকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। আদালতের আদেশের পর বিকাল ৪টার দিকে তাকে নিয়ে আদালত থেকে একটি প্রিজন ভ্যান ঢাকা কেন্দ্রীয় কারাগারের পথে রওনা হয়। সোয়া ৪টার দিকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে ঢোকানো হয় তাকে।
মান্নান ভূঁইয়া আদালতে দুপুরে হাজির হলেও তার পক্ষে আত্মসমর্পণের আবেদন সকালেই আদালতে দাখিল করা হয়।
এ বিষয়ে তার আইনজীবী গোলাম মোস্তফা খান আদালতকে বলেন, "তিনি (মান্নান ভূঁইয়া) সকালেই আদালতে আসতেন। অসুস্থ হয়ে পড়ায় আদালতে আসতে তার দেরি হয়েছে।"
অ্যাডভোকেট মোস্তফা আরও বলেন, "জরুরি ক্ষমতা বিধিমালায় অন্তর্ভুক্ত এ মামলার জামিন দেওয়ার এখতিয়ার এ আদালতের নেই। তাই আমরা জামিন চেয়ে বিচারককে বিব্রত করব না।"
মান্নান ভূঁইয়া অসুস্থ দাবি করে তার আইনজীবীরা কারাগারে সাবেক মন্ত্রী ও প্রবীণ রাজনীতিবিদ হিসেবে তাকে প্রথম শ্রেণির বন্দির মর্যাদা ও চিকিৎসার ব্যবস্থার বিষয়ে আদালতের আদেশ প্রার্থনা করেন।
কারাগারে মর্যাদার বিষয়ে মহানগর দায়রা জজ আদালতে পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট এহসানুল হক সমাজী আদালতকে বলেন, "উচ্চ আদালতের সিদ্ধান্ত অনুযায়ী কেবল প্রথম শ্রেণির হাকিম বা অতিরিক্ত জেলা হাকিম আদেশ দিতে পারেন।"
এর বিরোধিতা করে মান্নান ভূঁইয়ার পক্ষের আইনজীবীরা বলেন, যেহেতু এ মামলায় অভিযোগপত্র দেওয়া হয়েছে এবং আদালতে বিচারের জন্য এসেছে। তাই এ আদালতই এ সংক্রান্ত আদেশ দিতে পারেন।
সাত থেকে আট মিনিট শুনানি শেষে বিচারক এজলাসে বসেই মান্নান ভূঁইয়াকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। পরে খাস কামরায় বসে তাকে কারাগারে প্রথম শ্রেণির বন্দির মর্যাদা দেওয়ার আদেশ দেন।
এজলাস থেকে মান্নান ভূঁইয়াকে কারাগারে নেওয়ার উদ্দেশ্যে প্রিজন ভ্যানে তোলার সময় বিএনপির 'দেলোয়ারপন্থী' হিসাবে কয়েকজন আইনজীবী মান্নান ভূঁইয়াকে লক্ষ করে 'দালাল' বলে গালি দেয়। ওই সময় মান্নান ভূঁইয়ার সমর্থকরা প্রতিবাদ জানালে এ নিয়ে দুই পক্ষের হাতাহাতি ও মারামারি বেঁধে যায়। তখন পুলিশ লাঠিপেটা করে দুই পক্ষকে ছত্রভঙ্গ করে দেয়।
বাসা থেকে বের হওয়ার সময় মান্নান ভূঁইয়া স্বাক্ষরিত একটি চিঠি সেখানে উপস্থিত সাংবাদিকদের মধ্যে বিলি করা হয়।
ওই চিঠিতে 'সংস্কারপন্থী'দের শীর্ষ নেতা মান্নান ভূঁইয়া সব বিভেদ ভুলে ঐক্যবদ্ধ হয়ে চেয়ারপারসন খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপিকে শক্তিশালী করতে নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানান।
এক পৃষ্ঠার ওই চিঠিতে তিনি বলেন, "বিএনপি ঐক্য এখন সময়ের ব্যাপার মাত্র। ঐক্য প্রক্রিয়া যে কোনও সময়ই সফল হবে।"
তিনি বলেন, "আমাদের নেত্রী খালেদা জিয়াসহ কারাবন্দি নেতারা শিগগিরই মুক্তি পাবেন এবং বেগম জিয়া কাউন্সিল অধিবেশনের মাধ্যমে দলের সময়োপযোগী সংস্কারও করবেন।"
