ঢাকা, মে ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) -- সংলাপের আমন্ত্রণ জানিয়ে তত্ত্বাবধায়ক সরকারের চিঠি পেয়েছে আওয়ামী লীগ।
আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম এই চিঠি পাওয়ার বিষয়টি স্বীকার করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছেন, রোববার সকাল দশটার পর শেরে-বাংলা নগরস্থ ন্যাম ভবনে তার ফ্ল্যাটে চিঠি পৌঁছে দেওয়া হয়েছে।
তিনি জানান, আওয়ামী লীগের পক্ষ থেকে যারা সংলাপে অংশ নেবেন এমন পাঁচ থেকে সাতজন নেতার নাম, ঠিকানা এবং টেলিফোন নম্বর দেওয়ার জন্য চিঠিতে অনুরোধ করা হয়েছে। তবে কোথায় ও কাদের সঙ্গে সংলাপ হবে সে বিষয়টি চিঠিতে উল্লেখ করা হয়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এসকে/১৯০৭ঘ.
bdnews24