ঢাকা, মে ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আগস্টের শেষভাগে বা সেপ্টেম্বরের শুরুতে ঢাকা সিটি করপোরেশন নির্বাচন করার কথা ভাবছে নির্বাচন কমিশন। এরআগে জুলাইয়ের মাঝামাঝিতে রাজশাহী, খুলনা, বরিশাল ও সিলেট সিটি করপোরেশনসহ ৯টি পৌরসভায় নির্বাচন হতে পারে।
রোববার দুপুরে নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন কমিশন কার্যালয়ে সাংবাদিকদের এ তথ্য দেন।
তিনি বলেন, "আগস্টের শেষে অথবা সেপ্টেম্বরের শুরুতে ঢাকা সিটি করপোরেশন নির্বাচন করার কথা ভাবছি। এ ছাড়া জুলাইয়ের মাঝামাঝিতে করা হবে রাজশাহী, খুলনা, বরিশাল ও সিলেট সিটি করপোরেশনসহ ৯টি পৌরসভার নির্বাচন।"
নির্বাচনের প্রস্তুতি সম্পর্কে এম সাখাওয়াত হোসেন বলেন, "এসব সিটি করপোরেশন ও পৌরসভার চূড়ান্ত ভোটার তালিকা তৈরি হয়ে আছে। এ ছাড়া স্থানীয় সরকারের সিটি করপোরেশন ও পৌরসভা অধ্যাদেশ-২০০৮ গেজেট আকারে প্রকাশের অপেক্ষায় রয়েছে।"
স্থানীয় সরকারের এ অধ্যাদেশ হাতে পেলে জুনের প্রথম সপ্তাহে সিটি ও পৌরসভার নির্বাচন তফসিল ঘোষণা করা হতে পারে বলে জানান তিনি।
ঢাকা সিটি করপোরেশনে ভোটার নিবন্ধন প্রক্রিয়া শেষ হয়েছে জানিয়ে সাখাওয়াত হোসেন বলেন, "চলতি মে মাসের শেষের দিকে খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে। এর পর পরই ভোটাররা নিজেদের আপত্তি-দাবি ও সংশোধনের সুযোগ পাবেন।"
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ঢাকা সিটি করপোরেশন এলাকা অন্যান্য সিটির তুলনায় আয়তনে বড় বলে এখানে আলাদা নির্বাচন করা হবে।
সিটি ও স্থানীয় নির্বাচনকে কমিশন জাতীয় নির্বাচনের পরীক্ষামূলক কার্যক্রম হিসেবে নিয়েছে বলে জানান তিনি।
সারাদেশে ভোটার তালিকা প্রণয়নের ব্যাপারে সাখাওয়াত হোসেন বলেন, "অক্টোবরের আগেই ভোটার তালিকা চূড়ান্ত করা হবে। আমরা নির্বাচনের প্রস্তুতিমূলক কার্যক্রমও এগিয়ে নিচ্ছি। ইতোমধ্যে প্রিসাইডিং অফিসার ও ভোটকেন্দ্রের তালিকা কমিশনে পাঠানোর জন্য জেলা পর্যায়ে নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়া অক্টোবরের মধ্যে দুই লাখ স্বচ্ছ ব্যালট বাক্স হাতে পাওয়া যাবে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এএল/এসএনডি/এমএ/১৬২৫ ঘ.
bdnews24