দলীয় নেতা-কর্মী, শুভাকাক্সক্ষী ও দেশবাসীর সুস্বাস্থ্য ও শুভ কামনা করে বিএনপির সাবেক মহাসচিব আশা প্রকাশ করেন, "দেশের উন্নয়ন ও গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে বিএনপি ঐক্যবদ্ধ হয়ে অতীতের মতোই অগ্রণী ভূমিকা রাখবে।"
২০০৭ সালের ১১ জানুয়ারি জরুরি অবস্থা জারির পর থেকেই মান্নান ভূঁইয়ার নেতৃত্বে বিএনপির অভ্যন্তরে সংস্কারপন্থীদের একটি ধারা সুস্পষ্ট হতে থাকে। বিভিন্ন সময় সাংবাদিকদের তারা বলেন, দলে সংস্কার প্রয়োজন।
গত বছরের ২৫ জুন মান্নান ভূঁইয়া দলের অভ্যন্তরে সংস্কারে তার প্রস্তাব উত্থাপন করেন। সংবাদ সম্মেলনের মাধ্যমে দেওয়া ওই ১৫ দফা সংস্কার প্রস্তাবে বিএনপিতে চেয়ারপারসনের ক্ষমতা কমানোর কথা বলেন মান্নান ভূঁইয়া।
প্রস্তাবে বলা হয়, কাউন্সিল সদস্যদের সরাসরি ভোটে তিন বছরের জন্য দলের চেয়ারপারসন নির্বাচিত হবেন। একই ব্যক্তি দুই মেয়াদের বেশি চেয়ারপারসন পদে থাকতে পারবেন না। যিনি প্রধানমন্ত্রী হবেন তাকে চেয়ারপারসনের পদ ছাড়তে হবে। যারা ইতোমধ্যে দুই মেয়াদ বা ছয় বছরের বেশি সময় চেয়ারপারসন ছিলেন, তাদের ক্ষেত্রেও এ নিয়ম প্রযোজ্য হবে।
জরুরি অবস্থা জারির নয় মাসের মাথায় খালেদা জিয়াকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের আগে তিনি দলের মহাসচিব মান্নান ভূঁইয়াকে বহিষ্কার করেন এবং সে পদে দলের স্থায়ী কমিটির সদস্য খোন্দকার দেলোয়ার হোসেনকে মনোনয়ন দিয়ে যান।
খালেদা জিয়া গ্রেপ্তার হওয়ার পর গত ২৯ অক্টোবর রাতে দলের স্থায়ী কমিটির ১২ জন সদস্যের মধ্যে সাত জন সদস্য বৈঠকে বসেন। স্থায়ী কমিটির অন্যতম সদস্য এম সাইফুর রহমানের বাসায় অনুষ্ঠিত ওই বৈঠকে দলের ও স্থায়ী কমিটির সদস্য মান্নান ভূঁইয়ার বহিষ্কার প্রস্তাব অনুমোদন না করার সিদ্ধান্ত হয়। একই সঙ্গে সাইফুর রহমানকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং হাফিজউদ্দিনকে অস্থায়ী মহাসচিবের দায়িত্ব দেওয়া হয় ওই বৈঠকে। স্থায়ী কমিটির অন্যতম সদস্য খোন্দকার দেলোয়ার হোসেন ওই বৈঠকে ছিলেন না।
এর পর থেকেই বিএনপি দৃশ্যত দুটি ধারায় ভাগ হয়ে কার্যক্রম চালাতে থাকে। নির্বাচন কমিশনের সংলাপের অংশ নেওয়া নিয়ে দুই অংশের বিরোধের জের ধরে মামলাও হয়।
এরই মধ্যে গ্যাটকো দুর্নীতি মামলায় খালেদা জিয়ার পাশাপাশি বিএনপির 'সংস্কারপন্থী' অংশের শীর্ষনেতা সাইফুর রহমান, মান্নান ভূঁইয়াকেও আসামি করে আদালতে অভিযোগপত্র দাখিল করে দুর্নীতি দমন কমিশন ।
এর আগে গত ৭ মে সিঙ্গাপুর যাওয়ার সময় এম সাইফুর রহমান বলেন, "২৯ অক্টোবর রাতের বৈঠকে উপস্থিত দলের স্থায়ী কমিটির কয়েকজন সদস্য আদালতে হলফনামা দেওয়ায় আমার ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পদ এখন অকার্যকর।"
