২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাইকোর্টে জামিন খারিজের বিরুদ্ধে আপিল বিভাগে গেলেন নিজামী

গ্যাটকো দুর্নীতি মামলায় জামায়াতে ইসলামীর আমীর মতিউর রহমান নিজামীর আগাম জামিনের আবেদন হাইকোর্ট রোববার খারিজ করে দিয়েছে। নিজামী হাইকোর্টের এই আদেশের বিরুদ্ধে তাৎক্ষণিকভাবে সুপ্রিম কোর্টে আপিলের আবেদন করেছেন। আগামী ২০ মে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে এ আবেদনের ওপর শুনানি হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 May 2008, 12:30 PM

Updated : 26 Aug 2022, 01:51 PM

ঢাকা, মে ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গ্যাটকো দুর্নীতি মামলায় জামায়াতে ইসলামীর আমীর মতিউর রহমান নিজামীর আগাম জামিনের আবেদন হাইকোর্ট রোববার খারিজ করে দিয়েছে। নিজামী হাইকোর্টের এই আদেশের বিরুদ্ধে তাৎক্ষণিকভাবে সুপ্রিম কোর্টে আপিলের আবেদন করেছেন। আগামী ২০ মে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে এ আবেদনের ওপর শুনানি হবে। সকাল সাড়ে ১০টায় মতিউর রহমান নিজামীর আইনজীবী ব্যারিস্টার আবদুর রাজ্জাক হাইকোর্টে আগাম জামিনের আবেদন জমা দেন। দুপুর দেড়টায় নিজামী হাইকোর্টে আসেন। এ সময় দলটির সেক্রেটারি জেনারেল আলী আহসান মুজাহিদ, জামায়াত নেতা দেলোয়ার হোসেন সাঈদী, কাদের মোল্লা ও এম কামারুজ্জামান তার সঙ্গে ছিলেন। দুপুর দুইটা ১০ মিনিটে নিজামীর আবেদনের ওপর শুনানি শুরু হয়। নিজামীর আগাম জামিন মঞ্জুরের আবেদন জানিয়ে শুনানিতে ব্যারিস্টার রাজ্জাক বলেন, অভিযোগপত্র দেয়া ও গ্রেপ্তারি পরোয়ানা জারির পরও আসামিকে জামিন দেয়ার নজীর আছে। এর জবাবে আদালত বলেন, যেহেতু অভিযোগপত্র দেয়া হয়ে গেছে, সেহেতু নিম্ন আদালতে আত্মসমর্পণ করে সেখানে জামিন আবেদন করতে হবে। এই আদালতের জামিন দেয়ার এখতিয়ার নেই। ব্যারিস্টার রাজ্জাক বলেন, এই মামলা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। এজাহারে নিজামীর নাম ছিল না। অভিযোগপত্রে তার নাম অন্তর্ভুক্ত করা হয়। আমাদের হাত-পা বাঁধা। আপনারা জামিন দিতে পারবেন কী না সে বিষয়ে একটি আদেশ দিন। এরপর আদালত আবেদনটি খারিজ করে দেয়। হাইকোর্ট নিজামীর আবেদন খারিজ করার পর তিনি তাৎক্ষণিকভাবে সেই আদেশের বিরুদ্ধে আপিল বিভাগের চেম্বার বিচারপতির কাছে আবেদন করেন। চেম্বার বিচারপতি মো. আবদুল মতিন আবেদনটি গ্রহণ না করে আগামী ২০ মে এ বিষয়ে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানির জন্য তারিখ ধার্য করে দেন। পরে ব্যরিস্টার আবদুর রাজ্জাক সাংবাদিকদের বলেন, হাইকোর্টের আজকের আদেশ ভুল। তারপরও আমরা আদালতের সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধাশীল। আশা করি, আপিল বিভাগে সুবিচার পাব। আদালতের প্রতি সম্মান দেখিয়ে আগামী ২০ মে পর্যন্ত পুলিশ নিজামীকে গ্রেপ্তার করবে না বলেও আশা প্রকাশ করেন তিনি। গ্যাটকো দুর্নীতি মামলার অপর দুই আসামি সাবেক মন্ত্রী এম কে আনোয়ার ও এম শামসুল ইসলামও এদিন হাইকোর্টে আগাম জামিনের আবেদন করেন। কিন্তু আদালত তাদের জামিন দিতে রাজি না হলে আইনজীবীরা আবেদন দুটি ফিরিয়ে নেন। পরে শামসুল ইসলাম আত্মসমর্পণ করলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়। একই মামলার আরেক আসামি সাবেক মন্ত্রী আবদুল মান্নান ভূঁইয়াও রোববার আত্মসমর্পণ করেন। আদালতের নির্দেশে তাকেও কারাগারে পাঠানো হয়েছে। দুর্নীতির মাধ্যমে চট্টগ্রাম বন্দর ও কমলাপুরের কন্টেইনার ডিপো পরিচালনার দায়িত্ব গ্লোবাল অ্যগ্রো ট্রেড কোম্পানিকে (গ্যাটকো) দেওয়ার অভিযোগে গত বছর ২ সেপ্টেম্বর দুর্নীতি দমন কমিশন তেজগাঁও থানায় মামলাটি দায়ের করে। কমিশন গত ১৩ মে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া, তার ছোট ছেলে আরাফাত রহমান কোকো ও মতিউর রহমান নিজামীসহ ২৫ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয়। ১৫ মে মহানগর সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. আজিজুল হক গ্যাটকো দুর্নীতি মামলায় সাবেক মন্ত্রী এম সাইফুর রহমান, আবদুল মান্নান ভূঁইয়া, মতিউর রহমান নিজামী, এম কে আনোয়ার, এম শামসুল ইসলাম ও আমীর খসরু মাহমুদ চৌধুরীসহ ১২ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি ও তাদের সম্পত্তি জব্দের আদেশ দেন। আগামী ২২ মে আসামীদের গ্রেপ্তার সংক্রান্ত প্রতিবেদন আদালতে জমা দেওয়ারও নির্দেশ দেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/জেকে/১৮২২ ঘ.