ঢাকা, মে ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গ্যাটকো দুনীতি মামলায় কারাগারে যাওয়ার আগে বিএনপিকে ঐক্যবদ্ধ করার আহ্বান জানালেন দলের সাবেক মহাসচিব আবদুল মান্নান ভূঁইয়া। রোববার আদালতে আত্মসমর্পণের কিছু আগে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের রাজনৈতিক প্রতিবেদক সুমন মাহমুদকে তিনি বলেন, "আর বিভক্তি নয়, ঐক্য প্রক্রিয়া এখন চূড়ান্তপ্রায়। দলের ঐক্য হয়ে যাবে।"
গ্যাটকো মামলার অভিযোগপত্রে সাবেক সরকারের ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সদস্য হিসেবে তিনি ছাড়াও সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমান, সাবেক তথ্যমন্ত্রী এম শামসুল ইসলাম, কৃষিমন্ত্রী এম কে আনোয়ার, শিল্পমন্ত্রী মতিউর রহমান নিজামী ও বাণিজ্যমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরীকে অভিযুক্ত করা হয়। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া এ মামলায় গ্রেপ্তার হয়ে কারাবন্দি আছেন।
প্রশ্ন: দলের ঐক্য প্রক্রিয়ার অগ্রগতি ও ভবিষ্যৎ সর্ম্পকে আপনার মতামত কী?
মান্নান ভূঁইয়া: বিএনপিতে ঐক্যের কোনো বিকল্প নেই। আমি সব সময় বলে আসছি, এই ঐক্য হবেই। এটা কেবল সময়ের ব্যাপার। দলের নেতা-কর্মীদের প্রতি আমার অগাধ আস্থা রয়েছে, আমি বিশ্বাস করি- সব ভুল বোঝাবুঝির অবসান হবে। বিএনপি ঐক্যবদ্ধ হয়ে যাবে। আমরা সবাই খালেদা জিয়ার নেতৃত্বে ঐক্যবদ্ধ আছি, থাকব। দলের ঐক্য প্রক্রিয়া এখন চূড়ান্তপ্রায়।
প্রশ্ন: ঐক্য হলে দলে আপনার অবস্থান কী হবে?
মান্নান ভূঁইয়া: এটা আমার নেত্রীর বিষয়। আমি বিএনপির আর্দশে বিশ্বাসী। স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত এ দলে তার আর্দশে অনুপ্রাণিত হয়ে যোগ দিয়েছি। শহীদ জিয়ার মৃত্যুর পর খালেদা জিয়া তার দক্ষ নেতৃত্বের মাধ্যমে বিএনপিকে দেশের সবচেয়ে জনপ্রিয় দলে প্রতিষ্ঠিত করেছেন। দীর্ঘ ১১ বছর আমি খালেদা জিয়ার নেতৃত্বে দলের মহাসচিব পদে ছিলাম। দলের নেতা-কর্মীদের নিয়ে একসঙ্গে কাজ করেছি। চাওয়া-পাওয়ার জন্য দল করিনি। আমি নিজের কথা ভাবছি না। আমি চাই, বিএনপি ঐক্যবদ্ধ হোক। কারণ জাতীয়তাবাদী শক্তির ঐক্যের প্রতীক বিএনপি। এ দল দ্বিধা-বিভক্ত থাকলে দেশ ও দেশের মানুষের ভবিষ্যৎ, সার্বভৌমত্ব ও স্বাধীনতা হুমকি, অনিশ্চয়তা ও অস্থিরতার মধ্যে পড়বে। এ থেকে উত্তরণ ঘটাতে হলে বিএনপিকে এক করা ছাড়া কোনো বিকল্প পথ নেই।
আর আমি সারাজীবন রাজনীতি করেছি, দেশ ও মানুষের জন্য। আমার ব্যক্তিগত জীবনও সেভাবে চলেছে। তাই কখনোই পদ-পদবি বা নিজের চাওয়া-পাওয়ার হিসাব-নিকাশ করিনি।
প্রশ্ন: দলের চেয়ারপারসনের মুক্তি বিষয়ে আপনার বক্তব্য কী ?
মান্নান ভূঁইয়া: অবশ্যই আমি আমার নেত্রী খালেদা জিয়ার মুক্তি চাই। কেবল তাই নয়, দলের সব নেতা ও কর্মী যারা কারাগারে বন্দি রয়েছেন, তাদের সবার মুক্তি চাই। আমি বিশ্বাস করি, নেত্রীসহ সবাই শিগগিরই মুক্তি পাবেন।
প্রশ্ন: দলের চেয়ারপারসন খালেদা জিয়া আপনাকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বহিষ্কার করেছেন। এ ব্যাপারে আপনার অভিমত কী ?
মান্নান ভূঁইয়া: আমি মনে করি এটা আমার প্রতি অন্যায় করা হয়েছে। আমি এ দলের জন্য নিজের শ্রম ও মেধা দিয়ে নেতা-কর্মীদের নিয়ে নিরলসভাবে কাজ করেছি। দলের শৃঙ্খলা ভঙ্গ করার মতো কোনো কাজ আমি করিনি। আমি দলের আর্দশকে সমুন্নত রেখে কাজ করেছি।
প্রশ্ন: আপনি কী মনে করেন, ১/১১ পট পরিবর্তনে বিএনপির নেতৃত্বের ওপর যে বিপর্যয় এসেছে, দল ঐক্যবদ্ধ হলে তা অতিক্রম করতে পারবে?
মান্নান ভূঁইয়া: আমি বিশ্বাস করি, বাংলাদেশের ভূ-রাজনৈতিক প্রেক্ষাপটে জাতীয়তাবাদী শক্তির নেতৃত্ব হিসেবে বিএনপির একটি শক্তিশালী গুরুত্বপূর্ণ অবস্থান রয়েছে। দল ঐক্যবদ্ধ থাকলে যত দুর্যোগ ও বিপদ আসুক না কেনো- সেই সঙ্কট কেটে যাবেই। অতীতে এরকম অনেক পরীক্ষায় বিএনপি উত্তীর্ণ হয়েছে। এক্ষেত্রে স্বৈরাচারবিরোধী ও গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে বিএনপি'র অগ্রসর ভূমিকার কথা দেশের মানুষ জানে। সেই সব আন্দোলনে খালেদা জিয়াই নেতৃত্ব দিয়েছেন।
প্রশ্ন: গ্যাটকো মামলাটি কি রাজনৈতিক ও হয়রানিমূলক?
মান্নান ভূঁইয়া: মামলার অভিযোগপত্র দেওয়া হয়েছে। এ পর্যায়ে কোনো মন্তব্য করা সাব জুডিস হতে পারে। তবে আমি বলব, সরকারের নির্বাহী পদে আমরা যারা দায়িত্বপালন করেছি, সেখানে সিদ্ধান্তগুলো সরকারের বিভিন্ন স্তর অতিক্রম করে আমাদের কাছে আসে। প্রশাসনিক স্তরগুলোতে এর সম্ভাব্যতা যাচাই-বাছাই করে সব সিদ্ধান্তের সুপারিশ তৈরি হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/জিএনএ/১৫৫৭ ঘ.
bdnews24