ওই দিন এক সময়ের বামপন্থী নেতা মান্নান ভূঁইয়াসহ বিএনপির 'সংস্কারপন্থী' বিভিন্ন নেতার সমালোচনাও করে তিনি বলেন, "তারা দল ভাঙতে জানে, গড়তে জানে না।"
হাইকোর্টে আনোয়ার, শামসুল, নিজামী:
গ্যাটকো মামলায় আগাম জামিন চেয়ে রোববার সকালে বিচারপতি শেখ রেজোয়ান আলী ও বিচারপতি মো. রইস উদ্দিনের হাইকোর্ট বেঞ্চে শুনানির জন্য আলাদা তিনটি আবেদন করেন বিএনপি নেতা এম কে আনোয়ার, এম শামসুল ইসলাম ও জামায়াত আমির মতিউর রহমান নিজামী।
মতিউর রহমান নিজামীর পক্ষে জামিনের আবেদন জমা দেন ব্যারিস্টার আব্দুর রাজ্জাক। এম কে আনোয়ার ও শামসুল ইসলামের পক্ষে অ্যাডভোকেট মাহবুবুর রহমান।
দুুপুর ২টায় নিজামীর আবেদনের ওপর শুনানি শেষে তা খারিজ করে দেয় আদালত। এর পর এম কে আনোয়ার এবং এম শামসুল ইসলাম তাদের আবেদন ফেরত নিয়ে নেন। এ দুই জন পরে হাইকোর্টের অপর একটি বেঞ্চে জামিন আবেদন করতে চাইলেও তা গ্রহণ করা হয়নি।
হাইকোর্টে তিন সাবেক মন্ত্রীর জামিনের আবেদন করার সময় বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতা-কর্মীরা ভিড় জমায় আদালতে।
এর আগে গত বৃহস্পতিবার বিচারপতি মো. মোজাম্মেল হোসেন ও বিচারপতি সৈয়দ এ বি মাহমুদুল হকের বেঞ্চ এম কে আনোয়ার ও শামসুল ইসলাম জামিনের আবেদন জানালেও তা গ্রহণ করা হয়নি।
জামিনের আবেদন গ্রহণ না করার ব্যাখ্যায় ওই আদালত জানায়, জরুরি বিধিমালার মামলায় অভিযুক্তের জামিন আবেদন উচ্চ আদালতও বিবেচনা করতে পারবে না বলে আপিল বিভাঘের একটি রায় রয়েছে। তাই এই আদালত এ জামিন আবেদনের শুনানি করতে পারবে না।
এরপর ওই দিনই বিচারপতি খোন্দকার মূসা খালেদ ও মইনুল ইসলাম চৌধুরীর হাইকোর্ট বেঞ্চে আবেদনটি জমা দেওয়া হলে তারা জানান, বৃহস্পতিবার এই আবেদন শুনানির জন্য গ্রহণ করা সম্ভব নয়।
শামসুলের আত্মসমর্পণ:
সকালে হাইকোর্টে করা আগাম জামিনের আবেদন দুপুরে তুলে নেওয়ার পর বিকাল সাড়ে ৪টার দিকে ঢাকার বিশেষ জজ আদালতে আত্মসমর্পণ করেন সাবেক মন্ত্রী এম শামসুল ইসলাম।
তার পক্ষে অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া, মাসুদ আহমেদ তালুকদার, লুৎফে আলম আত্মসমর্পণের আবেদন আদালতে উপস্থাপন করেন।
এরপর বিচারক মো. আজিজুল হক কারাগারে পাঠানোর নির্দেশ দিলে এম শামসুল ইসলামকে একটি প্রিজন ভ্যানে করে ঢাকা কেন্দ্রীয় কারাগারে নিয়ে যাওয়া হয়। বিকাল ৫টার দিকে তাকে কারাগারে ঢোকানো হয়।
আদালত শামসুল ইসলামকেও কারাগারে প্রথম শ্রেণির বন্দির মর্যাদা দেওয়ার আদেশ দেয়।
গ্যাটকো মামলা:
দুর্নীতির মাধ্যমে চট্টগ্রাম বন্দর ও কমলাপুরের কন্টেইনার ডিপো পরিচালনার দায়িত্ব গ্লোবাল অ্যাগ্রো ট্রেড কোম্পানির (গ্যাটকো) হাতে ছেড়ে দেওয়ার অভিযোগে খালেদা জিয়া ও কোকোসহ ১৩ জনের বিরুদ্ধে ২০০৭ সালের ২ সেপ্টেম্বর রাতে রাজধানীর তেজগাঁও থানায় মামলাটি দায়ের করেন দুর্নীতি দমন কমিশনের উপ-পরিচালক গোলাম শাহরিয়ার চৌধুরী।
মামলা দায়েরের সময় খালেদা জিয়া ছাড়া সাবেক কোনও মন্ত্রীকে আসামি করা হয়নি। তদন্ত শেষে গত ১৩ মে ঢাকার মহানগর হাকিমের আদালতে মামলার অভিযোগপত্র দেন দুর্নীতি দমন কমিশনের উপ-পরিচালক মোহাম্মদ জহিরুল হুদা। এতে আগের ১৩ জনের সঙ্গে জোট সরকারের নয় জন মন্ত্রীসহ মোট ২৫ জনকে আসামি করা হয়।
আসামিদের মধ্যে সাবেক নৌমন্ত্রী আকবর হোসেন মারা যাওয়ায় তাকে অব্যাহতি দেওয়ার সুপারিশ করেছেন মামলার তদন্ত কর্মকর্তা।
এরপর গত ১৫ মে মান্নান ভূঁইয়া ছাড়াও এম সাইফুর রহমান, মতিউর রহমান নিজামী, এম কে আনোয়ার, এম শামসুল ইসলাম ও আমীর খসরু মাহমুদ চৌধুরীসহ ১১ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি ও সম্পত্তি জব্দের আদেশ দেয় ঢাকার মহানগর হাকিম আদালত। একই সঙ্গে কারাগারে থাকা সব আসামিকে আগামী ২২ মে আদালতে হাজির করার নির্দেশও দেওয়া হয়।
অভিযোগপত্রে বলা হয়, আসামিরা ক্ষমতার অপব্যবহার করে চট্টগ্রাম বন্দর ও কমলাপুরের কন্টেইনার ডিপো পরিচালনার দায়িত্ব গ্লোাবাল অ্যাগ্রো ট্রেড কোম্পানির (গ্যাটকো) হাতে ছেড়ে দেন। এতে রাষ্ট্রের প্রায় ১৫ কোটি টাকা ক্ষতি হয়েছে। এছাড়া সাবেক নৌ-পরিবহনমন্ত্রী আকবর হোসেনের ছেলে ইসমাইল হোসেন সায়মন ও কোকো ঠিকাদারের কাছ থেকে দুই কোটি ১৯ লাখ টাকারও বেশি আর্থিক সুবিধা নিয়েছেন।
গ্যাটকো মামলার আসামিরা:
গ্যাটকো মামলায় খালেদা জিয়াসহ তার মন্ত্রিসভার আসামিদের মধ্যে রয়েছেন- এম সাইফুর রহমান, মান্নান ভূঁইয়া, খন্দকার মোশাররফ হোসেন, এম শামসুল ইসলাম, এম কে আনোয়ার, আমীর খসরু মাহমুদ চৌধুরী, এ কে এম মোশাররফ হোসেন, মতিউর রহমান নিজামী, আকবর হোসেন।
এদের মধ্যে খন্দকার মোশাররফ হোসেন, এ কে এম মোশাররফ হোসেন অন্য মামলায় আগে থেকেই কারাগারে রয়েছেন।
অপর আসামিরা হলেন- খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকো, সাবেক নৌ-পরিবহন সচিব জুলফিকার হায়দার চৌধুরী, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের দুই সাবেক চেয়ারম্যান কমোডর জুলফিকার আলী পিএসসি ও এএনএম শাহাদত হোসেন, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সাবেক পরিচালক (পরিবহন) এ এম সানওয়ার হোসেন, বন্দরের প্রধান অর্থ ও হিসাবরক্ষণ কর্মকর্তা আহমদ আবুল কাশেম, বন্দরের সাবেক সদস্য লুৎফুল কবীর, এ কে রশিদ উদ্দিন আহমেদ, সাবেক নৌ-পরিবহনমন্ত্রী আকবর হোসেনের ছেলে ইসমাইল হোসেন সায়মন, গ্যাটকোর পরিচালক সৈয়দ গালিব আহমেদ, সৈয়দ তানভির আহমেদ, এ কে এম মুসা কাজল, এহসান ইউসুফ, শাহজাহান এ হাসিব এবং নিউ ডিওএইচএস-এর বাসিন্দা জাহানারা আনসার।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এটি/এলএইচ/এসএম/এমআই/এমএইচবি/১৯৫৪ ঘ.
bdnews24